Shraddha Kapoor Accident: নাচতে গিয়ে ছিঁড়ল পায়ের পেশি! একমাস ধরে ঘর বন্দি শ্রদ্ধা | Shraddha Kapoor Practised With 8 Kg Ghungroos For Eetha, Broke Down After Muscle Tear
কী ঘটেছে অভিনেত্রীর সঙ্গে?
এক-দুই কেজি নয়, দু’পায়ে মোট ৮ কেজির ঘুঙুর! ভাবুন তো, ওই ভারী ঘুঙুর পায়ে বেঁধে যদি রোজ ৮ ঘণ্টা নাচতে হয়, তা হলে পায়ের অবস্থাটা ঠিক কী হবে? ঠিক এই কাণ্ডটাই ঘটিয়েছেন শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। নতুন ছবি ‘ইথা’-র জন্য টানা ২৫ দিন এ ভাবেই মহড়া দিয়েছেন অভিনেত্রী। যার জেরে পা ফুলে যেত, এমনকি শুটিংয়ের মাঝেই ছিঁড়ে যায় পায়ের পেশি!
মহারাষ্ট্রের কিংবদন্তি লোকশিল্পী ভিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের জীবন নিয়ে তৈরি হয়েছে ‘ইথা’। সমাজের নানা বাধা টপকে যিনি নিজের শিল্প দিয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন, সেই চরিত্রেই দেখা যাবে শ্রদ্ধাকে। মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী তামাশা আর লাবণী নাচ নিখুঁতভাবে শিখতে হয়েছিল তাঁকে। সম্প্রতি পুনেতে ছবির গান ‘জি জি রে জি’-র অনুষ্ঠানে এসে এই অজানা কথা শোনালেন পরিচালক লক্ষ্মণ উতেকর। তিনি জানান, মাধ আইল্যান্ডে বিশাল সেট বানিয়ে বৈভবী মার্চেন্টের কোরিওগ্রাফিতে গানের শুটিং হয়েছে। তবে ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে প্রতিটি গানের জন্য দু’পায়ে ৪ কেজি করে ঘুঙুর বেঁধে রোজ ৮ ঘণ্টা মহড়া দিতেন শ্রদ্ধা।
কী ঘটেছিল শুটিং ফ্লোরে?
প্রথম দিনের শুটিং ভালোভাবেই মিটে গিয়েছিল। কিন্তু গন্ডগোল বাঁধে দ্বিতীয় দিনে। নাচতে গিয়ে আচমকাই পায়ের পেশি ছিঁড়ে যায় শ্রদ্ধার। বাধ্য হয়েই শুটিং বন্ধ করে দিতে হল। লক্ষ্মণ উতেকর জানান, শুটিং আটকে যাওয়ায় তাঁর অতটা মন খারাপ হয়নি, যতটা কষ্ট হয়েছিল শ্রদ্ধাকে কাঁদতে দেখে। কাজটা মাঝপথে থেমে যাওয়ায় রীতিমতো কেঁদে ফেলেছিলেন নায়িকা। যদিও দমে যাওয়ার পাত্রী নন তিনি। এক মাসের মধ্যেই চোট সারিয়ে ফের ফ্লোরে ফেরার জন্য ছটফট করছিলেন। তবে টানা বেশ কিছুদিন ঘর বন্দি থাকতে হয় তাঁকে। পরিচালকের কথায়, ইন্ডাস্ট্রিতে আর কেউ ‘ইথা’-র চরিত্রটা এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারতেন না।
ছবিতে আর কারা আছেন?
ম্যাডক ফিল্মস এবং কাঠপুতলি ক্রিয়েশনস-এর ব্যানারে দীনেশ ভিজান ও করিশ্মা শর্মার প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। শ্রদ্ধার সঙ্গে এতে রয়েছেন রণদীপ হুডা, মহম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান এবং অনন্ত যোশীর মতো অভিনেতা। আগামী ৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘ইথা’। শ্রদ্ধার এই হাড়ভাঙা পরিশ্রম দর্শকদের মন কতটা জয় করে, এখন সেটাই দেখার।