Swapan Dasgupta on Singur: সিঙ্গুরের জন্য ফের সুখবর, শুধু গাড়ি নয় আরও শিল্প আসছে, এবার কী কারখানা হবে? | Chemical factory also invest in singur hooghly
স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রীImage Credit: Tv9 Bangla
সিঙ্গুর: সিঙ্গুরে (Singur) কারখানা হচ্ছে। তাও গাড়ি কারখানা। সেই বাম আমলে নানা বিতর্কের জেরে টাটা ছেড়ে চলে যাওয়ার পর কারখানা তৈরি নিয়ে সিঙ্গুরে কম রাজনীতি হয়নি। আর বিজেপি ক্ষমতায় আসার পর, এই সিঙ্গুরের মাটিতে ফের কারখানা তৈরি হওয়ার ঘোষণা হতেই আনন্দে উচ্ছ্বসিত সেখানকার বাসিন্দারা। তবে এই খুশি আরও দ্বিগুণ হতে চলেছে। কারণ, শুধু ট্রাক কারখানা নয়, এবার সিঙ্গুরের মাটিতে হতে পারে আরও একটি কারখানা।
মঙ্গলবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত হাওড়া গিয়েছিলেন। সেখান থেকে গাড়ি ছাড়াও আরও একটি কারখানা তৈরি হওয়ার জল্পনা উস্কে দিয়েছেন। কী কারখানা হবে? স্বপন বলেছেন, “শিল্প ও বিনিয়োগ নীতি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। সিঙ্গুর নিয়ে অশোক লেল্যান্ড আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি কেমিক্যাল কোম্পানিও আগ্রহ প্রকাশ করেছে। তবে সবটাই এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনও কিছু চূড়ান্ত হয়নি।” অর্থাৎ, সিঙ্গুরের মাটিতে কেমিক্যাল তৈরির কোনও কোম্পানিও আসতে পারে বলেই জল্পনা উস্কে দিয়েছেন তিনি।
এরপর কেমিক্যাল হাব প্রসঙ্গেও অর্থমন্ত্রী আরও মন্তব্য করেছেন। তিনি জানান, এ বিষয়ে একটি প্রস্তাব এসেছে। ক্যাবিনেট মিটিংয়ে পার্মানেন্ট ল্যান্ড সিলিং বাতিল করা হয়েছে। যা শিল্পের জন্য জমি অধিগ্রহণে বড় পদক্ষেপ বলে মনে করছেন তিনি।
এদিকে, সিঙ্গুরে ফের শিল্পের সম্ভাবনা তৈরি হতেই ন্যানো-ভূম ও তার লাগোয়া এলাকায় হু হু করে বাড়তে শুরু করেছে জমির দাম। কৃষকদের দাবি, দীর্ঘদিন ধরে যে জমিগুলিতে চাষবাস হয় না এবং যেগুলি পতিত অবস্থায় পড়ে রয়েছে, রাতারাতি সেই জমিগুলির দামও আট থেকে দশগুণ বেড়ে গিয়েছে। আর জমির এই আকাশছোঁয়া চাহিদাকে কাজে লাগিয়ে এলাকায় সক্রিয় হয়ে উঠেছে জমি মাফিয়ারা। শুভেন্দু অধিকারীর হাত ধরে সিঙ্গুরে ফের ফিরছে শিল্প। সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা বানাবে অশোক লেল্য়ান্ড। সিঙ্গুরের ৯৯৭ একর জমি যুক্তিসঙ্গত দরে কেনার লক্ষ্য নিয়ে হুগলির জেলাশাসক কাজ করছেন এবং কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। অভিযোগ, তারপরই এলাকায় দালালরা ক্রমেই মাথা চাড়া দিয়ে উঠেছেন।