হাসিনাকে ঠেকাতে রোডম্যাপ! নাহিদ-দাবি তারেককে - 24 Ghanta Bangla News
Home

হাসিনাকে ঠেকাতে রোডম্যাপ! নাহিদ-দাবি তারেককে

Spread the love

এই সময়, ঢাকা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসা প্রতিরোধ ও রাজনীতির মাঠে নিজস্ব বলয়ের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, তাতে সাড়া দিয়ে সোমবার প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের দল। প্রায় ঘণ্টাখানেক চলা এই বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তাঁরা প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, আওয়ামি লিগ ও ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে সরকারের দীর্ঘমেয়াদি রূপরেখা কী? কী ভাবে এই শক্তিকে মোকাবিলা করা হবে? প্রাক্তন ছাত্র নেতার এই মন্তব্যে স্পষ্ট হয়েছে, নীতিগত ভাবে হাসিনা-বিরোধী জোটে সম্মত হলেও দুই পক্ষে আস্থার গুরুতর অভাব রয়েছে।

নাহিদ জানান, ‘প্রধানমন্ত্রী ঐক্যের ডাক দিয়েছেন। কী কী হলে এই ঐক্য আরও সুদৃঢ় হবে এবং ‘জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী’ সংগ্রামে থাকা সব শক্তিকে এক জায়গায় এনে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায়, তার একটা ভিত্তি ও রোডম্যাপ প্রস্তুত করা উচিত। এটা শুধু ডিসেম্বর কেন্দ্রিক হলে হবে না। আওয়ামি লিগ ও ভারতের ইস্যুটা আমাদের ডিল করতে হবে। ফলে, আমাদের একটা দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন।’ নাহিদ জানান, তাঁদের তরফে গঙ্গার জলবণ্টন চুক্তির বিষয়ে ভারতকে খুবই কঠোর মনোভাবের কথা জানিয়ে দিতে প্রধানমন্ত্রীকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। নাহিদ বলেন, ‘আমাদের দেশের জন্য জলের ন্যায্য হিস্যা আদায়ে সরকার যাতে কোনও কম্প্রোমাইজ় না করে, সেটাই আমরা বলেছি।’

সূত্রের খবর, এই বৈঠকে তারেক রহমান বর্তমান সঙ্কট ও উদ্বেগের কথা এনসিপি নেতাদের সামনে তুলে ধরে ফ্যাসিবাদ ও জুলাই অভ্যুত্থান প্রশ্নে রাজনৈতিক দলগুলিকে এক মঞ্চে থাকার ডাক দিয়েছিলেন। সূত্রের দাবি, এই বৈঠকে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত-এনসিপির দাবি বিবেচনার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।

নাহিদ জানান, ‘আমাদের জায়গা থেকে আমরা প্রধানমন্ত্রীকে বলেছি, বর্তমান পরিস্থিতিটা আসলে একদিনে হয়নি। নির্বাচনের পর থেকেই গত সাত-আট মাসে ধারাবাহিক ভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপস, আওয়ামি লিগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলি আরও স্পষ্ট না করার ফলে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।’

তবে, এনসিপি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনায় কোনও শর্ত দেওয়া-নেওয়ার বিষয় ছিল না বলে জানান প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র মাহদী আমিন। তাঁর কথায়, এই বৈঠকে এনসিপি নেতারা তাঁদের কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান জানিয়েছেন। নতুন করে ঐক্য গড়ার কিছু নেই, বরং বিদ্যমান ঐক্যকে সুসংহত করতে চায় সরকার। মাহাদী জানান, নির্বাচনী ইস্তাহার ও জুলাই সনদে স্বাক্ষরের সময় বিএনপি যে সব ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিল, সেগুলি বিবেচনায় রেখেই সনদ বাস্তবায়ন করা হবে। সরকারের তরফে জানানো হয়, পর্যায়ক্রমে জামায়াতে ইসলামি-সহ হাসিনা-বিরোধী আন্দোলনে সক্রিয় অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গেও বৈঠক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *