‘কোনও শক্তি মহিলাদের ন্যায়বিচার পাওয়া থেকে আটকাতে পারবে না’, সংবিধান দিবসে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর
জরুরি অবস্থা, ৩৭০ ধারা থেকে মহিলা সংরক্ষণ—সংবিধান দিবসে একাধিক ইস্যুতে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, ক্ষমতার স্বার্থে অতীতে সংবিধানকে দুর্বল করেছে কংগ্রেস। এ বার আইনসভায় মহিলাদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিল পাসের পথেও বাধা হয়ে দাঁড়িয়েছে বিরোধীরা। তাই বিরোধী দলকে ‘ভোটার পক্ষ’ নয়, বরং ‘বাধা পক্ষ’ বলে কটাক্ষ করে তাঁর হুঁশিয়ারি, দেশের নারীশক্তিকে ন্যায়বিচার দেওয়ার লক্ষ্য থেকে পিছিয়ে আসবে না সরকার। তাঁর অভিযোগ, ক্ষমতার লোভে অতীতে সংবিধানের মৌলিক মূল্যবোধকে দুর্বল করেছে যে রাজনৈতিক নেতৃত্ব, তারাই আজ গণতন্ত্রের কথা বলছে।
১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এই দিনেই গণপরিষদে গৃহীত হয়েছিল ভারতের সংবিধান। সেই ঐতিহাসিক দিনটির স্মরণে সংবিধান দিবসে একটি প্রবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী। সেখানে সংবিধান প্রণেতা ডঃ রাজেন্দ্র প্রসাদ, ডঃ বি আর আম্বেদকর-সহ গণপরিষদের সদস্যদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের সাংবিধানিক যাত্রার বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন তিনি।
মোদীর বক্তব্য, ১৯৫১ সালের প্রথম সংবিধান সংশোধনীর ৭৫ বছর এবং জরুরি অবস্থার সময় ১৯৭৬ সালের ৪২তম সংশোধনীর ৫০ বছর পূর্ণ হচ্ছে। প্রথম সংশোধনীর মাধ্যমে তৎকালীন সরকার নাগরিকদের মৌলিক স্বাধীনতা খর্ব করেছিল বলে অভিযোগ তাঁর। পাশাপাশি তাঁর কথায়, ‘দেশের প্রত্যেক নাগরিকের জীবনের সঙ্গে সংবিধান অঙ্গাঙ্গী ভাবে জড়িত।’ নিজের সাধারণ পরিবারে বেড়ে ওঠার প্রসঙ্গ টেনে তাঁর বক্তব্য, সংবিধানের জন্যই জন্মপরিচয় কারও ভবিষ্যতের সীমা নির্ধারণ করতে পারে না।
তবে নিবন্ধের বড় অংশ জুড়েই রয়েছে কংগ্রেসের সমালোচনা। ১৯৫১ সালের প্রথম সংবিধান সংশোধনী এবং জরুরি অবস্থার সময় ১৯৭৬ সালের ৪২তম সংশোধনীর প্রসঙ্গ তুলে মোদীর অভিযোগ, ক্ষমতা ধরে রাখতে মৌলিক অধিকার ও বিচারবিভাগের ক্ষমতা খর্ব করা হয়েছিল। ৩৮তম ও ৩৯তম সংশোধনীও তরুণ প্রজন্মকে পড়ার পরামর্শ দিয়েছেন তিনি। নির্বাচিত রাজ্য সরকার ভাঙতে ৩৫৬ ধারার প্রায় ১০০ বার অপব্যবহারের অভিযোগও তুলেছেন প্রধানমন্ত্রী।
জম্মু-কাশ্মীরের ৩৭০ ও ৩৫এ ধারা নিয়েও সরব হয়েছেন তিনি। তাঁর দাবি, সাত দশকের বেশি সময় এই দুই ধারার কারণে সেখানে সম্পূর্ণ সংবিধান কার্যকর হয়নি। বঞ্চিত হয়েছেন এসসি, এসটি, ওবিসি এবং মহিলারা। ২০১৯ সালে তাঁর সরকার ৩৭০ ধারা প্রত্যাহার করে সেই ঐতিহাসিক ভুল সংশোধন করা করেছে বলে দাবি মোদীর।
এই প্রবন্ধে বিশেষ গুরুত্ব পেয়েছে মহিলা সংরক্ষণ বিল। প্রধানমন্ত্রীর অভিযোগ, আইনসভায় মহিলাদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে আনা বিল পাস হতে দেয়নি বিরোধীদের একটি বড় দল। এই বিলকে ঘিরে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। সরকারের যুক্তি, সংরক্ষণ কার্যকর করতে আসন পুনর্বিন্যাস প্রয়োজন। এ দিকে বিরোধীরা আপত্তি তুলেছেন, এর ফলে রাজ্যগুলির প্রতিনিধিত্বের ভারসাম্য বদলে যেতে পারে। মোদীর আশ্বাস, কোনও শক্তিই নারীশক্তিকে ন্যায়বিচার দেওয়ার সংকল্প আটকাতে পারবে না।
এ ছাড়া ওবিসি সংরক্ষণ কমিয়ে মুসলিমদের সংরক্ষণ দেওয়ার পরিকল্পনা করা বিরোধী শিবিরকে তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী। নকশালবাদের অবসানকে দরিদ্র ও আদিবাসীদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার বড় পদক্ষেপ বলে উল্লেখ করে ‘দিমাগি নকশাল’দেরও আক্রমণ করেছেন মোদী।
শুধু কংগ্রেসের সমালোচনাই নয়, পাশাপাশি নিজের সরকারের সাফল্য তুলে ধরে GST, EWS-এর ১০ শতাংশ সংরক্ষণ, জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশনকে সাংবিধানিক মর্যাদা, ভারতীয় ন্যায় সংহিতা এবং সংবিধানের ২২টি ভাষায় অনুবাদের কথা উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী আবাস, উজ্জ্বলা, আয়ুষ্মান ভারত এবং UPI-র মাধ্যমে সাধারণ মানুষের ক্ষমতায়নের কথাও বলেছেন। বিশ্বব্যাঙ্কের রিপোর্টের উল্লেখ করে তাঁর দাবি, প্রায় ৫০ কোটি ভারতীয় দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন।
২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ‘চিন্তায় রাষ্ট্র প্রথম, কাজে কর্তব্যবোধ’—এই দুই নীতিকে পাথেয় করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।