ইতিহাসের পুনরাবৃত্তি! দেশে ফেরার ঘোষণার মধ্যেই চর্চায় হাসিনার প্রথম প্রত্যাবর্তন
আওয়ামি লিগের নেতারা জানিয়েছেন, হাসিনার সেই প্রত্যাবর্তন শুধুমাত্র একজন নেত্রীর দেশে ফিরে আসা ছিল না। তা ছিল আওয়ামি লিগের নতুন যাত্রার সূচনা। সেই সময়েও কঠিন অবস্থার মধ্যে ছিল আওয়ামি লিগ। দলের অনেক নেতাই ছিলেন কারাগারে, কেউ ছিলেন আত্মগোপন করে, আবার একটি অংশ ছিলেন নিষ্ক্রিয়। দেশে ফিরে এসে সবাইকে একত্রিত করে দলকে ফের সংগঠিত করেন হাসিনা। তবে সেই কাজ সহজ ছিল না। ১৯৮২ সালে বাংলাদেশের ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান হুসেইন মহম্মদ এরশাদ। ১৯৮৩ সালে দলের একটি অংশ বেরিয়ে যায়। এর পরে ১৫ দলের জোট গঠন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে লড়াই শুরু করেন হাসিনা। একাধিকবার গৃহবন্দি করা হয় তাঁকে। তবু থেমে থাকেননি তিনি। ১৯৯১ সালে বিরোধী দল হিসেবে নির্বাচিত হওয়ার পরে, ১৯৯৬ সালে হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্ষমতায় আসে আওয়ামি লিগ।