Vaibhav Sooryavanshi: বৈভব 'তাণ্ডবে' বিশ্বরেকর্ডের ছড়াছড়ি, ক্রিকেটকে 'মোবাইল গেম' বানিয়ে ফেললেন সূর্যবংশী | Vaibhav Sooryavanshi fastest double century World Record Asia Cup Rising Stars India A vs UAE - 24 Ghanta Bangla News
Home

Vaibhav Sooryavanshi: বৈভব ‘তাণ্ডবে’ বিশ্বরেকর্ডের ছড়াছড়ি, ক্রিকেটকে ‘মোবাইল গেম’ বানিয়ে ফেললেন সূর্যবংশী | Vaibhav Sooryavanshi fastest double century World Record Asia Cup Rising Stars India A vs UAE

Spread the love

Vaibhav Sooryavanshi: বৈভব 'তাণ্ডবে' বিশ্বরেকর্ডের ছড়াছড়ি, ক্রিকেটকে 'মোবাইল গেম' বানিয়ে ফেললেন সূর্যবংশী

মাত্র ৫২ বলে দ্বিশতরান বৈভব সূর্যবংশীরImage Credit: PTI

দোহা: গলি ক্রিকেট। মোবাইলে ক্রিকেট গেম। কিংবা স্বপ্নে ক্রিকেট খেলা। যেকোনও জায়গাতেই বিধ্বংসী রূপের সীমারেখা একটা যেন থাকেই। সেই সব সীমারেখা সাফ করে দিল সে। মঙ্গলবার দোহা ক্রিকেট স্টেডিয়াম যা দেখল, তা মোবাইল ক্রিকেট গেমেও দেখা যায় না। রীতিমতো তাণ্ডব। মাত্র ৫২ বলে দ্বিশতরান। হ্যাঁ, ঠিকই পড়ছেন। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ভারত-এ’র হয়ে ব্যাট হাতে মাত্র ৫২ বলে দ্বিশতরান করল বৈভব সূর্যবংশী। তার ‘তেজে’ ক্রিকেট বিশ্বের একাধিক রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেল।

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে এদিন দোহা স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় UAE। পঞ্চাশ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৯ রান করে তারা। সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে ১৩০ রান করেন হরপ্রীত সিং ভাটিয়া। ভারতের হয়ে ৪ উইকেট নেন আরশাদ খান।

২৫০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ভারতের হয়ে ওপেনিং জুটিতে ক্রিচে নামে বৈভব এবং অভিষেক শর্মা। তখনও ক্রিকেট বিশ্ব হয়তো ভাবতে পারেনি, আগামী ১ ঘণ্টায় কী তাণ্ডব হতে চলেছে দোহা স্টেডিয়ামে। শুরু থেকে ঝড় বইতে শুরু করল স্টেডিয়ামজুড়ে। এ ঝড় অবশ্য ছক্কার। ৩ ওভার ৩ বলে ভারত প্রথম উইকেট হারায়। আউট হন অভিষেক। ৫ বলে ১২ রান করেন। কিন্তু, জানেন কি, ভারতের রান তখন কত? ৬৮। ঠিকই পড়ছেন। একদিনের ক্রিকেটে সাড়ে ৩ ওভারে রান উঠল ৬৮। ততক্ষণে অর্ধশতরান করে ফেলেছে ১৫ বছরের বৈভব। বল খেলেছে মাত্র ১৬টি।

অভিষেক আউট হওয়ার পর ভারতের রানের গতি কি কমবে? এই প্রশ্ন যখন উঠছে, ততক্ষণে মাঠের চারদিকে আছড়ে পড়তে শুরু করল একের পর এক ছক্কা। প্রভসিমরন সিং একদিকে দাঁড়িয়েই রইলেন। শুধু দেখতে থাকলেন বৈভব ঝড়। চার বলে ৩ রান করে প্রভসিমরন যখন আউট হলেন, ততক্ষণে ২৫ বলে ৮৯ রানে পৌঁছে গিয়েছে বৈভব।

প্রভসিমরনের আউটের প্রভাব যে তার ব্যাটে পড়েনি, সেটা যেন ছয় মেরেই বুঝিয়ে দেয় বৈভব। তারপর পরের ২ বলে দুটো চার মেরে সেঞ্চুরি পূর্ণ করে সে। মাত্র ২৮ বলে সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরির ক্রিকেটে বিশ্বরেকর্ড। অস্ট্রেলিয়ার জেক ফ্রসের ম্যাকগার্ক প্রথম শ্রেণির ম্যাচে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিল বৈভব।

সেঞ্চুরির পর বৈভবের রানের গতি আরও কিছুটা বেড়ে গেল। অন্য প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শুধু দেখে গেলেন রিঙ্কু সিং। ৪০ বলে দেড়শত রান পূর্ণ করে বৈভব। তারপর শুধু যেন ছক্কা আর চারের বন্যা দেখা গেল। ছক্কা মেরে ৫২ বলে দ্বিশতরান পূর্ণ করে যখন ব্যাট তুলল বৈভব, তখনও বিস্ময়ের ঘোর কাটেনি দর্শকদের। ৫২ বলের মধ্যে ২৮টি ছয় আর ৭টি চার। অর্থাৎ ছয় ও চারেই এল ১৯৬ রান। পরের বলে যখন আউট হয়ে ফিরছে বৈভব, তখন তার নামের পাশে একাধিক বিশ্বরেকর্ড।

আড়াইশো রান তাড়া করতে নেমে বৈভব একাই করল ২০৪ রান। আর প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে বৈভব বলল, প্রথম ১-২ বল দেখার পরই সে বুঝে যায়, এই পিচে বোলাররা সাহায্য পাচ্ছে না। তারপরই সে ঠিক করে নেয়, কী করতে হবে। স্কোরবোর্ডও সেটাই বলছে। প্রথম ২ বলে কোনও রান আসেনি। তৃতীয়, চতুর্থ পঞ্চম বল গিয়ে পড়ে বাউন্ডারির বাইরে।         

ক্রিকেট বিশ্ব তাকে ভবিষ্যতের শচিন তেন্ডুলকর বলছে। আর সে নিজে কী ভাবছে? উত্তর হয়তো ব্যাটেই দিতে চায় বৈভব। সে যে ক্রিকেট বিশ্বকে শাসন করতে এসেছে, সেই বার্তা স্পষ্ট করে দিল ১৫ বছরের বাঁ হাতি ব্যাটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *