‘দেশে ফিরলেই জেল’, শেখ হাসিনার ফেরার দিন ঘোষণার পরই হুঁশিয়ারি ঢাকার - 24 Ghanta Bangla News
Home

‘দেশে ফিরলেই জেল’, শেখ হাসিনার ফেরার দিন ঘোষণার পরই হুঁশিয়ারি ঢাকার

Spread the love


ঢাকা: প্রায় দু’বছর ধরে ভারতের আশ্রয়ে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে পাসপোর্ট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ…

ঢাকা: প্রায় দু’বছর ধরে ভারতের আশ্রয়ে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে পাসপোর্ট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানের ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন তিনি। কিন্তু তাঁর এই আবেদনে সাড়া দেওয়ার বদলে কড়া বার্তা দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। জানিয়ে দেওয়া হয়েছে, দেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে।

বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, হাসিনা দেশে ফিরতে চাইলে ফিরতে পারেন। তবে বিমানবন্দরে নামার পরই তাঁকে গ্রেফতার করা হবে। তাঁর মতে, দেশে ফেরার আবেদনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচার চালানোর কোনও অর্থ নেই। আওয়ামি লিগের নেতা-কর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শামার অভিযোগ, হাসিনা নিজের দলের নেতা-কর্মীদের বিপদের মুখে ফেলে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। এখন তাঁদের নাম করে রাজনৈতিক প্রচার চালানোয় সাধারণ কর্মীরাও বিপাকে পড়ছেন।

বাংলাদেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য নিষিদ্ধ আওয়ামি লিগকে দায়ী করছে সরকার। অন্যদিকে, দলের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের নেতা-কর্মীদের নিশানা করা হচ্ছে। সোমবার চট্টগ্রামে আওয়ামি লিগের এক প্রবীণ নেতা আতাউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে দাবি করা হয়েছে। পাশাপাশি, শ্রমিকদের বিক্ষোভ দমনের অভিযোগও উঠেছে সরকারের বিরুদ্ধে। অক্টোবর থেকে বেতন বৃদ্ধি এবং কাজের পরিবেশ উন্নত করার দাবিতে বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ চলছে।

এর মধ্যেই মঙ্গলবার হাসিনার দেশে ফেরার আবেদন খারিজ করে আরও কড়া মন্তব্য করেন বিদেশ মন্ত্রকের আর এক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর বক্তব্য, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনও অভিযুক্তকে দেশে ফেরানো সম্ভব নয়। হাসিনাকে সাধারণ যাত্রীর মতো দেশে ঢুকতে দেওয়া হবে না। প্রয়োজনে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নিরাপত্তার মধ্যে তাঁকে ফেরানো হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন তীব্র আকার নেওয়ার পর ২০২৪ সালে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়ার পর ভারতে চলে আসেন তিনি। তাঁর ক্ষমতাচ্যুতির পর আওয়ামি লিগের নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। পাশাপাশি হিন্দু-সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত একাধিক স্থাপনায় হামলার ঘটনাও সামনে আসে।

পাঞ্জাবে ফের বিজেপি-অকালি জোট! ২০২৭ নির্বাচনের আগেই বড় চাল NDA র

১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম! GST, ব্যাঙ্ক, LPG থেকে ট্রাফিক, কী কী পরিবর্তন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *