Suvendu Adhikari on cow house: স্লটার হাউস আর গোমাতার উপর হাত তোলা এক নয়, বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari announced special package for cow, other announcements
ফাইল ছবিImage Credit: TV9 Bangla
কলকাতা: গোহত্যা বন্ধ করতে আগেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার ফের স্পষ্ট করে দিলেন, গোহত্যা কোনোভাবেই মেনে নেবে না রাজ্য সরকার। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, গোশালার জন্য টাকাও বরাদ্দ করা হয়েছে। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, গোশালাগুলিকে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হবে।
মূলত বয়স্ক গরুদের রক্ষণাবেক্ষণ ও গরুদের লালন-পালনের জন্য ওই টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন শুভেন্দু। সেইসঙ্গে গোহত্যা নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “স্লটার হাউস আর গোমাতার উপর হাত তোলা দুটো এক জিনিস নয়। স্লটার হাউসে অনুমোদনযোগ্য যে পশু আছে, তাদের ক্ষেত্রে কোনও সমস্যা নেই।”
শুভেন্দু উল্লেখ করেন, ক্যাটল অ্যাক্ট অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কী করতে হবে, কী করা যাবে না, সেটা আইনে বলা আছে। এটা আইনি কথা বলছেন বলেও উল্লেখ করেন তিনি।
এই প্রসঙ্গে রাজ্য সরকারের বিরোধিতা করে সিপিএমের বর্ষীয়ান নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “পশ্চিমবঙ্গে ভারতের সংবিধানের উর্ধ্বে নয়।” বিজেপি সরকার এখানে যা প্রতিষ্ঠা করতে চাইছে, তাতে প্রকৃতপক্ষে বিভাজনের বীজ বপনের পরিকল্পনা বলে মনে করেন তিনি। তাঁর কথায়, “এরা মানুষে মানুষে ঐক্য় চান না।” অন্যদিকে, গোমাংস রফতানি নিয়ে সরব হয়েছেন ঋত-তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, গোমাংস রফতানি বন্ধ করুন। তাহলে বুঝব আপনিই সঠিক।”