‘হাসিনার কোনও ক্ষতি হলে দায় তারেক সরকারের’, বাংলাদেশকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন কর্তার

ওয়াশিংটন: আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে এবার আন্তর্জাতিক মহলেও চড়ছে পারদ। হাসিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে কড়া হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তা মাইকেল রুবিন। নিউইয়র্কে ‘বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দেশে ফেরার পর শেখ হাসিনার কোনো ক্ষতি হলে তার জন্য তারেক রহমান সরকার এককভাবে দায়ী থাকবে। একইসঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম আপস না করে ভারতকে কঠোর অবস্থানে থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।
২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পেন্টাগনে কর্মরত থাকা মাইকেল রুবিন বলেন, ‘‘প্রধানমন্ত্রী (তারেক) রহমান এবং অন্যদের এখনই আগাম জানিয়ে দেওয়ার সময় এসেছে যে, শেখ হাসিনার মাথার একটি চুলও যদি স্পর্শ করা হয়, তবে তার জন্য কেবল তাঁরাই দায়ী থাকবেন।’’ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং অন্যান্য বিদেশি দূতাবাসের প্রতিনিধিদেরও বাংলাদেশ সরকারের কাছে এই একই বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের অগাস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা এই সেমিনারে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হাসিনার প্রত্যাবর্তন ঘিরে বিতর্ক ও টানাপোড়েন
আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা ঘোষণা করেছেন শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে বিএনপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন এবং হাসিনার দেশে ফেরার পথে বাধা তৈরির অভিযোগ তুলছেন। অন্যদিকে, ২০২৪-এর আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে দেশে ফিরলেই গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে ঢাকা।
হাসিনা ইতিমধ্যেই পাসপোর্টের জন্য আবেদন জানিয়েছেন এবং তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য জাতীয় বিমান সংস্থার ফ্লাইটের ব্যবস্থা করতে সরকারের কাছে আর্জি জানিয়েছেন। কিন্তু বাংলাদেশ সরকার প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া তাঁকে ফিরতে দিতে নারাজ। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কড়া ভাষায় জানিয়েছেন, ‘‘প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসবাদীকে ফিরতে দেওয়া হবে না। তাঁকে কেবল হাতকড়া পরিয়েই ফিরিয়ে আনা হবে।’’ তবে প্রত্যর্পণের জন্যও পাসপোর্ট বা বৈধ ‘ট্রাভেল ডকুমেন্ট’ জরুরি হওয়ায়, তারেক রহমান সরকার আদতে হাসিনার প্রত্যাবর্তন বিলম্বিত করতে চাইছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বাংলাদেশ নিয়ে রুবিনের ধারাবাহিক তোপ
হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পশ্চিমি বিশ্লেষকদের মধ্যে অন্যতম সরব মুখ মাইকেল রুবিন। এর আগেও তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে ‘গণতন্ত্রের শত্রু’ আখ্যা দিয়ে বাংলাদেশে জামায়াতে ইসলামির ‘সন্ত্রাস’ উস্কে দেওয়ার অভিযোগ তুলেছিলেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে মার্কিন কংগ্রেসের এক ব্রিফিংয়ে তিনি জামায়াতকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানান এবং আওয়ামি লিগকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন।
গত মার্চে ক্যাপিটল হিলেও বাংলাদেশে ইসলামি চরমপন্থা ও সংখ্যালঘু নির্যাতন বৃদ্ধি নিয়ে সতর্ক করেছিলেন রুবিন। সম্প্রতি এক নিবন্ধে তিনি আরও বিস্ফোরক অভিযোগ তুলে দাবি করেন, ঢাকায় মার্কিন দূতাবাসের স্থানীয় কর্মীদের মাধ্যমে সেখানে জামায়াতে ইসলামির অনুপ্রবেশ ঘটেছে। সব মিলিয়ে হাসিনার ১৬ ডিসেম্বরের প্রত্যাবর্তন এখন আর কেবল ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়ে সীমাবদ্ধ নেই, বরং আন্তর্জাতিক মহলের কড়া নজরদারিতে এক বিস্ফোরক রাজনৈতিক পরিস্থিতির দিকে এগোচ্ছে।
জনমতের চাপে ইউ-টার্ন! ২০২৭-এ দু’ঘণ্টা পিছিয়ে পুরোনো টাইম জোনেই ফিরছে গ্রিনল্যান্ড
হাসিনা নিজেই দেশে ফিরতে রাজি, তাহলে কি প্রত্যর্পণ চুক্তির প্রয়োজন? কী বলছে আইন