'নিরাপত্তা পাওয়ার পূর্ন অধিকার আছে!' হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কলম ধরলেন তসলিমা - 24 Ghanta Bangla News
Home

‘নিরাপত্তা পাওয়ার পূর্ন অধিকার আছে!’ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কলম ধরলেন তসলিমা

Spread the love


নয়াদিল্লি: আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা ঘোষণা করেছেন (Taslima Nasrin)বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রত্যাবর্তন নিয়েই এখন উত্তাল বাংলাদেশের রাজনৈতিক মহল। জায়গায় জায়গায়…

নয়াদিল্লি: আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা ঘোষণা করেছেন (Taslima Nasrin)বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রত্যাবর্তন নিয়েই এখন উত্তাল বাংলাদেশের রাজনৈতিক মহল। জায়গায় জায়গায় শুরু হয়েছে দাঙ্গা এবং আওয়ামী লীগের কর্মীদের উপর নির্যাতন। ইসলামপন্থীদের এই রোষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। এবার হাসিনার এই প্রত্যাবর্তন নিয়েই সমাজমাধ্যমে কলম ধরলেন সাহিত্যিক তসলিমা নাসরিন।

তসলিমা বলেছেন শেখ হাসিনার নিজের দেশে ফিরে আসার পূর্ণ অধিকার রয়েছে। তাঁর বিরুদ্ধে যত গুরুতর অভিযোগই থাকুক না কেন, সেগুলির জবাব দেওয়ার এবং নিরপেক্ষ আদালতে নিজের বক্তব্য পেশ করার সুযোগ তাঁকে দিতে হবে। নিজের পছন্দের আইনজীবীর সাহায্য নেওয়া, অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করা এবং আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন জানানোর অধিকারও প্রত্যেক নাগরিকের রয়েছে।

আরও দেখুনঃ দেশের ইতিহাসে প্রথমবার নগদ টাকা তোলার পরিমাণকে ছাপিয়ে গেল ক্রেডিট কার্ড-অনলাইন পেমেন্ট

তসলিমার মতে, দেশে ফিরে আসার অধিকার কোনও সরকারের দয়া বা অনুগ্রহের বিষয় নয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার হিসেবেই এই অধিকারকে দেখতে হবে। তবে আদালতে যদি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তাঁকে আইনের আওতায় এনে জবাবদিহি করতে হবে। একইসঙ্গে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও রাষ্ট্রের।

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তসলিমা। তাঁর মতে, হাসিনার রাজনীতির সমালোচনা করার অর্থ এই নয় যে তাঁর প্রতি অন্যায়কে সমর্থন করতে হবে। একইভাবে, তাঁর শাসনকালে সংঘটিত অন্যায়ের বিচার দাবি করার পাশাপাশি তাঁর মানবাধিকার রক্ষার দাবিও তোলা সম্ভব। তসলিমার কথায়, পছন্দের মানুষের ক্ষেত্রেই যদি মানবাধিকারের দাবি ওঠে, তাহলে সেই অধিকারের প্রকৃত অর্থই হারিয়ে যায়।

কোনও দেশ কোনও রাজনৈতিক দল বা শাসকের ব্যক্তিগত সম্পত্তি নয়। (Taslima Nasrin)তাই শেখ হাসিনার দেশে ফেরার পাশাপাশি রাজনীতি করার এবং নিজের দলকে সংগঠিত করার অধিকারও থাকা উচিত বলে মনে করেন তিনি। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকলে তার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ এবং আদালতে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ থাকা প্রয়োজন।

শিক্ষাব্যবস্থার ক্ষেত্রেও আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করেছেন তসলিমা। তাঁর বক্তব্য, ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর পরিবর্তে আধুনিক, বিজ্ঞানভিত্তিক এবং ধর্মনিরপেক্ষ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। প্রত্যেক শিশুকে বিজ্ঞান ও ইতিহাস শেখানোর পাশাপাশি প্রশ্ন করতে এবং যুক্তি দিয়ে চিন্তা করতে শেখানো প্রয়োজন।

ছোট থেকেই নারী-পুরুষের সমানাধিকার, ভিন্ন ধর্মের মানুষের অধিকার এবং ধর্মে অবিশ্বাসীদের মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে শিক্ষিত করে তুলতে হবে নতুন প্রজন্মকে। সমাজে সাম্প্রদায়িকতা, নারী বিদ্বেষ, ধর্ষণ, খুন, দুর্নীতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও জানিয়েছেন তিনি। অপরাধী যে ধর্মের, রাজনৈতিক দলের কিংবা আর্থিক অবস্থানেরই হোক না কেন, তাকে কোনওভাবেই রক্ষা করা উচিত নয় বলে মনে করেন সাহিত্যিক।

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং নারীদের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তসলিমা। তাঁর মতে, কোনও নারী যেন নিজের ইচ্ছামতো স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেন, কোনও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন এবং কেউ যেন নিজের মতামত প্রকাশ করতে গিয়ে আতঙ্কের মধ্যে না থাকেন। কী পোশাক পরবেন, কাকে ভালোবাসবেন কিংবা কী লিখবেন, তা কোনও রাজনৈতিক দল বা ধর্মীয় সংগঠন ঠিক করে দিতে পারে না। মানুষের ব্যক্তিগত স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *