Bishnupur Super Speciality Hospital: প্রসবের পর অর্ধেক সেলাই করা হচ্ছে সিজারের স্থান! হচ্ছে সংক্রমণ, সাংসদকে সামনে পেয়েই চিকিৎসকের কীর্তি ফাঁস রোগী পরিবারের | Medical Negligence in Bankura's Bishnupur Super Speciality Hospital, MP Soumitra Khan Files Complaints - 24 Ghanta Bangla News
Home

Bishnupur Super Speciality Hospital: প্রসবের পর অর্ধেক সেলাই করা হচ্ছে সিজারের স্থান! হচ্ছে সংক্রমণ, সাংসদকে সামনে পেয়েই চিকিৎসকের কীর্তি ফাঁস রোগী পরিবারের | Medical Negligence in Bankura’s Bishnupur Super Speciality Hospital, MP Soumitra Khan Files Complaints

Spread the love

Bishnupur Super Speciality Hospital: প্রসবের পর অর্ধেক সেলাই করা হচ্ছে সিজারের স্থান! হচ্ছে সংক্রমণ, সাংসদকে সামনে পেয়েই চিকিৎসকের কীর্তি ফাঁস রোগী পরিবারের

সাংসদের কাছে অভিযোগ রোগী পরিবারের।Image Credit: TV9 বাংলা

বাঁকুড়া: সিজারের পর একবারই সেলাই হওয়ার কথা। অথচ অধিকাংশ প্রসূতিকেই একাধিকবার সেলাই করাতে হচ্ছে। সেলাইয়ের জায়গায় ঘটছে সংক্রমণও। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলাতির গুরুতর অভিযোগে সরব রোগীর পরিজনেরা। ক্ষোভ প্রকাশ করলেন বিধায়ক। উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন সাংসদরা।

কী হচ্ছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে?

অভিযোগ, সিজারের পর কোনও প্রসূতির পেটের কাটা অংশের একাংশ সেলাই না করেই রেখে দেওয়া হচ্ছে। কারোর ক্ষেত্রে আবার সেলাই ঠিকমতো না পড়ায়, ঘটছে সংক্রমণও। বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগের প্রায় ৫০ শতাংশ প্রসূতির ক্ষেত্রেই ঘটছে এমন ঘটনা। সম্প্রতি এমন ঘটনা সামনে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধেই গাফিলাতির অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বিধায়ক।

রোগীর পরিজনদের কাছ থেকে অভিযোগ পেয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি গোটা ঘটনা পদক্ষেপের আশ্বাস দিয়েছেন সাংসদও। যদিও অভিযোগ উড়িয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আবহাওয়া ও পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা ও হাসপাতালে রোগীর অত্যধিক চাপের কারণেই গত তিন মাস ধরে প্রসূতিদের মধ্যে সংক্রমণের ঘটনা ঘটছে।

বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের উপর শুধু বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমাই নয়, নির্ভরশীল পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর জেলার একাংশও। সন্তান প্রসবের ক্ষেত্রে সরকারি এই হাসপাতালের উপরে এলাকার মানুষের ভরসাও অগাধ। কিন্তু সেই হাসপাতালেই এবার উঠল গুরুতর অভিযোগ।

সম্প্রতি এক প্রসূতির পরিজন দাবি করেন, সন্তান প্রসবের জন্য তাঁর স্ত্রীর সিজার অপারেশন করা হয়। ৭ দিন পর হাসপাতাল থেকে ছুটি নেওয়ার ঠিক আগে ক্ষতস্থানে ড্রেসিং করতে গিয়ে জানা যায়, তাঁর স্ত্রীর পেটের কাটা অংশের একাংশ সেলাই না করেই, এতদিন রেখে দেওয়া হয়েছিল। সেলাই না পড়া ওই অংশে সংক্রমণও হয়েছে। পরে আবার দ্বিতীয়বার সেলাই করা হয়।

হাসপাতালের চিকিৎসকদের এই গাফিলাতির অভিযোগ সামনে আসতেই জানা যায়, প্রসূতি বিভাগের প্রায় ৫০ শতাংশ প্রসূতির ক্ষেত্রেই এমন গাফিলাতির ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই অধিকাংশ প্রসূতির শরীরে গুরুতর সংক্রমণ ঘটেছে। অভিযোগকে সামনে রেখে হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য দফতর, স্থানীয় বিধায়ক ও সাংসদের দ্বারস্থ হয়েছেন রোগীর পরিজনেরা।

হাসপাতালের চিকিৎসকদের এই চূড়ান্ত গাফিলাতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্বয়ং বিধায়ক। সাংসদ সৌমিত্র খাঁ-ও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “আমি মন্ত্রী সুমনা সরকারকে জানিয়েছি। আমরা দেখছি, স্টেপ নিচ্ছি। আমরা তো ডাক্তার নই, তাই বেশি বলতে পারি না। তবে আমাদের কাছে অভিযোগ এসেছে, যথাস্থানে তা জানিয়েছি।”

হাসপাতালের সুপার শুভঙ্কর কয়ালের বক্তব্য, “ঠিকঠাক সেলাই করা হয়নি এটা সম্পূর্ণ সত্য নয়”। গত তিন মাস ধরে প্রসূতিদের এই ধরনের সংক্রমণের ঘটনা সামনে আসছে। তাঁর দাবি, সেলাইয়ের সমস্যার কারে নয়, মূলত আবহাওয়া, হাসপাতালের পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা ও হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপের কারণেই এই ধরনের সমস্যা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রোগী কল্যাণ সমিতিতে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *