প্রাইম টাইমে বাংলা ছবি না–দেখালে লাইসেন্স বাতিল, বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী
এই সময়: সিনেমা দেখানো ঘিরে জটিলতায় শিরোনামে ‘সাধক বামাক্ষ্যাপা’। মঙ্গলবার নবান্ন সভাঘরে টলিউডের প্রযোজক, পরিবেশক, পরিচালক ও সিনেমা হল মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, প্রেক্ষাগৃহে ‘সাধক বামাক্ষ্যাপা’ প্রদর্শন বন্ধ করা যাবে না। নির্দেশ অমান্য হলে সংশ্লিষ্ট হলের লাইসেন্স পর্যন্ত বাতিল হতে পারে।
‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটি ঘিরে সোমবার থেকে জটিলতার সৃষ্টি হয়। প্রযোজক এসভিএফ–এর তরফে দাবি করা হয় ‘ইয়ে প্রেম মোল লিয়া’ হিন্দি ছবির জন্য শো দেওয়া হচ্ছে না বাংলা ছবিকে। তার প্রেক্ষিতে সাংবাদিক বৈঠকও করেন বামাক্ষ্যাপার পরিচালক, কলাকুশলীরা। এর পরে মঙ্গলবার নবান্নের বৈঠকে দক্ষিণ কলকাতার ‘প্রিয়া’ সিনেমার মালিক অরিজিৎ দত্তের কাছে এই সিনেমার প্রদর্শন বন্ধ করা নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভপ্রকাশ করেন।
শুভেন্দু বলেন, ‘কার নির্দেশে ছবিটির প্রদর্শন বন্ধ করা হয়েছে? আগের সরকারের আমলে কী হয়েছে জানি না। বর্তমান সরকারের সময়ে এ ধরনের ঘটনা সহ্য করা হবে না।’ একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিনেমা চালিয়ে হল মালিকদের লোকসান হলে নির্দিষ্ট পদ্ধতি মেনে সেটারও দায়িত্ব নেবে প্রযোজক আর রাজ্য সরকার।
গত ২০ নভেম্বর ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটি মুক্তি পাওয়ার পরে দর্শক মহলে সাড়া ফেলে। তার পরেই একটি হিন্দি ছবিকে জায়গা দিয়ে এই সিনেমার প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নেয় কিছু প্রেক্ষাগৃহ। সেই নিয়ে বিজেপি বিধায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষের বক্তব্য, ‘হিন্দি বা অন্য ভাষায় নির্মিত সিনেমার প্রদর্শন বন্ধ করতে তো বলা হয়নি। বাংলা সিনেমা দর্শক নিলে তাকে সুযোগ দিতে হবে।’ জানা গিয়েছে, সিনেমা সংক্রান্ত সমস্যা নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর মিঠুন চক্রবর্তীর তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি নিজেদের মধ্যে আলোচনা করে ২৭ নভেম্বর ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে।
মুখ্যমন্ত্রী এ দিন নবান্নে চলচ্চিত্র জগতের প্রতিনিধিদের স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যের প্রতিটি সিনেমা হলে প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবির প্রদর্শন বাধ্যতামূলক করতে হবে। প্রাইম টাইম মানে দুপুর ৩টে থেকে রাত ৯টার শো–র মধ্যে অন্তত একটি শো। তাঁর ব্যাখ্যা, অন্য ভাষার ছবি প্রদর্শনে বাধা নেই। তবে বাংলা ছবির জন্য নির্দিষ্ট প্রাইম টাইম শো নিশ্চিত করতেই হবে।
নবান্নের বৈঠকে মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভার্চুয়ালি যোগ দেন। হাজির ছিলেন পাপিয়া অধিকারী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ, রাজ চক্রবর্তী, শ্রীকান্ত মোহতা–সহ কলকাতার সিনেমা হল মালিকরা।
মুখ্যমন্ত্রী জানান, আগামী দেড় বছরে সরকারি উদ্যোগে রাজ্যে ৫১টি হল তৈরি করা হবে। আরও কিছু হল সংস্কার করা হবে। সরকারের পাশাপাশি কোনও বেসরকারি উদ্যোগে কেউ প্রেক্ষাগৃহ তৈরি করতে চাইলে, তাঁদেরও স্বাগত। বৈঠক শেষে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘আলোচনা অত্যন্ত ইতিবাচক। বাংলা সিনেমার জন্য ভালো ফল মিলবে বলেই আশা করা যায়।’
প্রসঙ্গত, তৃণমূল সরকার গত বছরে বাংলা সিনেমার স্বার্থরক্ষায় সিনেমা হলে প্রদর্শন নিয়ে সরকারি নির্দেশিকা প্রকাশ করেছিল। কিন্তু তা কার্যকর করা হয়নি। কেন? কৌশিক গঙ্গোপাধ্যায় বলছেন, ‘আগেরবার বিষয়টা রেজিস্টার্ড ছিল না। একটা নোটিস বেরিয়েছিল। বাংলা ছবি পশ্চিমবঙ্গে হল পাবে না, এটা কখনও কাম্য নয়। মুখ্যমন্ত্রী সেটা হতে দেবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন।’
তা হলে কি কোনও বাংলা ছবিকে দর্শক না–নিলেও সেটাকে প্রাইম টাইমে চালাতে হবে? কৌশিকের মন্তব্য, ‘আজকের দিনে একজন প্রযোজক চাইলেই যে কোনও সময়ে বাংলা ছবি রিলিজ় করতে পারেন না। এগজ়িবিটরদের সময় দেখে বলেন, কোনও হিন্দি ছবি আসছে কি না, কোথায় গ্যাপ রয়েছে। কিন্তু বাংলা ছবিকে তো একটা কম্পিট করার মতো জায়গা দিতে হবে।
এখনও বাংলা ছবি চলে ওয়ার্ড অফ মাউথে। একটা সপ্তাহ বাজারটা ধরতে লাগে। প্রযোজক একটা ক্যাপিটাল ইনভেস্ট করেন। ১০০–১৫০ জনের সংসার চলে তার থেকে। হল মালিকরা তো সেই সিনেমার শুরুতে আর বিরতিতে বিজ্ঞাপন চালিয়ে, ফুড–বেভারেজ বিক্রি করে ইনকাম করেন। কিন্তু প্রোডিউসারের দিকটাও তো দেখতে হবে।’
অন্য দিকে প্রিয়া সিনেমা হলের মালিক অরিজিৎ দত্ত বলছেন, ‘আজকাল একটা বাংলা ছবি সাত থেকে বারো দিনে তৈরি হয়। অনেক সময়ে ওটিটির জন্য তৈরি ফিল্ম জোর করে বড় পর্দায় চালানো হয়। এগজ়িবিটর কেন সেই লস নেবেন? মুখ্যমন্ত্রী দু’তরফের সমস্যাই শুনে বলেছেন, লোকসান হলে তা সরকার আর প্রযোজকের তরফ থেকে দেওয়া হবে। প্রফিটটা বাদ দিয়ে। মেকানিজ়মটা কী হবে জানি না এখনও। যদি তিন–টারটে ফিল্ম চালিয়ে লস হয়, আর তারপর যদি প্রযোজক আর সরকারের তরফে সাহায্য না পাই, তখন আবার ভেবে দেখতে হবে।’