Bigg Boss Bangla: 'ভালোবাসি, নিশ্চয়ই ভালোবাসি...' জীতুকে নিয়ে বিগ বসের কাছে কী স্বীকারোক্তি করলেন সৃজলা? | Jeetu Kamal Gets Upset After Srijla Guha Rejects Proposal in Bigg Boss Bangla - 24 Ghanta Bangla News
Home

Bigg Boss Bangla: ‘ভালোবাসি, নিশ্চয়ই ভালোবাসি…’ জীতুকে নিয়ে বিগ বসের কাছে কী স্বীকারোক্তি করলেন সৃজলা? | Jeetu Kamal Gets Upset After Srijla Guha Rejects Proposal in Bigg Boss Bangla

Spread the love

Bigg Boss Bangla: 'ভালোবাসি, নিশ্চয়ই ভালোবাসি...' জীতুকে নিয়ে বিগ বসের কাছে কী স্বীকারোক্তি করলেন সৃজলা?

কী ঘটেছে বিগ বসের ঘরে?

বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র অন্দরমহলে এখন শুধুই প্রেম, অভিমান আর চোখের জলের গল্প। জীতু কমল (Jeetu Kamal) আর সৃজলা গুহ (Srijla Guha)-র সমীকরণ যেন রোজ নতুন মোড় নিচ্ছে। গত কয়েকদিন ধরেই সৃজলাকে মনের কথা বলে চলেছেন জীতু। কিন্তু নায়িকার মন কিছুতেই গলছে না। জীতুর প্রেম প্রস্তাব বারবার ফিরিয়ে দিয়েছেন তিনি। এমনকী জীতু তো এও বলে বসেছিলেন, সৃজলার সঙ্গে তাঁর বর্তমান প্রেমিকের সম্পর্ক নাকি বেশিদিন টিকবে না! তবুও সৃজলা নিজের অবস্থানে অনড়। আর তাতেই এবার চরম গোঁসা হল জীতুর।

অভিমানে খাওয়া বন্ধ জীতুর, কেঁদে ভাসালেন সৃজলা

সকাল হতেই এক অন্য মেজাজে দেখা গেল জীতুকে। রাগ আর অভিমানে সোজা ঘরের মেঝেতেই শুয়ে পড়লেন অভিনেতা। মুখে তুললেন না দানাপানি, কারও সঙ্গে একটা কথাও বললেন না। প্রিয় মানুষের এমন অবস্থা দেখে আর নিজেকে সামলাতে পারলেন না সৃজলা। হাউমাউ করে কেঁদে ফেলে জীতুকে বললেন, “পারব ছাড়া তোমাকে? পারব না। এত স্ট্রং আমি না। এই বাড়িতে যতটুকু ভালো আছি, তোমার জন্য।”

সৃজলার কান্নাতেও মন গলল না, কী বললেন জীতু?

সৃজলার চোখের জল দেখেও কিন্তু বরফ গলল না জীতুর। উল্টে বেশ অভিমানের সুরেই খোঁচা দিয়ে বললেন, “মানুষ তো গরু, ছাগলকেও আদর করে। কিন্তু ঘরে ঢোকায় না। কখন তোমার প্রায়োরিটি পাল্টাচ্ছে বুঝি না। সকালে এক বিকেলে এক।” জীতুর কথা শুনে সৃজলা বোঝানোর চেষ্টা করলেন, “প্রথম থেকে শেষ প্রায়োরিটি তুমি।” কিন্তু জীতু নাছোড়বান্দা। সাফ জানিয়ে দিলেন, “তোমায় একটা চরম সিদ্ধান্ত নিতে হবে।” অসহায় সৃজলা জানতে চাইলেন, “কী করা যেতে পারে বলো? কী করব?” জবাবে জীতু বললেন, “অনেক বলেছি। নিজের অধিকারের বাইরে গিয়ে বলেছি। আর কোনও সলিউশন দেখতে পাচ্ছি না। তোমার মনের অবস্থাকে সম্মান করা উচিত আমার।”

কনফেশন রুমে সৃজলার স্বীকারোক্তি, কী বুদ্ধি দিলেন বিগ বস?

বাইরে জীতুর এমন আচরণে রীতিমতো দিশেহারা হয়ে সোজা কনফেশন রুমে ছুটে যান সৃজলা। বিগ বসের সামনে বসে মনের সব জমে থাকা কথা উজাড় করে দেন। জীতুর প্রতি ঠিক কী অনুভূতি কাজ করে, তা স্পষ্ট করে অভিনেত্রী বলেন, “ভালোবাসি, নিশ্চয়ই ভালোবাসি, কিন্তু বন্ধু হিসেবে। কেয়ার করি।” এরপরই নাম না করে নিজের বর্তমান প্রেমিকের প্রসঙ্গ টানেন সৃজলা। জানান, “বাইরে একজন আছে, যার সঙ্গে অনেক সমস্যা। আমি জানি না সে থাকবে কি না, বা আমি থাকব কি না। কিন্তু এখন আমি এই মানুষটাকে কোনও ভুয়ো আশা দিতে চাই না।” সৃজলা মানছেন, জীতু তাঁকে পাগলের মতো ভালোবাসেন। কিন্তু সেই ভালোবাসা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তাঁর নেই। আবার মুখের ওপর সরাসরি ‘না’ বললে জীতু যদি নিজের কোনও ক্ষতি করে বসেন, সেই ভয়ও কুঁকড়ে দিচ্ছে তাঁকে। সবটা মন দিয়ে শুনে বিগ বস সাফ জানিয়ে দিলেন, কারও ব্যক্তিগত জীবনে তিনি নাক গলাবেন না। তবে হ্যাঁ, সারাক্ষণ জীতুর পিছনে না ঘুরে ঘরের বাকি সদস্যদের সঙ্গেও বন্ধুত্ব পাতানোর দারুণ এক টিপস সৃজলাকে দিয়েছেন বিগ বস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *