ভারতে পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার নয়! ফাওয়াদ-মাহিরার সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে বার্তা কেন্দ্রের

নয়াদিল্লি: আগামী ৪ ডিসেম্বর বিশ্বজুড়ে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ফওয়াদ খান ও মাহিরা খান অভিনীত পাকিস্তানি ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সামেট লো’ (Jo Bachay Hain Sang Samait Lo)। কিন্তু ভারতে এই সিরিজটির সম্ভাব্য স্ট্রিমিং ঘিরে তীব্র বিতর্ক দানা বাঁধতেই নেটফ্লিক্সকে কড়া সতর্কবার্তা দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সূত্রের খবর, মন্ত্রকের তরফে ওই স্ট্রিমিং প্ল্যাটফর্মকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ২০২৫ সালের ৮ মে জারি করা নির্দেশিকা অনুযায়ী পাকিস্তানি কোনো কনটেন্ট ভারতে সম্প্রচার বা স্ট্রিম করা যাবে না।
প্রসঙ্গত, গত বছর পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে জাতীয় নিরাপত্তার স্বার্থে ২০২৫ সালের ৮ মে একটি নির্দেশিকা জারি করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। তাতে ভারতে কর্মরত সমস্ত ওটিটি (OTT) প্ল্যাটফর্ম ও ডিজিটাল মাধ্যমগুলিকে পাকিস্তানি কনটেন্ট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্রের খবর, ২০২৫ সালের জুনে নেটফ্লিক্স মন্ত্রককে জানিয়েছিল যে তারা ভারতীয় গ্রাহকদের জন্য পাকিস্তানের কোনো সিনেমা বা সিরিজ উপলব্ধ করেনি। এবার ‘জো বাচে হ্যায় সঙ্গ সামেট লো’ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ার পর নেটফ্লিক্সকে তাদের সেই পুরোনো প্রতিশ্রুতি বজায় রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
এর আগে এই পাকিস্তানি সিরিজটির মুক্তি আটকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করে চিঠি দিয়েছিল ভারতের দু’টি প্রধান চলচ্চিত্র সংগঠন, অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) এবং ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। গত ২৪ নভেম্বর এআইসিডব্লিউএ সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সিনেমা হল, টিভি চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মে পাকিস্তানি শিল্পী ও কনটেন্ট চিরতরে নিষিদ্ধ করার জন্য স্থায়ী আইনি কাঠামোর দাবি জানান। পরদিন এফডব্লিউআইসিই-ও একই দাবিতে সরব হয়ে জানায়, ভারতে বাণিজ্যিকভাবে পাকিস্তানি বিনোদন প্রদর্শন সরকারি নির্দেশিকা এবং ভারতীয় চলচ্চিত্র জগতের আবেগের পরিপন্থী।
এদিকে, পাকিস্তানি বিনোদন ঘিরে বিক্ষোভের আঁচ ছড়িয়েছে বেঙ্গালুরুতেও। সোশ্যাল মিডিয়ায় তীব্র আপত্তির মুখে আগামী ২৮ নভেম্বর এবং ৫ ডিসেম্বর বেঙ্গালুরুতে ‘দার-ই-নিজাত’ (Dar-e-Nijaat) নামে অপর একটি পাকিস্তানি নাটকের দু’টি প্রাইভেট স্ক্রিনিং বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ফরহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে এবং মোমিনা দুরাইদের পরিচালনায় তৈরি ‘জো বাচে হ্যায় সঙ্গ সামেট লো’ নেটফ্লিক্সের প্রথম উর্দু অরিজিনাল সিরিজ। ফওয়াদ খান ও মাহিরা খান ছাড়াও এতে অভিনয় করেছেন হানিয়া আমির, আহাদ রাজা মীর, ইকরা আজিজ এবং সনম সইদ। তবে গোটা বিতর্ক নিয়ে নেটফ্লিক্সের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
ভাইরাল রিল ঘিরে আইনি পদক্ষেপ শাহরুখের, ৪৮ ঘণ্টার সময়সীমা ইনফ্লুয়েন্সারকে
‘বামাক্ষ্যাপা’কে প্রাইম টাইমে জায়গা দিতেই হবে, হল মালিকদের স্পষ্ট নির্দেশ শুভেন্দুর