শান্তিনিকেতনের পর আসানসোল, পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দিল অভিযুক্ত - 24 Ghanta Bangla News
Home

শান্তিনিকেতনের পর আসানসোল, পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দিল অভিযুক্ত

Spread the love


বোলপুর: পুলিশের হাতে ধরা পড়ার আগেই গুলি চালিয়ে এলাকা ছাড়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার আসানসোলের হিরাপুর থানার ইসমাইল এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে…

বোলপুর: পুলিশের হাতে ধরা পড়ার আগেই গুলি চালিয়ে এলাকা ছাড়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার আসানসোলের হিরাপুর থানার ইসমাইল এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের নাম প্রতাপ দাস। তাঁকে খুঁজতে আসানসোলের একাধিক থানার পুলিশ যৌথভাবে অভিযান শুরু করেছে। তবে তাঁর ছোড়া গুলিতে কোনও পুলিশকর্মী আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতাপের বিরুদ্ধে সাইবার প্রতারণার অভিযোগে আসানসোল দক্ষিণ থানায় মামলা দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তের সূত্রেই বুধবার তাঁকে গ্রেফতার করতে ইসমাইল এলাকায় পৌঁছয় পুলিশের একটি দল। অভিযোগ, পুলিশ তাঁকে ধরার চেষ্টা করতেই আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান প্রতাপ। এরপর সেখান থেকে পালিয়ে যান তিনি। ঘটনার পর আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ এবং হিরাপুর থানার আধিকারিকেরা তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেন।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে কোনও পুলিশকর্মীর গায়ে গুলি লাগেনি। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এই ঘটনার জেরে ফের সামনে এল সাম্প্রতিক অতীতে শান্তিনিকেতনে পুলিশের উপর হামলার স্মৃতি। গত ১৩ নভেম্বর বীরভূমের লায়েকবাজারে রতন শেখ নামে এক অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। তাঁর বাঁ পায়ে গুলি লাগে। প্রথমে চিকিৎসার জন্য তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

পুলিশ সূত্রের দাবি, পরে পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকা থেকে রতনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশকর্মীকে গুলি করার ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের হদিসও তিনি দেন বলে দাবি তদন্তকারীদের। সেই অস্ত্র উদ্ধার করতে ১৫ নভেম্বর তাঁকে নিয়ে নানুরের উচকরন এলাকার একটি ইটভাটায় যায় পুলিশ। অভিযোগ, সেখানে ফের গুলি চালান রতন। পুলিশের গাড়িতেও গুলি লাগে। এরপর পুলিশ পাল্টা গুলি চালালে জখম হন রতন। তাঁকে নানুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আসানসোলের ঘটনায় অভিযুক্ত প্রতাপ দাসের খোঁজে এখন তল্লাশি চলছে।

গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভ, খুলনায় আওয়ামী লীগ নেতা খুন! চাপে তারেক সরকার

চলন্ত সুপারফাস্ট ট্রেনে পাথর হামলা, অল্পের জন্য রক্ষা তরুণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *