Bigg Boss Bangla: খেলার মাঝেই চোখে গুরুতর আঘাত পেলেন তনুশ্রী, বিগ বস-এর বাড়িতে হুলুস্থুল কাণ্ড
বিগ বস-এর ঘর মানেই সেখানে প্রতিনিয়ত কিছু না কিছু কাণ্ড তো ঘটবেই। তা ভালোই হোক অথবা মন্দ। সম্প্রতি শেষ হয়েছে বিগ বস বাংলা সিজ়ন ৩-এর শেষ নমিনেশন প্রক্রিয়া। মতবিরোধ, ঝগড়া, মান-অভিমান নিয়েই প্রতিযোগীরা এগিয়ে চলেছেন ফাইনালের দিকে। কিন্তু এ বার বিগ বস-এর ঘরে ঘটল বিপদ। আনন্দের মধ্যেই আচমকা বদলে গেল বাড়ির পরিবেশ।
ইতিমধ্যেই সামনে এসেছে বিগ বস-এর নতুন প্রোমো। সেখানে দেখা গিয়েছে প্রতিযোগীদের এ বার দেওয়া হয়েছে ফুটবল খেলার টাস্ক। সেখানে ছেলে ও মেয়েদের দল ভাগ করে দেওয়া হয়েছে। ওই দুই দলের মধ্যেই হবে খেলা। যা শুনে বাড়ির সদস্যদের মধ্যেও বেশ উত্তেজনা দেখা যায়। কিন্তু ওই আনন্দই যেন কাল হলো। প্রথম থেকে বেশ মজার ছলেই খেলা শুরু করেন সকলকে। তবে বিগ বসের ঘরে টাস্ক হবে, অথচ কোনও কাণ্ড ঘটবে না… এমনটা একেবারেই বিরল। ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে খেলতে থাকে মেয়েদেরও টিমও।
প্রোমোতে দেখা গিয়েছে, খেলতে খেলতেই আচমকা জিতু কামালের পায়ে বল লেগে সেটা সোজা চলে যায় তনুশ্রী রায় দাসের চোখে। গুরুতর আঘাত পান তনুশ্রী। তাঁর চোখে বল লাগতেই সঙ্গে সঙ্গে সকলে ছুটে এসে তাঁকে জল দিতে শুরু করেন। তবে তনুশ্রীর চোখের আঘাত কতটা গুরুতর, তা জানা যাবে আজকের এপিসোডে।
বিগ বসের খেলা এখন এগিয়ে চলেছে ফাইনালের দিকে। যত দিন যাচ্ছে অংশগ্রহণকারীদের সম্পর্কের জটিলতা, তর্ক-বিতর্কের মধ্যে দিয়ে খেলা ততই জমে উঠছে। তার সঙ্গে আরও কঠিন হয়ে উঠছে টিকে থাকার লড়াই। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার তালিকায় রয়েছেন রাজবীর দে, সৃজলা গুহ, নিরঞ্জন মণ্ডল এবং তনুশ্রী। ফাইনালের আগে শেষমেশ কাকে বেরিয়ে যেতে হবে, তা নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। সেরা ৫-কে নিয়ে খেলা হবে ফাইনালে। তবে এখন প্রশ্ন বিগ বসের ফাইনালে থাকবেন কারা? উত্তরের অপেক্ষায় ৬ ডিসেম্বরের দিকে তাকিয়ে দর্শক ও অনুরাগীরা।