HC On Home Loan: সম্পত্তি কেনার আগে নথিপত্র যাচাই করা ক্রেতারই কাজ, ব্যাঙ্কের নয়! ‘ভুল’ ভাঙাল হাইকোর্ট | Bank Loan Does Not Guarantee Property Ownership: Karnataka High Court Quashes HDFC Bank Case
হোম লোনে বিশেষ রায় কর্নাটক হাইকোর্টের (ইনসেটে বিচারপতি সুরাজ গোবিন্দরাজ)Image Credit: TV9 Bangla
বেঙ্গলুরু: সম্পত্তির নথিপত্র যাচাই করে কোনও ব্যাঙ্ক গৃহঋণ মঞ্জুর করলেই সেই সম্পত্তির মালিকানা সম্পূর্ণ ত্রুটিমুক্ত কিংবা বৈধ—এমনটা মনে করার কোনও অবকাশ নেই। একটি বেসরকারি ব্যাঙ্কের বিরুদ্ধে হওয়া ফৌজদারি মামলার প্রেক্ষিতে স্পষ্ট করে জানিয়ে দিলেন কর্ণাটক হাইকোর্টের বিচারপতি সুরাজ গোবিন্দরাজ। একইসঙ্গে সংশ্লিষ্ট ওই ব্যাঙ্কের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা খারিজ করে দিয়েছে আদালত। আদালতের পর্যবেক্ষণ, ঋণ দেওয়ার আগে ব্যাঙ্কের অভ্যন্তরীণ নথি যাচাই কেবল ঋণদাতা প্রতিষ্ঠানের নিজস্ব আর্থিক স্বার্থ ও ঝুঁকি সামলানোর জন্য, এটি ক্রেতার জন্য মালিকানার কোনও শংসাপত্র বা নিশ্চয়তা নয়।
মামলার প্রেক্ষাপট
লতা জ্যাকব নামে এক ক্রেতা ২০১৭ সালে বেঙ্গালুরুতে একটি সম্পত্তি কেনেন। পরবর্তী সময়ে জানা যায়, ওই সম্পত্তির ওপর একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের আগে থেকেই একটি ঋণ বা দায় রয়েছে। সারফেসি আইন (SARFAESI Act, 2002)-এর আওতায় এসবিআই পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করলে ওই ক্রেতা দাবি করেন, ঋণ মঞ্জুরের আগে বেসরকারি ব্যাঙ্ক সঠিকভাবে টাইটেল যাচাই করেনি এবং ব্যাঙ্কের আইনি অনুমোদন দেখেই তিনি সম্পত্তিটি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) ও ৩৪ ধারায় ব্যাঙ্কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।
শুনানির সময়ে বেসরকারি ব্যাঙ্কের পক্ষে আদালতে সওয়াল করা হয়, ঋণের আবেদন প্রক্রিয়াকরণের সময় নিয়ম মেনেই নথি খতিয়ে দেখা হয়েছিল, যাতে সম্পত্তিটি জামানত বা কোল্যাটারাল হিসেবে সুরক্ষিত থাকে। সম্পত্তির মালিকানা ও নথিপত্র স্বাধীনভাবে যাচাই করার মূল দায়িত্ব ক্রেতার নিজেরই।
বিচারপতি সুরাজ গোবিন্দরাজ তাঁর পর্যবেক্ষণে ‘কেভিয়াট এম্পটর’ বা ‘ক্রেতা সাবধান’ নীতিটি তুলে ধরেন। আদালতের বক্তব্য, স্থাবর সম্পত্তি কেনার আগে বিক্রেতার মালিকানা ও সম্ভাব্য দায় সম্পর্কে নিজস্ব আইনি যাচাই বা ‘ডিউ ডিলিজেন্স’ সেরে নেওয়া ক্রেতার দায়িত্ব। বিশেষ কোনও চুক্তি বা লিখিত প্রতিশ্রুতি না থাকলে ব্যাঙ্কের অভ্যন্তরীণ যাচাইকে মালিকানার ওয়ারেন্টি হিসেবে ধরা যায় না। বিচারপতি আরও উল্লেখ করেন, পূর্ববর্তী ঋণ বা বন্ধক সংক্রান্ত কোনও জটিলতা থাকলে তার প্রাথমিক দায় সংশ্লিষ্ট বিক্রেতা এবং মূল ঋণদাতা সংস্থার।
ফলে বেসরকারি ব্যাঙ্কের বিরুদ্ধে করা ওই ব্যক্তির ফৌজদারি মামলা খারিজ করে দেয় কর্নাটক হাইকোর্ট। আদালত স্পষ্ট করেছে, এই নির্দেশ কেবল ব্যাঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য, বিক্রেতা বা অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ তদন্ত ও বিচার প্রক্রিয়া চলবে।