Uttam Kumar Kali Banerjee Unknown Story: ‘মহানায়ক’ হয়েও যে সুযোগ পাননি উত্তম, তা পেয়েছিলেন একমাত্র কালী বন্দ্যোপাধ্যায়! বাংলা সিনেমার অন্য ইতিহাস | Uttam kumar missed opportunity kali banerjee got bengali cinema history - 24 Ghanta Bangla News
Home

Uttam Kumar Kali Banerjee Unknown Story: ‘মহানায়ক’ হয়েও যে সুযোগ পাননি উত্তম, তা পেয়েছিলেন একমাত্র কালী বন্দ্যোপাধ্যায়! বাংলা সিনেমার অন্য ইতিহাস | Uttam kumar missed opportunity kali banerjee got bengali cinema history

Spread the love

আদি ভিটে ঢাকার বিক্রমপুরে হলেও, জন্মসূত্রে ও বেড়ে ওঠায় আপাদমস্তক কলকাতারই মানুষ ছিলেন কালী বন্দ্যোপাধ্যায়; যদিও বিক্রমপুরে তাঁর কোনওদিন যাওয়াই হয়নি। কলকাতার লেক মার্কেটে ছিল তাঁদের পৈতৃক ভিটে। বাবা মণীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রতিষ্ঠিত আইনজীবী, আর মা ভবানী দেবী ছিলেন গৃহবধূ— যাঁর রূপের ছটা ছিল চোখে পড়ার মতো। এগারো ভাইবোনের বড় সংসারে বেড়ে ওঠা কালীবাবু ছোটবেলা থেকেই ফুটবল, লাঠিখেলা আর ছোরাখেলায় দারুণ পটু ছিলেন।

অভিনেতা হিসেবে কালী বন্দ্যোপাধ্যায়কে প্রথম যে ছবি দর্শকের কাছে চেনালো ও জনপ্রিয়তা দিল, সেটি ‘বরযাত্রী’। সেখানে ‘গণশা’ চরিত্রে তাঁর অভিনয় আজও স্মরণীয়। জন্ম থেকেই তাঁর কথায় হালকা তোতলানো ভাব ছিল, আর গণশা চরিত্রটিও ছিল তোতলার— ফলে চরিত্রটি যেন তাঁর সঙ্গে একাকার হয়ে গিয়েছিল এবং তুমুল সাড়া ফেলেছিল। তবু প্রকৃত অভিনেতা হিসেবে পূর্ণ স্বীকৃতি পেতে তাঁর আরও দশটি বছর অপেক্ষা করতে হয়।

উত্তমকুমার ও সুচিত্রা সেনের রোম্যান্টিক জমানায় একাই ভিন্ন ধারার পথে হেঁটেছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। সমাজের প্রান্তিক ও মেহনতি মানুষের চরিত্রে একের পর এক ছবিতে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। সে পথ মোটেই সহজ ছিল না, বরং ছিল বিস্ময়কর। কোনও নায়িকার উপস্থিতি বা রোম্যান্টিক জুটির সমীকরণ ছাড়াই তিনি ছবির কেন্দ্রে উঠে আসতেন সাধারণ খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হয়ে। ‘অযান্ত্রিক’-এ পুরনো গাড়ির চালক, অধুনা লুপ্ত ‘ডাকহরকরা’-য় কাঁধে বোঝা বওয়া ডাকহরকরা, ‘লৌহকপাট’-এ ভয়ংকর ফকির, ‘বাড়ি থেকে পালিয়ে’-তে বৃদ্ধের ছদ্মবেশ নেওয়া যুবক ফেরিওয়ালা কিংবা ‘রিক্সাওয়ালা’-র মতো ছবিতে তাঁর অভিনয় ছিল অনবদ্য।

চিনা ফেরিওয়ালার চরিত্রে রূপটানের জন্য মুখে প্লাস্টার অফ প্যারিস ও চুন লাগানো হলেও আসল রূপ ধরা দিচ্ছিল না; শেষ পর্যন্ত নিজের অভিব্যক্তি ও অভিনয়গুণেই তিনি হয়ে উঠেছিলেন একেবারে জীবন্ত চিনা যুবক। শোনা যায়, এই চরিত্রটি করার জন্য উত্তমকুমারও নাকি আগ্রহী ছিলেন, কিন্তু চিনা আদল তাঁর চেহারায় সেভাবে ফোটানো যায়নি। যদিও বক্স অফিসে উত্তমকুমারের ছবির জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া, তবু ওই চরিত্রে বাজিমাত করেছিলেন কালী বন্দ্যোপাধ্যায়ই। দর্শক দেখেছিলেন এক অচেনা ও অসামান্য কালীবাবুকে। উল্লেখযোগ্য বিষয় হল, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে দেখানোর জন্য ছবিটি দিল্লিতে প্রদর্শিত হয়েছিল এবং চিনা ফেরিওয়ালার চরিত্রে কালী বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দেখে আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেছিলেন নেহেরু।

পাশাপাশি ‘তিন কন্যা’-র ‘মণিহারা’ পর্বে তাঁর ফণীভূষণ চরিত্রটিও বাংলা সিনেমার ইতিহাসে অমলিন। সত্যজিৎ রায়, মৃণাল সেন ও ঋত্বিক ঘটক— বাংলা চলচ্চিত্রের এই তিন দিকপাল পরিচালকের ছবিতেই কাজ করার বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন কালী বন্দ্যোপাধ্যায়, যা আর কোনও অভিনেতার ক্ষেত্রে ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *