Bigg Boss Bangla: ‘খুব আঘাত পেয়েছি...’, 'মা না চাইলে বিয়ে নয়'! রাজবীরের কথায় এবার মুখ খুললেন নন্দিনী | Bigg Boss Bangla: Nandini Dutta hurt by Rajveer Dey's marriage remark inside the house, shares emotional post - 24 Ghanta Bangla News
Home

Bigg Boss Bangla: ‘খুব আঘাত পেয়েছি…’, ‘মা না চাইলে বিয়ে নয়’! রাজবীরের কথায় এবার মুখ খুললেন নন্দিনী | Bigg Boss Bangla: Nandini Dutta hurt by Rajveer Dey’s marriage remark inside the house, shares emotional post

Spread the love

Bigg Boss Bangla: ‘খুব আঘাত পেয়েছি...’, 'মা না চাইলে বিয়ে নয়'! রাজবীরের কথায় এবার মুখ খুললেন নন্দিনী

কী বলেছেন নন্দিনী?

বিগ বস বাংলার ঘর থেকে নন্দিনী দত্ত বেরিয়ে আসার পরও রাজবীর দে-র সঙ্গে তাঁর প্রেম নিয়ে চর্চা থামছেই না। বরং দিন দিন সেই গল্পে যেন নতুন নতুন মোড় আসছে। সম্প্রতি বিগ বসের ঘরে পৌঁছে গিয়েছিলেন সাংবাদিকরা। সেখানেই সাংবাদিক বৈঠকে টিভি নাইন বাংলার তরফ থেকে রাজবীরকে সরাসরি প্রশ্ন করা হয়, তিনি কি নন্দিনীকে বিয়ে করবেন? জবাবে রাজবীর জানান, ঘর থেকে বেরিয়েই বাগদান সারার ইচ্ছে তাঁর রয়েছে। তবে মায়ের মতামতই তাঁর কাছে শেষ কথা। মা রাজি না হলে তাঁর দিক থেকেও একেবারে ‘না’। রাজবীরের এই সোজাসাপটা জবাব শুনে নেটপাড়ায় শোরগোল পড়ে যায়। সবার মনে একটাই প্রশ্ন ছিল, রাজবীরের এই কথা শুনে নন্দিনীর কী মনে হল? এবার আর চুপ থাকলেন না অভিনেত্রী। নিজের ফেসবুক চ্যানেল ‘নন্দিনী’জ ক্লাব’-এ মনের সব কথা উজাড় করে দিলেন তিনি।

কী বলেছেন তিনি?

বিগ বসের ঘরের ভেতর বসে রাজবীর যেমন বিয়ের বলটা মায়ের কোর্টে ঠেলে দিয়েছেন, নন্দিনী কিন্তু বিষয়টাকে অনেক বেশি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখছেন। তাঁর মতে, একটা রিয়্যালিটি শোয়ে তাঁদের আলাপ। সম্পর্কের বয়স সবেমাত্র দু’মাস! এত তাড়াতাড়ি বিয়ের মতো বড় সিদ্ধান্ত নিয়ে কোনও চূড়ান্ত উত্তর আশা করাটাই ঠিক নয়। কারণ, ক্যামেরার বাইরের আসল পৃথিবীটা তাঁরা এখনও একসঙ্গে দেখেননি। টাকা-পয়সা, সংসারের দায়িত্ব, পরিবার বা অসুস্থতার মতো কঠিন সময়গুলোতে দু’জন দু’জনের পাশে কীভাবে থাকবেন, সেই পরীক্ষাই তো এখনও বাকি! নন্দিনী লিখেছেন, “ভালোবাসা, রোম্যান্স আর প্রেমের অনুভূতিগুলো নিঃসন্দেহে সুন্দর। কিন্তু বিয়ের জন্য ক্যামেরার বাইরে একে অপরকে জানা আর বাস্তবের লড়াইয়ে পাশে থাকতে পারব কি না, সেটা বোঝা খুব জরুরি।”

তবে এত বাস্তববাদী কথা বললেও, রাজবীরের প্রতি তাঁর ভালোবাসা যে বিন্দুমাত্র কম নয়, তা স্পষ্ট করে দিয়েছেন নন্দিনী। অনেকেই ভাবছিলেন, ঘরের ভেতরের ওই চুমু আর রোম্যান্স বোধহয় নিছকই ‘গেম প্ল্যান’। সেই গুঞ্জনে জল ঢেলে অভিনেত্রী জানালেন, তিনি রাজবীরকে মন থেকেই পছন্দ করেন, ভালোবাসেন। তাঁর অনুভূতিগুলো একেবারেই খাঁটি। যদিও সারা জীবন একসঙ্গে কাটাবেন কি না, সেই উত্তরটা সময়ের হাতেই ছেড়ে দিয়েছেন তিনি।

কিন্তু এত কিছুর পরও একটা চাপা অভিমান যে নন্দিনীর মনে জমেছে, তা তাঁর লেখার পরতে পরতে স্পষ্ট। সাংবাদিকদের সামনে রাজবীর যেভাবে বিষয়টা সামলেছেন, তা মোটেই ভালো লাগেনি তাঁর। সোজাসুজিই লিখলেন, “ও যেভাবে প্রশ্নটা সামলাল, তাতে আমি খুব আঘাত পেয়েছি। আমি ভেবেছিলাম ও বলবে, এই বিষয়গুলোতে সময়ের দরকার, আর শোয়ের বাইরে বেরিয়ে আমাদের সম্পর্কটাকে আরও ভালোভাবে বুঝতে চায়।” অবশ্য রাজবীরের কথা বা কাজের ওপর তাঁর কোনও নিয়ন্ত্রণ নেই, সেটাও মেনে নিয়েছেন নন্দিনী। তবে একটা মাত্র মন্তব্যের জন্য রাজবীরের প্রতি তাঁর ভালোবাসা বদলে যাবে না বলেও জানিয়েছেন তিনি।

একদিকে বিগ বসের ঘরের ভেতরে রাজবীরের ‘মায়ের শর্ত’, অন্যদিকে বাইরে নন্দিনীর বাস্তববোধ আর চাপা অভিমান, এই প্রেমকাহিনি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *