Supreme Court: মামলা শুনবেন না প্রধান বিচারপতি, কেস থেকে সরিয়ে কী যুক্তি দিলেন? | Supreme Court chief Justice remove himself from case - 24 Ghanta Bangla News
Home

Supreme Court: মামলা শুনবেন না প্রধান বিচারপতি, কেস থেকে সরিয়ে কী যুক্তি দিলেন? | Supreme Court chief Justice remove himself from case

Spread the love

Supreme Court: মামলা শুনবেন না প্রধান বিচারপতি, কেস থেকে সরিয়ে কী যুক্তি দিলেন?

সুপ্রিম কোর্টে এসআইআর মামলা Image Credit: TV9 Bangla

নয়াদিল্লি: মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সূর্য কান্ত। তার যথাযথ কারণও দেখিয়েছেন তিনি। সুপারটেকের অসমাপ্ত আবাসন প্রকল্পগুলো তৈরি করার মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রধান বিচারপতি। মামলার এক আবেদনকারী তাঁর ব্যক্তিগত পরিচিত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিচারবিভাগের নিরপেক্ষতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। এবার মামলাটির শুনানির জন্য নতুন একটি বিশেষ বেঞ্চ গঠন করা হবে।

সোমবার (২৩ নভেম্বর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মহনার বেঞ্চে মামলাটি ওঠে। শুনানির সময় প্রধান বিচারপতি জানান, আবেদনকারীদের মধ্যে একজনকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন। যদিও ওই ব্যক্তি তাঁর মক্কেল বা আত্মীয় নন, তবুও পরিচয়ের বিষয়টি মাথায় রেখেই তিনি এই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “আবেদনকারীদের মধ্যে একজনের সঙ্গে ঘটনাচক্রে আমার পরিচয় রয়েছে। তিনি আমার মক্কেল নন, আত্মীয়ও নন। তবে দূর থেকে তাঁকে চিনি। তাই এই মামলার শুনানি থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি। এর জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করতে হবে।” তিনি আরও বলেন, “মামলায় যখন একাধিক আবেদনকারী রয়েছেন, তখন সংশ্লিষ্ট ব্যক্তির এই বিষয়টি আগে থেকেই বিবেচনা করা উচিত ছিল। অপ্রয়োজনে কেন তিনি মামলার সঙ্গে নিজেকে যুক্ত করলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি।

এই মামলার ব্যাকগ্রাউন্ড

সুপারটেক একটি আবাসন নির্মাণকারী সংস্থা। আর্থিক সঙ্কটের জন্য সংস্থাটির একাধিক আবাসন প্রকল্পের কাজ মাঝপথে বন্ধ হয়ে যায়। ফলে বহু মানুষ ফ্ল্যাট বুক করেও দীর্ঘদিন ধরে নিজেদের বাড়ি পাননি। এই পরিস্থিতিতে সুপারটেকের ১৬টি অসমাপ্ত আবাসন প্রকল্পের কাজ শেষ করার দায়িত্ব সরকারি নির্মাণ সংস্থা NBCC-কে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই প্রকল্পগুলিতে প্রায় ৫০ হাজার আবাসন রয়েছে। দীর্ঘদিন ধরে বাড়ির অপেক্ষায় থাকা ক্রেতাদের স্বার্থ রক্ষা এবং নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্যই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়।

এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট ১৬টি প্রকল্প সম্পূর্ণ করার বিষয়ে NBCC-র দায়িত্ব বহাল রেখেছিল। এবার সেই প্রকল্পগুলির অগ্রগতি এবং বাড়ি ক্রেতাদের সমস্যার বিষয়টি নিয়ে আদালতে শুনানি হওয়ার কথা ছিল।

এবার কী হবে?

প্রধান বিচারপতি সূর্যকান্ত নিজেকে সরিয়ে নেওয়ায় এবার অন্য বিচারপতিদের নিয়ে বিশেষ বেঞ্চ গঠন করা হবে। সেই বেঞ্চই পরবর্তী সময়ে মামলার শুনানি করবে। তবে প্রধান বিচারপতির এই সিদ্ধান্তের ফলে আগের নির্দেশগুলি বাতিল হয়ে যাচ্ছে না। অসমাপ্ত প্রকল্পগুলি শেষ করার প্রক্রিয়াও বন্ধ হচ্ছে না। অর্থাৎ, দীর্ঘদিন ধরে নিজেদের ফ্ল্যাটের অপেক্ষায় থাকা হাজার হাজার ক্রেতার আশা এখনও আদালতের পরবর্তী নির্দেশের দিকেই তাকিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *