Jishnu Basu on Communist: ‘কমিউনিস্ট আমলেই আরএসএসের সর্বাধিক বিকাশ’, উদাহরণ দিয়ে বোঝালেন জিষ্ণু বসুর, | RSS leader Jishnu Basu comments on communism and its appeasement
জিষ্ণু বসুImage Credit: TV9 Bangla
কলকাতা: বামেদের বুক স্টল ভাঙার বিরোধিতা করেছিলেন তিনি। যারা ভেঙেছে, তারা প্রকৃত বিজেপি নয় বলে মন্তব্য করেছিলেন। তবে বাম আমলে পশ্চিমবঙ্গের কতটা ক্ষতি হয়েছে, সেই দাবিও দ্ব্য়র্থহীন ভাষায় করলেন আরএসএস (RSS) নেতা জিষ্ণু বসু।
অনেকেই মনে করেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শাসনকালেই আরএসএসের উত্থান। বিগত ১৫ বছরের শাসনকালের শেষের দিকে আরএসএসের বিস্তার বেড়েছিল বলেই মনে করা হয়। সেই দাবি নস্যাৎ না করলেও আরএসএসের উত্থান আসলে ঠিক কখন, সেই ব্যাখ্যা দিলেন আরএসএসের (RSS) পূর্ব ক্ষেত্র প্রচার প্রমুখ জিষ্ণু বসু (Jishnu Basu)।
TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জিষ্ণু বসু দাবি করেন, গোটা দেশের মধ্যে আরএসএসের সবথেকে বেশি প্রসার হয়েছে কেরলে। আর সেই রাজ্যে বেশিরভাগ সময়ই ক্ষমতায় থেকেছে কমিউনিস্ট পার্টি তথা সিপিএম। এ কথা উল্লেখ করে জিষ্ণু বসু বলেন, “কমিউনিস্ট পার্টি ক্ষমতায় থাকাতেই আরএসএসের সর্বাধিক ও সবথেকে সুষম বিকাশ হয়েছে।”
এছাড়া, যেখানে মমতার বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগে মুখর ছিল বিজেপি, সেখানে আরএসএস নেতা জিষ্ণু বসু বলেন, “বামপন্থীরাই সবথেকে বেশি তোষণের রাজনীতি করেছে।”
তাঁর মতে, আদতে পশ্চিমবঙ্গে হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হতে বসেছিল। সেই কারণেই আরএসএসের বিকাশ শুরু হয়। আর সেটা শুরু হয়েছে বাম আমলেই। আরএসএস নেতা বলেন, “তোষণের রাজনীতি বা যে ভুল বামেরা করেছে, সেটা কম নয়। ৩৪ বছরের শাসনের পর সাচার কমিটির রিপোর্টে দেখা গিয়েছিল, এ রাজ্যে মুসলিমদের আর্থ-সামাজিক অবস্থা দেশের মধ্যে সবথেকে খারাপ।” তাঁর মতে, বাম জমানায় বড় ক্ষতি হয়েছিল, নষ্ট হয়ে যায় সমাজ। ১৫ বছরে আর সেটা ফিরে আসেনি।
কালচারাল মার্ক্সিজমের কথাও বলেন জিষ্ণু বসু। হিন্দুরা অত্যাচারিত হলে আরএসএস যখন প্রতিবাদ করে, সেটা আসলে মানবিকতা বলে উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, এই মানবিকতাকেই কালচারাল মার্ক্সিজমের চশমা পরিয়ে, সাম্প্রদায়িকতা বলে দাগিয়ে দেওয়া হয়।