ন্যায়বিচারের জটিল প্রশ্নে মেঘনার সাহসী সিনেম্যাটিক প্রয়াস
অনিমেষ দত্ত
পর পর পাঁচটি এনকাউন্টার। বাংলায় এখন অন্যতম চর্চার বিষয় এটাই। সোশ্যাল মিডিয়া কিংবা চায়ের ঠেকে চোখ-কান পাতলেই আড়াআড়ি ভাবে দু’পক্ষকে চেনা যায়। এক, এনকাউন্টারের পক্ষে। দুই, আইন নিজের হাতে তুলে নেওয়ার বিপক্ষে। জাস্টিসের কোন পথটি সঠিক বা ন্যায়সঙ্গত? ইনস্ট্যান্ট জাস্টিস, নাকি তারিখ পে তারিখ!
ঠিক এই প্রেক্ষাপটেই মেঘনা গুলজ়ার একটি ছবি নিয়ে এসেছেন, নাম— ‘দায়রা’। পরিচালক নৈতিকতার জটিল মনস্তাত্ত্বিক দুনিয়ায় নিয়ে যান দর্শকদের। মেঘনা নিজে কোনও মন্তব্য করতে চান না। বরং, জাস্টিসের সঠিক পথ কোনটি— সেটা বিচারের দায়িত্ব ছেড়ে দেন দর্শকদের উপরেই। সময়োপযোগী চিত্রনাট্যের জন্য গোটা দায়রা টিমের বাহবা প্রাপ্য।
মেঘনার ‘তালভার’ ছবিটি যাঁরা দেখেছেন, আজও ক্লাইম্যাক্সে ছেড়ে যাওয়া প্রশ্নগুলো তাঁদের ভাবায়। প্রয়াত ইরফান খানের শক্তিশালী অভিনয় ছিল বাড়তি পাওনা। সেই মেঘনা যখন ১১ বছর বাদে আবার একটি ক্রাইম-ড্রামা নিয়ে হাজির হন, তখন দর্শক হিসেবে প্রত্যাশা কয়েকগুণ বেড়ে যায়। কিন্তু ‘দায়রা’ সেই প্রত্যাশার ধারেকাছেও যেতে পারে না। এমনকী, মেঘনার অন্য ছবি ‘রাজ়ি’, ‘স্যাম বাহাদুর’ কিংবা ‘ছপাক’-এর পাশেও দাঁড়াতে পারে না।
ট্রেলার দেখেই বোঝা গিয়েছিল, ছবিটি ২০১৯-এ হায়দরাবাদে গণধর্ষণ-খুন এবং ‘এনকাউন্টার কিলিং’-এর ঘটনা থেকে অনুপ্রাণিত। এক তরুণীকে গণধর্ষণ করে খুনের ঘটনার তদন্তভার দেওয়া হয় ডিসিপি রমন কুমারকে (পৃথ্বীরাজ সুকুমারন)। রমন একজন সৎ পুলিশ অফিসার, যে অন্তর থেকে বিশ্বাস করে ধর্ষণ এবং খুনের মতো জঘন্য অপরাধের জন্য আইনের ঊর্ধ্বে গিয়ে এনকাউন্টারই সঠিক দাওয়াই। উল্টো পথের পথিক ডিসিপি কোহলি (করিনা কাপুর খান), সে আইনের আওতায় থেকে কাজ করতে চায়।
এক তরুণীর ধর্ষণ-খুনের তদন্তে নেমে চার জন অভিযুক্তকে গ্রেপ্তার করে ডিসিপি রমনের টিম। অভিযুক্তদের নিয়ে ক্রাইম সিন রিক্রিয়েট করার জন্য রাতে অকুস্থলে যায় তদন্তকারীরা। আর সেখানেই আচমকা পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে উর্দিধারীদের দিকে তাক করে অভিযুক্তরা। সেলফ ডিফেন্সে পুলিশ গুলি চালায় এবং চার জনই নিহত হয়। বাংলার এনকাউন্টারের ঘটনাগুলির সঙ্গে মিল পেতে পারেন। এরপরে চার দিকে পুলিশের জয়জয়কার। ঠিক এই সময়ে এন্ট্রি হয় ডিসিপি কোহলির। এই এনকাউন্টারটি ভুয়ো কি না, তার তদন্তের ভার তাঁর কাঁধেই।
ধর্ষণ-খুন এবং এনকাউন্টার— দুই ঘটনার তদন্ত সমান্তরাল ভাবে চলতে থাকে। ছবির এই অংশটি বেশ এনগেজিং। পৃথ্বীরাজ, করিনা এবং সহ-অভিনেতাদের অভিনয় সাবলীল। সিনেম্যাটোগ্রাফি, আবহসঙ্গীত অ্যাভারেজ। ছবিজুড়ে দুই কপের মনস্তাত্বিক লড়াই চললেও করিনা এবং পৃথ্বীরাজের মুখোমুখি ‘ক্ল্যাশ’ হয় ক্লাইম্যাক্সে। তবে সেখানে দার্শনিক কথোপকথনের বদলে অত্যন্ত সাধারণ মানের কিছু সংলাপেই শেষ হয় ছবি।
এই সিনেমার সবচেয়ে দুর্বল অংশ এর ক্লাইম্যাক্স। মেঘনা এনকাউন্টার কিলিংয়ের নেপথ্যের রাজনীতির অংশটি সচেতন ভাবেই এড়িয়ে গিয়েছেন কি না, জানা নেই। ধর্ষণ-খুনের মতো ঘটনা এবং আদালতে তার বিচারপদ্ধতির মধ্যে যে লুপ-হোলগুলি রয়েছে, সেগুলি সোজাসুজি তুলে ধরেছেন মেঘনা। কিন্তু এনকাউন্টার কিলিংয়ের সমস্যাগুলি সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন। ফলে পরিচালক দর্শকদের উপরে ছেড়ে দিতে চেয়েও যেন এনকাউন্টার কিলিংকেই কোনও কোনও জায়গায় জাস্টিফাই করে দেন।
‘তালভার’-এ পুলিশের চরিত্রগুলি যে ভাবে ডেভেলপ করা হয়েছিল, এ ক্ষেত্রে রমন কিংবা কোহলির চরিত্রগুলি বেশ আলগা। দর্শক তাঁদের সঙ্গে জুড়তে পারে না। ধর্ষণের সামাজিক প্রভাবের দিকটিও সম্পূর্ণ এড়িয়ে যাওয়া এই ছবির নেতিবাচক দিক। ধর্ষণ কেন হয়? এই প্রশ্নটিও ডিল করেন না মেঘনা। ফলে পুরো ছবিটি শুধুমাত্র পুলিশ ডিপার্টমেন্টের মধ্যেকার কিছু ঘটনাপ্রবহের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। আমআদমি যার থেকে অনেক দূরে। তাই ছবিটি একবার দেখার পরে আর মনে থাকে না।
স্লাগ: ওটিটি আপডেট
নাম: দায়রা
ফিল্ম
প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স
অভিনয়: পৃথ্বীরাজ সুকুমারন, করিনা কাপুর খান, কানওয়ালজিৎ সিং, অচিন্ত কৌর
পরিচালনা: মেঘনা গুলজ়ার
রেটিং: তিন স্টার