Dooars Weather: ঘন কুয়াশায় অদৃশ্য ডুয়ার্স! দিনদুপুরেও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি, জবুথবু জনজীবন | Dooars weather Dense Fog Engulfs Dooars: Low Visibility Disrupts Traffic and Train Services
ঘন কুয়াসায় ঢেকেছে ডুয়ার্সImage Credit: TV9 Bangla
ডুয়ার্স: শীতের মরশুমে প্রথমবারের মতো ঘন কুয়াশার দাপটে কার্যত অদৃশ্য হয়ে গেল গোটা ডুয়ার্স। মঙ্গলবার ভোর থেকেই ঘন কুয়াশার সাদা চাদরে ঢেকে যায় বিস্তীর্ণ অঞ্চল। শহর থেকে প্রত্যন্ত গ্রাম, চা বাগান, জাতীয় সড়ক থেকে রেললাইন—সবই ঢাকা পড়েছে পুরু কুয়াশার আস্তরণে। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে মাত্র কয়েক হাত দূরের কোনো বস্তুও স্পষ্টভাবে ঠাহর করা যাচ্ছে না। বেলা গড়িয়ে গেলেও সূর্যের দেখা না মেলায় দিনের আলোতেও চারপাশে এক অদ্ভুত আধো-অন্ধকার পরিবেশ তৈরি হয়েছে।
ঘন কুয়াশার জেরে রাস্তায় দৃশ্যমানতা তলানিতে এসে ঠেকেছে। ফলে বড়সড় দুর্ঘটনা এড়াতে সকাল থেকেই হেডলাইট এবং ফগ লাইট জ্বালিয়ে অত্যন্ত ধীরগতিতে চলাচল করছে ছোট-বড় সমস্ত যানবাহন। একই ছবি দেখা গিয়েছে রেলপথেও। কুয়াশার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফগ লাইট জ্বালিয়ে ধীরগতিতে ট্রেন চালানো হচ্ছে।
ডুয়ার্সের চা বাগান অধ্যুষিত এলাকা এবং ভুটান পাহাড় লাগোয়া অঞ্চলগুলিতে কুয়াশার দাপট সবচেয়ে বেশি। বিস্তীর্ণ সবুজ চা বাগান থেকে শুরু করে পাহাড়ের পাদদেশের জনপদ—সবই যেন কুয়াশার আড়ালে হারিয়ে গিয়েছে। কুয়াশার পাশাপাশি বইছে কনকনে উত্তুরে হাওয়া। বাতাসে ভাসমান জলকণা ঝিরঝিরে বৃষ্টির মতো ঝরে পড়ায় ঠান্ডার অনুভূতি আরও বেড়েছে। হাড়কাঁপানো এই ঠান্ডায় সকাল থেকেই কার্যত জবুথবু অবস্থা সাধারণ মানুষের।
স্থানীয় বাসিন্দাদের মতে, চলতি শীতের মরশুমে এমন ঘন কুয়াশা এই প্রথম। একদিকে কনকনে ঠান্ডা আর অন্যদিকে কুয়াশার দাপট—সব মিলিয়ে মঙ্গলবার সকাল থেকেই স্বাভাবিক জনজীবন অনেকটাই থমকে গিয়েছে ডুয়ার্সজুড়ে।