প্রেম করতে গিয়ে অহেতুক পকেটে চাপ পড়ছে? জেন জ়ি-রা তাই ভরসা রাখছে ‘অ্যাফোর্ডেটিং’-এ - 24 Ghanta Bangla News
Home

প্রেম করতে গিয়ে অহেতুক পকেটে চাপ পড়ছে? জেন জ়ি-রা তাই ভরসা রাখছে ‘অ্যাফোর্ডেটিং’-এ

Spread the love

প্রথম ডেট নিয়ে উত্তেজনা সবারই থাকে, কিন্তু পরিকল্পনা শুরু হতেই মাথায় ঘুরতে থাকে খরচের হিসাব। ডিনার, ক্যাফে, ক্যাবের খরচ কিংবা সিনেমার টিকিটের দাম—সব মিলিয়ে বিল দেখে মনে হয় পুরো সপ্তাহের বাজারের খরচটাই যেন এক সন্ধ্যায় ‘ফুরুত’ হয়ে গেল! সঙ্গীর মনে ইতিবাচক ইমপ্রেশন তৈরি করতে গিয়ে দামি রেস্তোরাঁ বা বেতনের অর্ধেক খরচ না করেও কি সুন্দর ডেট সম্ভব? সেই ভাবনা থেকেই জেন জ়ি এবং মিলেনিয়ালদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে নতুন ডেটিং ট্রেন্ড ‘অ্যাফোর্ডেটিং।’ নিজের ব্যাঙ্ক ব্যালেন্সের সঙ্গে মানানসই এবং লোকদেখানো বিলাসিতার চাপমুক্ত ডেটিংয়ের এই ধারণাই এখন বদলে দিচ্ছে আধুনিক রোম্যান্সের সংজ্ঞা।

কী এই ‘অ্যাফোর্ডেটিং’?

ধরুন, ডেটিং অ্যাপে কারও সঙ্গে ম্যাচ হওয়ার পর দামি রেস্তোরাঁয় টেবিল বুক না করে পার্কে বা ফুটপাতের উপর যে চায়ের দোকান, সেখানে দেখা করার সিদ্ধান্ত নিলেন। মাসখানেক পরে উইকএন্ড ট্রিপে দামী কোনও রিসর্টে না গিয়ে একসঙ্গে বাজার, বইপাড়া, জাদুঘর, চিড়িয়াখানা বা শহরের অলিগলি হেঁটে ঘোরার পরিকল্পনা করলেন। পোশাকি ভাষায় এটাই হলো ‘অ্যাফোর্ডেটিং’। সহজ করে বললে অ্যাফোর্ডেবল ডেটিং। কিন্তু তার মানে খরচ করতে অনীহা বা কৃপণতা নয়।

‘মানসিক মিল’-কেই গুরুত্ব দিচ্ছে নতুন প্রজন্ম

হুজুগ, হুল্লোড়, অনেকে মিলে বিল ভাগ করে নেওয়া এবং সোশ্যাল মিডিয়ায় দেখা চাকচিক্যময় লাইফস্টাইলের সঙ্গে তাল মেলাতে গিয়ে ডেটিং ক্রমশ ব্যয়বহুল হয়ে উঠছে। তার উপর জীবনযাত্রার বাড়তি খরচের মাঝে জাঁকজমকপূর্ণ প্রথম ডেট অনেক সময় পারস্পরিক বোঝাপড়ার চেয়ে বড় আর্থিক দায়বদ্ধতার মতো মনে হয়। নিজেকে সফল দেখানোর চাপে অনেকেই পছন্দের সাধারণ কফি আড্ডার বদলে প্রিমিয়াম রেস্তোরাঁ বেছে নেন। ‘অ্যাফোর্ডেটিং’ ঠিক এই প্রবণতাকেই চ্যালেঞ্জ জানায়। ইনস্টাগ্রাম-পারফেক্ট অথচ মানসিক চাপে ভরা ডেটের বদলে জেন জ়ি-রাও মিলেনিয়ালরা এখন দেখতে চাইছেন সঙ্গীর সঙ্গে সময় কাটাতে সত্যিই ভালো লাগছে কি না।

মনোবিদরা বলছেন, বাজেটের মধ্যে ডেট মানেই যে তা একঘেয়ে হবে, এমনটা নয়। সামান্য সৃজনশীলতায় কম খরচেও তা হয়ে উঠতে পারে দারুণ আকর্ষণীয়।

  • রেস্তোরাঁ থেকে দামি ডিনারের বদলে দু’জনে মিলে পছন্দের পদ রান্না করতে পারেন কিংবা পার্কে ছোট্ট পিকনিকের পরিকল্পনা করতে পারেন।

  • আগে কখনও যাননি এমন কোনও পাড়া ঘুরে দেখা বা একসঙ্গে সাইক্লিং করতে পারেন।

  • দু’জনেই ভোজনরসিক হলে দামি রেস্তোরাঁর বদলে স্ট্রিট-ফুড ট্রায়াল দিতে পারেন, অথবা বইপ্রেমী হলে বইয়ের দোকানে ঘুরেও সময় কাটাতে পারেন।

  • উদ্দেশ্যবিহীন ভাবে হাঁটার পরে আইসক্রিম খাওয়াও দীর্ঘ অর্থবহ কথোপকথনের সুযোগ করে দেয়।

  • দু’জনেরই পছন্দের কোনও সামাজিক উদ্যোগে একসঙ্গে একটি বিকেল কাটানোও হতে পারে ভিন্নধর্মী অভিজ্ঞতা।

সবচেয়ে জরুরি বিষয় হলো, টাকা-পয়সার প্রসঙ্গটিকে লজ্জার কারণ না বানিয়ে খোলাখুলি কথা বলা। নিজের বাজেটের সঙ্গে মানানসই পরিকল্পনা করুন এবং একে-অপরের পছন্দ-অপছন্দ স্পষ্ট জানান। যে মানুষটি আপনার আর্থিক সীমাবদ্ধতাকে সম্মান করবেন, তিনিই বুঝবেন যে সুন্দর সম্পর্কের জন্য ন্যূনতম খরচের আসলে কোনও শর্ত থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *