Mosquito Bites: রক্ত মিষ্টি বলেই কি মশা বেশি কামড়ায়? কারণ জানলে চমকে উঠবেন | Why Do Mosquitoes Bite Some People More Than Others? Blood Group, Skin Bacteria and Other Scientific Reasons
কাদের প্রতি মশার বেশি আকর্ষণ?Image Credit: Free pik
বর্ষাকাল হোক বা গরমের দিন কিংবা শীতকাল, মশার উপদ্রব সবসময় হয়। কখনও খেয়াল করেছেন, একই জায়গায় পাশাপাশি বসে থাকলেও কাউকে মশা বেশি কামড়ায়, আবার কেউ প্রায় রেহাই পেয়ে যান! কেন এমন হয়? প্রচলিত ধারণা, যাঁদের রক্ত মিষ্টি, মশা নাকি তাঁদেরই বেশি কামড়ায়। আবার অনেকের মতে, রক্তের গ্রুপের উপরেও নির্ভর করে মশার পছন্দ। তবে এর পিছনে রয়েছে আরও কিছু বৈজ্ঞানিক কারণ। গবেষণা বলছে, রক্তের গ্রুপ থেকে শুরু করে ত্বকের ব্যাকটেরিয়া, শরীরের গন্ধ, এমনকী পোশাকের রংও মশাকে আকৃষ্ট করতে পারে।
কোন রক্তের গ্রুপের মানুষকে বেশি কামড়ায় মশা?
এই বিষয়ে একটি উল্লেখযোগ্য গবেষণা প্রকাশিত হয়েছিল ‘জার্নাল অফ মেডিক্যাল এনটোমোলজি’তে। সেখানে দেখা যায়, এডিস অ্যালবোপিকটাস বা টাইগার মশা, A গ্রুপের রক্তের তুলনায় O গ্রুপের রক্তের গ্রুপের মানুষদের বেশি পছন্দ করে। B গ্রুপের রক্তের ক্ষেত্রে আকর্ষণের মাত্রা মাঝামাঝি। অর্থাৎ, রক্তের গ্রুপের সঙ্গে মশার আকর্ষণের সম্পর্ক রয়েছে বলেই গবেষণায় ইঙ্গিত মিলেছে। তবে শুধু রক্তের গ্রুপই এর একমাত্র কারণ নয়।
গবেষকদের মতে, প্রায় ৮০ শতাংশ মানুষের শরীর থেকে রক্তের গ্রুপের সঙ্গে সম্পর্কিত বিশেষ অ্যান্টিজেন নিঃসৃত হয়। শুধু রক্তেই নয়, ঘাম, লালা এবং শরীরের অন্যান্য তরলেও থাকে এই উপাদান। এঁদের বলা হয় ‘সিক্রেটর’। মশা বাতাসে এবং ত্বকের উপর থাকা এই রাসায়নিক সংকেত শনাক্ত করতে পারে। ফলে O গ্রুপের রক্তের অধিকারী কোনও ‘সিক্রেটর’ ব্যক্তিকে মশা তুলনামূলক বেশি আকর্ষণীয় মনে করতে পারে। অন্যদিকে, একই রক্তের গ্রুপ হলেও যাঁরা ‘নন-সিক্রেটর’, তাঁদের ক্ষেত্রে এই আকর্ষণ কম হতে পারে।
ত্বকের ব্যাকটেরিয়াও কি মশাকে আকর্ষণ করে?
ত্বকের উপর অসংখ্য ব্যাকটেরিয়া বাস করে। এই ব্যাকটেরিয়াগুলিকে একত্রে বলা হয় স্কিন মাইক্রোবায়োম। এগুলি বিভিন্ন ধরনের উদ্বায়ী রাসায়নিক পদার্থ তৈরি করে, যার কোনওটি মশাকে আকর্ষণ করে, আবার কোনওটি মশাকে দূরে রাখতে পারে।
নেদারল্যান্ডসের একটি গবেষণায় দেখা গিয়েছে, যাঁদের ত্বকে ব্যাকটেরিয়ার বৈচিত্র্য বেশি, তাঁদের মশার কামড় খাওয়ার প্রবণতা তুলনামূলক কম হতে পারে। অন্যদিকে, ত্বকে নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়ার আধিক্য মশাকে বেশি আকৃষ্ট করতে পারে। সেই কারণেই একই পরিবারের সদস্যদের মধ্যে অনেক সময় মশার কামড় খাওয়ার প্রবণতা বেশি দেখা যায়। কারণ, পরিবারের সদস্যদের মধ্যে জিনগত বৈশিষ্ট্যের পাশাপাশি ত্বকের ব্যাকটেরিয়ার গঠনেও মিল থাকতে পারে।
আর কী কী কারণে বেশি কামড়ায় মশা?
শুধু রক্তের গ্রুপ কিংবা ত্বকের ব্যাকটেরিয়া নয়, আরও কয়েকটি বিষয় মশাকে আকৃষ্ট করতে পারে।
গবেষণায় দেখা গিয়েছে, মাত্র এক বোতল বিয়ার পান করলেও মশার কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারেন কেউ কেউ। এর কারণ হিসেবে গবেষণায় শরীরের তাপমাত্রার পরিবর্তন এবং ঘামের মাধ্যমে ইথানল নিঃসরণের কথা উঠে এসেছে।
গবেষণায় দেখা গিয়েছে, সাধারণ মহিলাদের তুলনায় গর্ভবতীদের মশা প্রায় দ্বিগুণ বেশি আকর্ষণ করতে পারে। এর পিছনে শরীরের তাপমাত্রা বৃদ্ধি এবং কার্বন ডাই-অক্সাইড নির্গমনের ভূমিকা থাকতে পারে।
কালো, গাঢ় নীল এবং লাল রঙের পোশাক পরলে মশার নজরে পড়ার সম্ভাবনা বাড়তে পারে। বিশেষ করে কাছাকাছি চলে আসার পর মশা দৃষ্টিশক্তির সাহায্যে শিকার চিহ্নিত করার সময় এই রংগুলি তাদের আকৃষ্ট করতে পারে।
মশা কি সত্যিই বেছে বেছে কামড়ায়?
বিজ্ঞান বলছে, মশা মোটেও নির্বিচারে কামড়ায় না। শিকার বেছে নেওয়ার আগে তারা একাধিক সংকেত বিশ্লেষণ করে। মানুষের নিঃশ্বাস থেকে বেরনো কার্বন ডাই-অক্সাইড, শরীরের তাপমাত্রা, ত্বকের রাসায়নিক গঠন, ঘামের গন্ধ, ত্বকের ব্যাকটেরিয়া এবং রক্তের গ্রুপের মতো বিষয় তাদের আকর্ষণের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।