বিসলেরির জলে ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতি দিল FSSAI - 24 Ghanta Bangla News
Home

বিসলেরির জলে ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতি দিল FSSAI

Spread the love


নয়াদিল্লি: প্যাকেটজাত পানীয় জলের গুণমান নিয়ে বড়সড় প্রশ্নের মুখে দেশের অন্যতম পরিচিত সংস্থা বিসলেরি ইন্টারন্যাশনাল। সংস্থার তৈরি প্যাকেটজাত জল পরীক্ষায় নির্ধারিত সুরক্ষা মান পূরণ করেনি…

নয়াদিল্লি: প্যাকেটজাত পানীয় জলের গুণমান নিয়ে বড়সড় প্রশ্নের মুখে দেশের অন্যতম পরিচিত সংস্থা বিসলেরি ইন্টারন্যাশনাল। সংস্থার তৈরি প্যাকেটজাত জল পরীক্ষায় নির্ধারিত সুরক্ষা মান পূরণ করেনি বলে জানিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। এমনকী, পরীক্ষায় এমন কিছু রাসায়নিকের উপস্থিতি মিলেছে, যা ক্যানসারের ঝুঁকির সঙ্গে যুক্ত। এই ঘটনায় বিসলেরির বিরুদ্ধে ফৌজদারি মামলা করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় খাদ্য নিয়ন্ত্রক সংস্থা।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই পদক্ষেপের কথা জানিয়েছে FSSAI। নিয়ন্ত্রক সংস্থার বক্তব্য অনুযায়ী, বিসলেরির কারখানা থেকে ‘প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার (মিনারেল ওয়াটার ছাড়া)’ নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষার পর দেখা যায়, জলে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই কারণে নমুনাটিকে খাদ্য সুরক্ষা আইনের আওতায় ‘অনিরাপদ’ বলে ঘোষণা করা হয়।

জলের নমুনায় মিলেছে কী?

প্রাথমিক পরীক্ষার রিপোর্টের বিরুদ্ধে আপিল করে বিসলেরি। এরপর নমুনাটি পাঠানো হয় একটি রেফারেল ফুড ল্যাবরেটরিতে। সেখানেও পরীক্ষার পর জলকে অনিরাপদ বলে চিহ্নিত করা হয়। FSSAI জানিয়েছে, দ্বিতীয় পরীক্ষায় পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনস (PAHs)-এর উপস্থিতি ধরা পড়েছে।

ব্রোমেট এবং PAHs—দুই ধরনের রাসায়নিকই ক্যানসার সৃষ্টির সম্ভাবনাযুক্ত পদার্থ হিসেবে পরিচিত। পরীক্ষাগারের রিপোর্টের ভিত্তিতে ২০০৬ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস আইনের সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অভিযোগে বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে FSSAI।

আর কোন কোন সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা?

শুধু বিসলেরি নয়, আরও কয়েকটি খাদ্য প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দিয়েছে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। তালিকায় রয়েছে ভাসন্ত মাসালা প্রাইভেট লিমিটেড, টিট-বিট ফুডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মিমাংসা ইন্ডাস্ট্রিজ এবং আশা কনফেকশনারি।

এ ছাড়াও খাদ্য সুরক্ষা বিধি না মানার অভিযোগে উর্মি লাইফসায়েন্সেস এলএলপি এবং গৌর আয়ুর্বেদিক স্টোরের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আশা কনফেকশনারির বিরুদ্ধে পণ্য প্রত্যাহারের নির্দেশও জারি হয়েছে। সংস্থাটিকে বাজার থেকে প্রি-প্যাকড চকোলেট ফিলড কুকিজ তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষায় ওই খাবারও অনিরাপদ বলে চিহ্নিত হয়েছিল।

খাদ্য সংস্থাগুলির উপর নজরদারি বাড়াচ্ছে FSSAI

চলতি বছরে খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ও আইনি পদক্ষেপ আরও জোরদার করেছে FSSAI। খাদ্য প্রস্তুতকারক সংস্থার পাশাপাশি ই-কমার্স সংস্থাগুলির উপরেও বাড়ানো হয়েছে নজরদারি। এনার্জি ড্রিঙ্ক প্রস্তুতকারক এবং অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদনকারী সংস্থাগুলিও রয়েছে নিয়ন্ত্রক সংস্থার বাড়তি নজরে।

২লক্ষ ১১ হাজার টাকার ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার নজির রেল সাফাই কর্মীর

সশস্ত্র বাহিনীর মুখে আলোচনায় না অরুণাচলে বাঁধ বিরোধী দলের! স্বরাষ্ট্র মন্ত্রীকে ৩ শর্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *