Cooch Behar: পজিটিভ থেকে আচমকা নেগেটিভ! এক নিমেষে মিলিয়ে গেল কণিকার মাতৃত্বকালীন হাসি | Pregnant on Government Record, Negative on Ultrasound: Test Mix Up Sparks Row in Haldibari
কনিকা Image Credit: TV9 Bangla
কোচবিহার: সরকারি খাতায় তিনি গর্ভবতী, পেয়েছেন মাতৃত্বকালীন কার্ড ও যাবতীয় সরকারি সুযোগ-সুবিধাও। অথচ তিন মাস পর আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষায় দেখা গেল, তিনি আদৌ গর্ভবতী নন! এমনই নজিরবিহীন চিকিৎসা বিভ্রাটের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়িতে। সরকারি হাসপাতালে প্রেগন্যান্সি কিট বিভ্রাট নাকি রিপোর্ট তৈরিতে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিবাড়ি ব্লকের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৪২ বছর বয়সি কনিকা বণিক সরকার ও তাঁর স্বামী মহাদেব বণিক নিঃসন্তান দম্পতি। পেশায় সবজি বিক্রেতা মহাদেববাবুর স্ত্রী চলতি বছরের জুলাই মাসে ঋতুচক্র বন্ধ হয়ে যাওয়ায় হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে যান। সেখানে প্রেগন্যান্সি টেস্টের পর চিকিৎসকেরা জানান, তিনি গর্ভবতী। দীর্ঘদিনের অপেক্ষার পর এই খবরে খুশির হাওয়া বয়ে যায় পরিবারে। এরপর হলদিবাড়ি পুরসভার হেলথ সাব-সেন্টারে নাম নথিভুক্ত করে তাঁকে সরকারি মাতৃত্বকালীন কার্ডও দেওয়া হয় এবং তিনি প্রসূতিদের প্রাপ্য সরকারি সুবিধা পেতে শুরু করেন।
কিন্তু বিপত্তি বাধে তিন মাস পর। নিয়ম অনুযায়ী আল্ট্রাসোনোগ্রাফি (ইউএসজি) করানোর প্রয়োজন হলে গ্রামীণ হাসপাতালে সেই পরিকাঠামো না থাকায় দম্পতি একটি বেসরকারি ক্লিনিকে পরীক্ষা করান। সেই রিপোর্টে দেখা যায়, কনিকা দেবী গর্ভবতী নন। রিপোর্ট দেখে হতবাক হয়ে তাঁরা মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল ও বেসরকারি স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেন। চিকিৎসকদের পরামর্শে দ্বিতীয়বার আল্ট্রাসোনোগ্রাফি করানো হলেও রিপোর্ট ফের নেগেটিভ আসে। সরকারি হাসপাতালের ইউরিন টেস্ট রিপোর্ট পজিটিভ অথচ পরপর দু’বার ইউএসজি রিপোর্ট নেগেটিভ আসায় চরম হতাশ ও মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই নিঃসন্তান দম্পতি।
এ প্রসঙ্গে হলদিবাড়ি হাসপাতালের হেলথ অফিসার ডাঃ মহম্মদ সমসাগস জানান, যে কিট দিয়ে প্রেগন্যান্সি পরীক্ষা করা হয়েছিল, সেটিতে কোনও ত্রুটি থাকলে এমন বিভ্রাট হতে পারে। অন্যদিকে, বিষয়টি নিয়ে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাঃ তাপস কুমার দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। সরকারি স্বাস্থ্যকেন্দ্রের এই চরম বিভ্রান্তির নেপথ্যে কার গাফিলতি রয়েছে, তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।