ভাইরাল রিল ঘিরে আইনি পদক্ষেপ শাহরুখের, ৪৮ ঘণ্টার সময়সীমা ইনফ্লুয়েন্সারকে

মুম্বই: সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োকে কেন্দ্র করে আইনি লড়াইয়ে জড়ালেন বলিউড অভিনেতা শাহরুখ খান। ব্যবসায়ী অনন্ত আম্বানির সঙ্গে কথোপকথনের একটি দৃশ্যকে ঘিরে বিভ্রান্তিকর দাবি ছড়ানোর অভিযোগে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস পাঠিয়েছেন অভিনেতা। বিতর্কিত ভিডিয়ো সরিয়ে নেওয়া-সহ একাধিক নির্দেশ মানার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
সুভিগ্য শর্মা নামে ওই কনটেন্ট নির্মাতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত রিলে আধ্যাত্মিক গুরু সদ্গুরুর সঙ্গে অনন্ত আম্বানির কথোপকথনের দৃশ্যের পাশাপাশি শাহরুখ ও অনন্তর আলাদা একটি ভিডিয়ো জুড়ে দেওয়া হয়েছিল। সেখানে দাবি করা হয়, কথাবার্তার সময় শাহরুখকে চুপ থাকতে বলা হয়েছিল। অভিনেতার আইনজীবীদের বক্তব্য, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ভিডিয়োর সঙ্গে দেওয়া ক্যাপশনেও ঘটনার প্রকৃত প্রেক্ষাপট বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।
২৩ নভেম্বর পাঠানো নোটিসে শাহরুখের আইনজীবীরা ওই পোস্টকে উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং মানহানিকর বলে উল্লেখ করেছেন। ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৬ ধারার প্রসঙ্গ তুলে তাঁদের দাবি, যথাযথ প্রমাণ ছাড়া কোনও ব্যক্তির বিরুদ্ধে সম্মানহানিকর তথ্য ছড়ানো আইনত গ্রহণযোগ্য নয়।
নোটিসে পাঁচটি নির্দেশ দেওয়া হয়েছে। অবিলম্বে বিতর্কিত রিলটি মুছে ফেলা, একই দাবি নতুন করে প্রচার না করা এবং ভিডিয়োর সঙ্গে যুক্ত বিভ্রান্তিকর ক্যাপশন সংশোধন বা সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি মূল ভিডিয়ো ও প্রকাশনা সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণ করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে নির্দেশগুলি পালন করা হয়েছে কি না, তার লিখিত জবাবও চাওয়া হয়েছে।
অন্যদিকে, নোটিস পাওয়ার পর পাল্টা ভিডিয়ো প্রকাশ করে শাহরুখের আপত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন সুভিগ্য। তাঁর দাবি, ভিডিয়োটি নিয়ে বক্তব্য রাখা মতপ্রকাশের স্বাধীনতার আওতায় পড়ে। শাহরুখের অভিযোগের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
ইতিমধ্যেই শাহরুখ ও অনন্ত আম্বানির কথোপকথনের ওই অংশ সমাজমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে। তবে অভিনেতার আইনজীবীদের অবস্থান স্পষ্ট, ভিডিয়োটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা প্রকৃত ঘটনার সঙ্গে মেলে না এবং তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে।
‘বামাক্ষ্যাপা’কে প্রাইম টাইমে জায়গা দিতেই হবে, হল মালিকদের স্পষ্ট নির্দেশ শুভেন্দুর
সকলকে প্র্যাঙ্ক করেন উদয়, এবার নিজেই পড়লেন ফাঁদে! কী কাণ্ড ঘটালেন সহকর্মীরা?