শারজিল-উমরদের মুক্তি নেই! জামিন বাতিল করে স্পষ্ট করল সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি: ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে(Umar Khalid) অভিযুক্ত সমাজকর্মী উমর খালিদ এবং শারজিল ইমামের জামিনের আবেদন ঘিরে ফের গুরুত্বপূর্ণ মোড়। আপাতত তাঁদের…
নয়াদিল্লি: ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে(Umar Khalid) অভিযুক্ত সমাজকর্মী উমর খালিদ এবং শারজিল ইমামের জামিনের আবেদন ঘিরে ফের গুরুত্বপূর্ণ মোড়। আপাতত তাঁদের অন্তর্বর্তী জামিন দিতে রাজি হল না দেশের সর্বোচ্চ আদালত। বুধবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে জামিনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।
বরং দিল্লি পুলিশের বক্তব্য শোনার পরেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে। (Umar Khalid)দিল্লি হাই কোর্টের জামিন খারিজের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন দুই অভিযুক্ত। তাঁদের আবেদনের প্রেক্ষিতে বুধবার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। আদালত দিল্লি পুলিশকে নোটিশ জারি করে মামলার বিষয়ে তাদের জবাব চেয়েছে। একইসঙ্গে মামলাটি তিন বিচারপতির বেঞ্চে পাঠানোর জন্য প্রধান বিচারপতির প্রশাসনিক বিবেচনার কাছে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
আরও দেখুনঃ সম্পত্তি মামলায় বড় স্বস্তি রাহুলের, এলাহাবাদ হাই কোর্টের নির্দেশ খারিজ শীর্ষ আদালতে
বুধবারের শুনানিতে উমর খালিদের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তিনি আদালতের কাছে আবেদন জানান, মূল জামিনের আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তত অন্তর্বর্তী জামিন দেওয়া হোক তাঁর মক্কেলকে। অন্যদিকে, শারজিল ইমামের হয়ে আদালতে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী সিদ্ধার্থ দাভে।
তিনিও দীর্ঘদিন ধরে জেলবন্দি থাকার বিষয়টি তুলে ধরে একই ধরনের স্বস্তির আবেদন জানান। তাঁদের বক্তব্য ছিল, দীর্ঘ সময় ধরে কারাবন্দি থাকার বিষয়টি বিবেচনা করে আপাতত তাঁদের মুক্তি দেওয়া প্রয়োজন। কিন্তু দুই পক্ষের এই আবেদনের পরেও সুপ্রিম কোর্ট এখনই কোনও অন্তর্বর্তী সুরাহা দিতে রাজি হয়নি। বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন, দিল্লি পুলিশের বক্তব্য না শুনে এই পর্যায়ে জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। বেঞ্চের সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ছিল, ‘আজ নয়’। অর্থাৎ আপাতত জেলেই থাকতে হবে উমর খালিদ এবং শারজিল ইমামকে।
শুধু অন্তর্বর্তী জামিনের আবেদনই নয়, মূল জামিনের আবেদন নিয়েও সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ আইনি লড়াই শুরু হয়েছে। দিল্লি হাই কোর্ট এর আগে তাঁদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন দুই অভিযুক্ত। তাঁদের আবেদনে দাবি করা হয়েছে, মামলার তদন্ত এবং বিচারপ্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। বিশেষ করে, প্রসিকিউশন বা মামলার পক্ষ থেকে এখনও পর্যন্ত সুরক্ষিত সাক্ষীদের পরীক্ষা করা হয়নি বলে অভিযোগ তুলেছেন তাঁরা।
পাশাপাশি, সুপ্রিম কোর্টের আরোপিত এক বছরের নিষেধাজ্ঞার সময়সীমাও শীঘ্রই শেষ হওয়ার দিকে বলে তাঁদের আবেদনে উল্লেখ করা হয়েছে। এই বিষয়গুলি বিবেচনা করে জামিনের আবেদন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তাঁরা। (Umar Khalid)তবে এই যুক্তিগুলি নিয়ে আদালত এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। দিল্লি পুলিশের বক্তব্য পাওয়ার পরেই মামলার পরবর্তী শুনানিতে বিষয়গুলি বিস্তারিতভাবে বিবেচিত হতে পারে।
উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এবং জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি-র বিরোধিতায় আন্দোলন চলাকালীন উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকায় ভয়াবহ হিংসা ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনায় বহু মানুষের মৃত্যু হয় এবং বিপুল সম্পত্তির ক্ষতি হয়েছিল।
এই হিংসার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ-র অধীনে মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। সেই মামলাতেই গ্রেফতার করা হয় উমর খালিদ এবং শারজিল ইমামকে। (Umar Khalid)তদন্তকারী সংস্থার অভিযোগ, দাঙ্গার আগে এবং সেই সময়কার ঘটনাপ্রবাহের পিছনে বৃহত্তর ষড়যন্ত্র ছিল। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে সেই অভিযোগের বিরোধিতা করা হয়েছে এবং তাঁরা নিজেদের জামিনের দাবিতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
এই মামলায় শারজিল ইমামকে ২০২০ সালের ২৫ আগস্ট গ্রেফতার করা হয়েছিল। অন্যদিকে, উমর খালিদ গ্রেফতার হন একই বছরের ১৩ সেপ্টেম্বর। তারপর থেকে দীর্ঘ সময় ধরে তাঁরা বিচারাধীন বন্দি হিসেবে কারাগারে রয়েছেন। তাঁদের দীর্ঘ কারাবাসের বিষয়টি বারবার জামিনের আবেদনে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে।
আইনজীবীদের বক্তব্য, বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হলে অভিযুক্তদের ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্নও সামনে আসে। অন্যদিকে, ইউএপিএ-র মতো কঠোর আইনের ক্ষেত্রে জামিনের আবেদন বিবেচনার জন্য নির্দিষ্ট আইনি শর্ত এবং বিধিনিষেধ রয়েছে। ফলে এই মামলায় আদালতের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।