৩৫৫ কোটি টাকায় ডায়মন্ড প্লাজা মল অধিগ্রহণ Nexus-এর! কলকাতার খুচরো বাজারে বড় বিনিয়োগ

কলকাতা: উত্তর কলকাতার বাণিজ্যিক মানচিত্রে নতুন পালাবদলের ইঙ্গিত।(Diamond Plaza) প্রায় ৩৫৫ কোটি টাকার বিশাল চুক্তিতে যশোর রোডের জনপ্রিয় ডায়মন্ড প্লাজা মল অধিগ্রহণ করল দেশের অন্যতম…
কলকাতা: উত্তর কলকাতার বাণিজ্যিক মানচিত্রে নতুন পালাবদলের ইঙ্গিত।(Diamond Plaza) প্রায় ৩৫৫ কোটি টাকার বিশাল চুক্তিতে যশোর রোডের জনপ্রিয় ডায়মন্ড প্লাজা মল অধিগ্রহণ করল দেশের অন্যতম বড় শপিং মল পরিচালনাকারী সংস্থা নেক্সাস সিলেক্ট ট্রাস্ট (Nexus Select Trust)।
এই অধিগ্রহণের মধ্য দিয়ে কলকাতার দক্ষিণ অংশের পাশাপাশি এবার উত্তর কলকাতার সংগঠিত খুচরো বাজারেও নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে চলেছে সংস্থাটি। শহরের বাণিজ্যিক পরিকাঠামো এবং শপিং মল শিল্পের ক্ষেত্রে এই চুক্তিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও দেখুনঃ পিয়ারলেস হোটেলের ১৬০২ নম্বর ঘরে মিলল জার্মান পর্যটকের দেহ! তদন্তে পুলিশ
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডায়মন্ড প্লাজা মলটি যশোর রোডের উপর অবস্থিত একটি গ্রেড-এ বাণিজ্যিক সম্পত্তি। প্রায় ৩,৯৬,৬০৯ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই মলটি তৈরি ও পরিচালনার দায়িত্বে ছিল সুপার ডায়মন্ড এন্টারপ্রাইজেস। এবার প্রায় ৩৫৫ কোটি টাকার বিনিময়ে সম্পত্তিটির মালিকানা যাচ্ছে নেক্সাস সিলেক্ট ট্রাস্টের হাতে। এই লেনদেন সম্পন্ন করার ক্ষেত্রে পরামর্শদাতার ভূমিকা পালন করেছে রিয়েল এস্টেট পরামর্শদাতা সংস্থা অ্যানারক (ANAROCK)।
ডায়মন্ড প্লাজা উত্তর কলকাতার অন্যতম পরিচিত শপিং গন্তব্য।(Diamond Plaza) এখানে একাধিক নামী জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের পাশাপাশি বিনোদন এবং খাবারের বিভিন্ন পরিষেবা রয়েছে। মলটির উল্লেখযোগ্য ভাড়াটে সংস্থাগুলির মধ্যে রয়েছে পিভিআর (PVR), রিলায়েন্স ডিজিটাল, প্যান্টালুনস, ম্যাক্স এবং বারবিকিউ নেশন।
ফলে কেনাকাটা থেকে শুরু করে সিনেমা দেখা কিংবা রেস্তরাঁয় সময় কাটানো বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন বহু মানুষের গন্তব্য এই শপিং মল। নেক্সাসের হাতে মালিকানা যাওয়ার ফলে আগামী দিনে মলটির পরিচালনা, বাণিজ্যিক কৌশল এবং ব্র্যান্ড বিন্যাসে কোনও পরিবর্তন আসে কি না, সেদিকেও নজর থাকবে ব্যবসায়িক মহলের।
উল্লেখযোগ্য বিষয় হল, কলকাতার খুচরো বাজারে নেক্সাস সিলেক্ট ট্রাস্টের উপস্থিতি একেবারে নতুন নয়। এর আগে থেকেই দক্ষিণ কলকাতার অন্যতম বড় শপিং গন্তব্য সাউথ সিটি মল পরিচালনা করছে সংস্থাটি। এবার ডায়মন্ড প্লাজা অধিগ্রহণের মাধ্যমে শহরের দুই প্রান্তে নিজেদের ব্যবসায়িক অবস্থান মজবুত করার সুযোগ পেল তারা। অর্থাৎ, দক্ষিণ কলকাতার পাশাপাশি উত্তর কলকাতার ক্রেতাদের কাছেও নিজেদের খুচরো ব্যবসার পরিসর বিস্তৃত করতে পারবে নেক্সাস।
এই চুক্তির আগে নেক্সাস সিলেক্ট ট্রাস্টের অধীনে দেশের ১৫টি শহরে মোট ১৯টি শপিং মল ছিল। সব মিলিয়ে এই সম্পত্তিগুলির আয়তন প্রায় ১ কোটি ৭ লাখ বর্গফুট। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সংগঠিত খুচরো ব্যবসার পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সংস্থাটি ইতিমধ্যেই উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে। ডায়মন্ড প্লাজা অধিগ্রহণের ফলে সেই পোর্টফোলিওতে আরও একটি গুরুত্বপূর্ণ সম্পত্তি যুক্ত হল। বিশেষ করে পূর্ব ভারতে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে এই অধিগ্রহণকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।