বিনামূল্যে কিশোর ভারতীর সুযোগ, ক্রীড়ামন্ত্রীর উদ্দেশ্যে বিশেষ পোস্ট মহামেডানের

ইন্ডিয়ান ফুটবল লিগের শুরুটা ভালো হয়নি মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ধরাশায়ী হওয়ার পর এই টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক প্রত্যাশা ছিল সমর্থকদের। কিন্তু…
ইন্ডিয়ান ফুটবল লিগের শুরুটা ভালো হয়নি মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ধরাশায়ী হওয়ার পর এই টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক প্রত্যাশা ছিল সমর্থকদের। কিন্তু সেটা এখনও পূরণ করতে পারেনি দল। এই টুর্নামেন্টের কথা মাথায় রেখে বহু আগে থেকেই পরিকল্পনা তৈরি থাকলেও বাস্তবায়িত করতে দেখা দিয়েছিল নানা সমস্যা। তারপর অল্প সময়ের মধ্যেই প্রস্তুতি সেরে টুর্নামেন্টে প্রথম ম্যাচে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল পাহাড়ের ফুটবল ক্লাব শিলং লাজং এফসির বিরুদ্ধে। সেই ম্যাচে অনবদ্য ফুটবল খেলেছিলেন গোলরক্ষক নিখিল ডেকা।
কিন্তু শেষ পর্যন্ত গোল হজম করে ম্যাচ পরাজিত হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। যেটা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। সেই ধাক্কা ভুলে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও এখনও পর্যন্ত তা সম্ভব হয়নি। শিলং লাজং ম্যাচের পর বেঙ্গালুরু ইউনাইটেডের পাশাপাশি গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধেও খেলেছিল শাহিদ রমনের ফুটবল দল। কিন্তু জয় আসেনি। গত দুইটি ম্যাচে নাস্তানাবুদ হতে হয়েছিল ব্ল্যাক প্যান্থার্সদের। যার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। তিন ম্যাচ খেলে শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের একদম শেষে রয়েছে কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান।
বুধবার বিকেলে তাদের পরবর্তী ম্যাচ। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে রাজস্থান ইউনাইটেড এফসি। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে প্রত্যেকের। তবে এই টুর্নামেন্টের প্রথম থেকেই হোম ম্যাচগুলি খেলতে হচ্ছিল কল্যাণী স্টেডিয়ামে। যেটা নিঃসন্দেহে যাতায়াতের ক্ষেত্রে প্রভাব ফেলছিল সাদা-কালো সমর্থকদের একটা বিরাট অংশে। তবে এবার রাজ্যের ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের হস্তক্ষেপে বিশেষ সুবিধা পেল রেড রোডের এই ফুটবল ক্লাব। রাজ্য সরকারের সহায়তার দরুন এবার থেকে ইন্ডিয়ান ফুটবল লিগের প্রত্যেকটি ম্যাচ কিশোর ভারতী স্টেডিয়ামে বিনামূল্যে আয়োজন করতে পারবে মহামেডান স্পোর্টিং ক্লাব।
সেই নিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে ধন্যবাদ জানিয়ে বিশেষ পোস্ট করা হয় ক্লাবের তরফে। যেখানে লেখা হয়, ‘আমাদের ইন্ডিয়ান ফুটবল লিগের সকল হোম ম্যাচের জন্য কিশোর ভারতী ক্রীড়াঙ্গন বিনামূল্যে ব্যবহারের সুযোগ করে দিয়ে সদয় সমর্থন ও উদারতা দেখানোর জন্য মহামেডান স্পোর্টিং ক্লাব মাননীয় ক্রীড়া মন্ত্রী ডঃ ইন্দ্রনীল খাঁয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।’
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates