Hooghly: গলায় উত্তরীয় পরিয়ে ধূপ-ধুনো জ্বালিয়ে গরু পুজো করলেন বিজেপি বিধায়ক | BJP MLA worships cow by wearing Uttariya around his neck and burning incense
গোপুজোImage Credit: Tv9 Bangla
হুগলি: সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছিলেন আইন গো-হত্যা করতে দেবে না সরকার। আর তারপরই জোর অ্যাকশন। মঙ্গলবার হুগলির মগড়ার একটি গোশালায় গিয়ে গো-পুজো দিলেন সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ। হুগলির মগড়া ইসলামপাড়ার মন্দিরতলার খাটালে গরু পুজো করেন সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ। গোশালায় গিয়ে গোরুর গায়ে উত্তরীয় পরিয়ে দেন তিনি। প্রদীপ, ধূপ দিয়ে বরণ করার পাশাপাশি ফল খাইয়ে দেন। পুরোহিতের সঙ্গে মন্ত্র উচ্চারণ করে গরু পুজোয় অংশ নেন বিধায়ক।
স্বরাজ ঘোষ বলেন, “পরম্পরায় ভগবতী দেবী হচ্ছে আমাদের দেবতা। আজ গোশালায় এসেছিলাম পুজো করতে। সারা রাজ্যের মানুষ জানতে পেরেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন, কোনও গো-হত্যা করা যাবে না। গরু হচ্ছে আমাদের দেবতা, তাই গোমাতাকে কখনওই হত্যা করা যাবে না। সপ্তগ্রাম বিধানসভা এলাকার পুলিশ প্রশাসন থেকে সকলকে বার্তা দিতে চাই, গো-হত্যা বন্ধ করা হোক এবং কোথাও হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আজকের পর থেকে কোথাও যদি গো-হত্যা হয়, তাহলে আমরা আন্দোলনে নামব। গোহত্যা করা যাবে না।”
গোকুল মিশন তৈরির বিষয়েও সরকারের আর্থিক সহায়তার কথা তুলে ধরেন বিধায়ক। স্বরাজ বলেন, “সরকারি ভাবে যারা গোশালা করবেন, তাদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে। সপ্তগ্রাম বিধানসভা এলাকায় কেউ গোশালা করলে সরকারি নিয়ম অনুযায়ী তাঁরাও এক লক্ষ টাকা করে পাবেন।পশ্চিমবঙ্গে গো-হত্যা বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তে আমরা অটল। আমার বিধানসভা এলাকায় গোহত্যা বন্ধ করব। সনাতনী হিন্দুদের যে জাগরণ, সেই জাগরণ করতে হবে। সনাতনী হিন্দুরা এটা সহ্য করবে না। যে মাতাকে আমরা পুজো করি, সেই মাতাকে কখনও হত্যা করা যায় না।”
আগের সরকারের প্রসঙ্গ টেনে বিজেপি বিধায়ক বলেন, “আগের সরকার যা করেছে, সব ভুলে যান। আমাদের সরকারের সিদ্ধান্ত, গোমাতাকে কখনও হত্যা করতে দেব না। প্রশাসনের উদ্দেশে তাঁর বার্তা, কেউ গোহত্যা করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দলের কর্মীদেরও বিষয়টি নজরে রাখার নির্দেশ দেন তিনি। কোথাও গোহত্যার ঘটনা নজরে এলে তাঁকে জানানোর কথা বলেন বিধায়ক। তাঁর দাবি, বিষয়টি প্রশাসনের নজরে এনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”