বারাসত থেকে পেট্রাপোল পর্যন্ত চার লেন করার ঘোষণা গড়করির
দীর্ঘদিন ধরেই যশোহর রোড সম্প্রসারণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। তা-ই এ বার বাস্তবায়িত হতে চলেছে। বৃহস্পতিবার বারাসত থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত যশোহর রোডকে চার লেন করার ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি। প্রায় ৭৫ কিলোমিটার পথের সম্প্রসারণের জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানালেন মন্ত্রী।
বারাসত, দত্তপুকুর, অশোকনগর, হাবরা, ঠাকুরনগর, গোবরডাঙা, বনগাঁর কয়েক লক্ষ মানুষের যাতায়াতের প্রধান ভরসা এই যশোহর রোড বা ১১২ নম্বর জাতীয় সড়ক (সাবেক ৩৫ নম্বর জাতীয় সড়ক)। দীর্ঘদিন ধরে সেই রাস্তার অনেকটা অংশই সংকীর্ণ। তা নিয়ে ক্ষুব্ধ বহু মানুষ। প্রশাসনিক সূত্রে খবর, অতীতে যশোহর রোডের বারাসত থেকে বনগাঁ পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য প্রাথমিক ভাবে ৪৩ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। ছাড়পত্র দিয়েছিল আদালতও। সেই কাজ শুরু প্রস্তুতিও নেওয়া হয়। কিন্তু রাস্তার দু’ধারে থাকা প্রাচীন গাছ কাটা নিয়ে পরিবেশ কর্মীদের আপত্তি, জমিজট এবং প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পের কাজ আটকে থেকেছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে বার বার বলা হয়েছে, ওয়ার্ক অর্ডার পেলেই কাজ শুরু করা হবে। কিন্তু বিগত তৃণমূল জমানায় সেই লালফিতের ফাঁস খোলেনি। তবে রাজ্যের পালাবদলের পরে মন্ত্রী তথা বনগাঁর বাসিন্দা অশোক কীর্তনিয়া জানিয়েছিলেন, শীঘ্রই যশোহর রোড সংস্কারের কাজ শুরু হবে। তার পরে এ বার গড়করি রাস্তা সম্প্রসারণ প্রকল্পের ঘোষণা করলেন।