আগুন থেকে পালিয়ে বাঁচার পথ পাওয়া দায়, বেসরকারি হাসপাতাল যেন জতুগৃহ
রূপক মজুমদার, বর্ধমান
২০১১-র ৯ ডিসেম্বর ভোরের সেই ভয়াবহ স্মৃতি মনে পড়ে? কলকাতার ঢাকুরিয়ায় একটি বেসরকারি হাসপাতালে বেসমেন্ট থেকে আগুন লেগে মৃত্যু হয়েছিল ৮৯ জনের। তদন্তে উঠে আসে, বেসমেন্টে শর্ট সার্কিট ও মজুত থাকা প্রচুর দাহ্য পদার্থ থেকেই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়েছিল।
বহু রোগী ও কর্মীর মৃত্যু হয়েছিল ধোঁয়ায় দম বন্ধ হয়ে। পূর্ব বর্ধমান জেলার বহু নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালেও আজ ঠিক একইরকম জতুগৃহের পরিবেশ তৈরি হয়ে রয়েছে, যেখানে সামান্য একটা আগুনের ফুলকি বা শর্ট সার্কিট হলেই শেষ হয়ে যেতে পারে বহু প্রাণ।
বর্ধমান শহর ও লাগোয়া এলাকার অনেক নার্সিংহোমেই জরুরি ভিত্তিতে বেরোনোর কোনও বিকল্প দরজা নেই। ওঠানামার জন্য রয়েছে মাত্র একটি সিঁড়ি। আবার বহু নার্সিংহোম এমন সংকীর্ণ গলির ভিতরে গড়ে উঠেছে যে, সেখানে দমকলের গাড়ি ঢোকারও উপায় নেই। অথচ এই সব নার্সিংহোম লাইসেন্সের আবেদন জানানোর পরে জেলা স্বাস্থ্য দপ্তর থেকেই তদন্ত করে অনুমোদন দেওয়া হয়েছে।
কেশবগঞ্জ চটির বাসিন্দা শেখ আসাদুল ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘ঘুঘুর বাসা ওই সিএমওএইচ-এর অফিস। ওখানে থাকা এক ব্যক্তি এই সব কারবারের নাটের গুরু। ওঁর হাত ধরেই বহু অবৈধ নার্সিংহোম বৈধতা পেয়েছে।’
জাতীয় সড়কের ধারে নবাবহাট এলাকার অন্নপূর্ণা নার্সিংহোমে গত ২০ এপ্রিল বেসমেন্ট থেকেই আগুন লেগেছিল। সে দিন দমকলকর্মীরা প্রাণের বাজি রেখে রোগীদের উদ্ধার করেছিলেন। ধোঁয়ায় দু’জন দমকলকর্মী অসুস্থও হয়ে পড়েন। সেই ভয়াবহ ঘটনার পরও শহরের অধিকাংশ নার্সিংহোম ও বেসরকারি হাসপাতাল অগ্নি-নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে। কোথাও বেসমেন্টে চলছে ক্যান্টিন, কোথাও মজুত রাখা হচ্ছে দাহ্য বস্তু, আবার কোথাও রাখা থাকছে অক্সিজেন সিলিন্ডার। ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের সদস্যরা অগ্নিনির্বাপণ ব্যবস্থার এই নগ্ন চেহারা দেখে গেলেও, তাঁদের সফরের ছয় দিন পরও পরিস্থিতির কোনও পরিবর্তন চোখে পড়েনি।
বর্ধমান দমকল কেন্দ্র সূত্রে খবর, তারা ফায়ার অডিট শুরু করেছে। বর্ধমান দমকল কেন্দ্রের ওসি রঞ্জন প্রতিহার বলেন, ‘আমরা নার্সিংহোমগুলি ঘুরে দেখছি। যেখানে যেমন দরকার পদক্ষেপ করা হচ্ছে।’ তবে এখনও পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য জানাতে চায়নি দমকল। নাম না-প্রকাশের শর্তে এক দমকল অফিসার বলেন, ‘গোটা নবাবহাটের সব নার্সিংহোমের ছাদেই রয়েছে টিনের শেড। খোঁজ নিয়ে দেখুন এগুলোর বৈধতা নেই। ফায়ারের প্রথম নিয়মই ওপেন টু স্কাই। সেটাই তো নেই। আর বেসমেন্ট কারও গুদামঘর, কারও স্টাফদের রান্নার জায়গা আবার কারও ক্যান্টিন চলে। সিএমওএইচ অফিস এ সব না দেখলে আমাদেরও অনেক ক্ষেত্রে নিয়মে আটকে যেতে হয়।’
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম বলেন, ‘আমরা ফায়ার ডিপার্টমেন্টকে নার্সিংহোম ও হাসপাতালের তালিকা দিয়েছি। ওদের চার সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কোন নার্সিংহোম বা হাসপাতালে ফায়ারের মডিফিকেশন করতে হবে বা কোথায় কী পরিবর্তন করতে হবে, তা দেখে জানাবে দমকল। রিপোর্ট আসার পরেই ব্যবস্থা নেব।’
FAQ
১. বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগী পরিবহনে ঠিক কী ধরনের সমস্যা হচ্ছে?
হাসপাতালের জরুরি বিভাগে ট্রলি ও স্ট্রেচারের চরম সংকট দেখা দিয়েছে। অভিযোগ অনুযায়ী, জরুরি বিভাগে থাকা ২৫টি ট্রলির মধ্যে প্রায় ১৫টিই দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে; কোনোটির চাকা নেই, আবার কোনোটি ভাঙা।
২. হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিকাঠামোর অবস্থা কেমন?
হাসপাতাল চত্বরে জঞ্জাল জমে থাকা এবং অপরিচ্ছন্নতা নিয়ে রোগী ও পরিজনদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। সম্প্রতি হাসপাতাল পরিদর্শনে গিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও পরিচ্ছন্নতার বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করে একে ‘দশে শূন্য’ বলে উল্লেখ করেছেন।
৩. রোগীর পরিজনদের থাকার ও ন্যূনতম পরিষেবার ক্ষেত্রে কী অসুবিধা রয়েছে?
দূরদূরান্ত থেকে আসা রোগীর আত্মীয়দের রাত কাটানোর জন্য পর্যাপ্ত বিশ্রামাগার, বিশুদ্ধ পানীয় জল এবং শৌচাগারের তীব্র অভাব রয়েছে।
৪. হাসপাতালের নিরাপত্তা ও দালাল চক্র নিয়ে কী অভিযোগ উঠছে?
হাসপাতাল অ্যাম্বুল্যান্সের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রায়ই সামনে আসে। এ ছাড়া নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।