মহদিপুর সীমান্ত: হাসিনার জন্য জমি প্রস্তুত করতেই কি ভারত থেকে বাংলাদেশে ফেরার ঢল
এই সময়, মালদা: শেখ হাসিনা দেশে ফিরলে ফিরে আসবে শান্তি। এই আশা নিয়ে দেশ থেকে পালিয়ে আসা আওয়ামি লিগের অনেক জনপ্রতিনিধি ও দলীয় কর্মীরা ধীরে ধীরে বাংলাদেশে ফিরতে শুরু করেছেন। মালদার ইংরেজবাজারের মহদিপুর সীমান্ত দিয়ে হাসিনার দলের নেতা-কর্মীরা ফিরে যাচ্ছেন বাংলাদেশে।
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই খবরে চাঙ্গা হয়ে এতদিন আড়ালে থাকা আওয়ামি লিগের কর্মীরা ময়দানে নেমে পড়েছেন। বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে অশান্তি। বুধবার বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের আওয়ামি লিগের প্রাক্তন সদস্য হাবিবুর রহমান তাঁর পরিবার এবং কয়েক জন দলীয় কর্মীর সঙ্গে বৈধ ভাবেই ও পারে ফিরে গিয়েছেন। তিনি বলেন, ‘গত ছ’মাস ধরে পরিবার ও দলের কিছু কর্মীদের নিয়েই ভারতে আশ্রয় নিয়েছিলাম। কারণ ওখানে থাকলে আমাদের খুন করা হতো।
জামাত, বিএনপি এবং এনসিপি বাংলাদেশটাকে শেষ করে দিতে চাইছে। এই অবস্থায় রব উঠেছে, ‘শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসছে’। দলের নেতা-কর্মীরা ইতিমধ্যে রাস্তায় নেমে গিয়েছেন। আমরাও হাসিনাকে স্বাগত জানাতেই জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরে যাচ্ছি।’
এ দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর এলাকার আওয়ামি লিগের প্রাক্তন চেয়ারম্যান রুবেল শেখ বলেন, ‘যে ভাবেই হোক শেখ হাসিনাকে বাঁচাতে আমাদের দেশে ফিরতেই হবে।’ জানা গিয়েছে, গত এক সপ্তাহে মহদিপুর সীমান্ত দিয়ে ১০০ জনেরও বেশি বাংলাদেশি বৈধ ভাবে ওই দেশে ফিরে গিয়েছেন।’