মধ্যরাতেও রাসের বাজনা, প্যান্ডেলে ছুটলেন বিধায়ক, তার পরে…
রাস পূর্ণিমার রাতে আলোর রোশনাইয়ে মেতে উঠেছে নবদ্বীপ। সেই উৎসবের আনন্দের তাল কাটল মধ্যরাতের বাজনা। একাধিক প্যান্ডেলে গভীর রাতেও বাজনা বাজছে শুনেই স্কুটি চেপে বেরিয়ে পড়লেন নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী। অলিগলি ঘুরে কমিটির লোকজনের সঙ্গে কথা বলে সেই বাজনা বন্ধ করলেন তিনি।
শ্রীচৈতন্যের জন্মভূমি নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসব। আলোর রোশনাই, দর্শনার্থীদের ভিড় আর মণ্ডপে মণ্ডপে উৎসবের আবহে মেতে ওঠেছে গোটা শহর। এরই মধ্যে রাত ১টা পরেও বিভিন্ন মণ্ডপে তারস্বরে বাজছে বাজনা। সেই বাজনায় অতিষ্ঠ নবদ্বীপবাসী।
মধ্য রাতেও বিভিন্ন মণ্ডপে বাজনা বাজানোর খবর পৌঁছয় নবদ্বীপের বিধায়কের কাছেও । সেই খবর পাওয়ার পরে আর ঘরে বসে থাকলেন না তিনি। মঙ্গলবার রাত দেড়টার পর নিজেই স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন শহরের বিভিন্ন অলিগলি ও পুজো মণ্ডপ পরিদর্শনে। নিরাপত্তার বহর ছাড়াই নিজের স্কুটিতে নবদ্বীপের বিভিন্ন বারোয়ারি রাস কমিটির প্যান্ডেলে পৌঁছন বিধায়ক। সেখানে গিয়ে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। হাতজোড় করে বাজনা বন্ধ করার অনুরোধ জানান।
এত রাতে বিধায়ককে এই ভাবে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে দেখে প্রথমে কার্যত হতবাক হয়ে যান উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষ। তবে বিধায়কের অনুরোধে কোনও আপত্তি করেননি কমিটির সদস্যরা। তিনি মণ্ডপে পৌঁছে অনুরোধ করতেই একে একে বন্ধ হয়ে যায় বাজনা।
রাতে যাতে সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের কোনও অসুবিধা না হয়, সেই বিষয়টিকেই গুরুত্ব দেন বিধায়ক।
মধ্য রাতে, নির্দিষ্ট সময়ের পরেও কেন পুলিশ এই বাজনা বন্ধ করতে উদ্যোগ নেয়নি তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। সেই সঙ্গেই বিধায়কের ভূমিকারও প্রশংসা করেন তাঁরা।
তবে, বিধায়ক জানিয়েছেন, সাধারণ মানুষের অসুবিধার কথা চিন্তা করে নিজের কর্তব্য পালন ছাড়া বিশেষ কিছু করেননি তিনি।