Suvendu on Pranab Mukherjee: ‘নিজের দমে এগোতে হলে নরেন্দ্র মোদীর সঙ্গে থাকো’, প্রণববাবুর পরামর্শেই তৃণমূল ছাড়েন, দলবদলের ৬ বছর পর বললেন শুভেন্দু | CM suvendu Adhikari Said pranab mukherjee give advice to left tmc mamata banerjee
প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীImage Credit: PTI and Facebook
কলকাতা: সালটা ১৬ ডিসেম্বর ২০২০। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখে তৃণমূল (TMC) ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সংশ্লিষ্ট চিঠিতে লিখেছিলেন, “দল আমাকে যেসব সুযোগ ও চ্যালেঞ্জ দিয়েছিল, তার জন্য আমি কৃতজ্ঞ। একজন সদস্য হিসাবে দলে আমি যে মূল্যবান সময় অতিবাহিত করেছি, আজীবন তা স্মরণে রাখব।” শুভেন্দুর তৃণমূল ছাড়া বাংলার রাজনীতির অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছিল তখন। দল-বদলের প্রায় ছ’বছর পর এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, কেন সেদিন তিনি তৃণমূল ছেড়েছিলেন। তাঁর দাবি, প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শে তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগদান করেছিলেন।
মঙ্গলবার একটি বেসরকারি সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন শুভেন্দু। সেখানে তিনি বলেছেন, “পিসি-ভাইপোর দল ছিল ওটা (তৃণমূল), অনেকটা বেসরকারি সংস্থার মতো। আমি সেখানকার কর্মী থাকব না বলে বেরিয়ে এসেছি। আমার আসল পরামর্শদাতা,অভিভাবক ছিলেন প্রণববাবু।”
‘প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে থাকো’ এমনটা প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন শুভেন্দু অধিকারীকে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, “উনি রাষ্ট্রপতি হওয়ার পরে রাইসিনা হিলসে গিয়েছিলাম। ভাইপোও চলে এল। প্রণববাবু আমাকে বললেন,কী করবে ভেবে নাও। কর্মী হিসাবে থাকতে হলে এর (ভাইপো) সঙ্গে থাকো,আর নিজের দমে এগোতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকো। পরিষ্কার পরামর্শ ছিল।” এ দিন আরও বলেন শুভেন্দু। তিনি বলেছেন, “বেশি কিছু বললে বিতর্ক হতে পারে।”
এখানে উল্লেখ্য, তৃণমূল ছাড়ার পর ওই বছরই মেদিনীপুরের সভায় অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা তুলেছিলেন শুভেন্দু। তবে, তার আগে থেকেই ধীরে-ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হচ্ছিল।