Road Tax: রোড ট্যাক্স বাকি? গাড়ির মালিকদের জন্য বড় সুযোগ রাজ্য সরকারের, সময় সীমিত | West Bengal govt brings special scope for car owners about road tax - 24 Ghanta Bangla News
Home

Road Tax: রোড ট্যাক্স বাকি? গাড়ির মালিকদের জন্য বড় সুযোগ রাজ্য সরকারের, সময় সীমিত | West Bengal govt brings special scope for car owners about road tax

Spread the love

Road Tax: রোড ট্যাক্স বাকি? গাড়ির মালিকদের জন্য বড় সুযোগ রাজ্য সরকারের, সময় সীমিত

ফাইল ছবিImage Credit: Pexel

কলকাতা: বকেয়া মোটরযান কর (Road Tax) ও গাড়ির ফিটনেস সার্টিফিকেট (Car Fitness Certificate) নবীকরণ নিয়ে গাড়ির মালিকদের জন্য বড়সড় স্বস্তির ঘোষণা রাজ্য সরকারের। এককালীন ছাড় প্রকল্প ২০২৬-২৭ চালু করল পরিবহন দফতর। এই প্রকল্পে বকেয়া মোটরযান কর বা রোড ট্যাক্সের উপর জমে থাকা জরিমানায় ১০০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, মেয়াদ উত্তীর্ণ ফিটনেস সার্টিফিকেট নবীকরণের ক্ষেত্রেও অতিরিক্ত ফি-তে বিশেষ ছাড় মিলবে।

সোমবার, ২৩ নভেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে পরিবহন দফতর। বিজ্ঞপ্তি জারির দিন থেকেই প্রকল্পটি কার্যকর হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত এই সুবিধা পাবেন গাড়ির মালিকরা।

পরিবহন দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া মোটরযান করের সম্পূর্ণ টাকা জমা দিলে সেই তারিখ পর্যন্ত জমে থাকা জরিমানার পুরো অর্থই মকুব করা হবে। অর্থাৎ, মূল করের টাকা দিতে হলেও জরিমানার জন্য কোনও অতিরিক্ত অর্থ দিতে হবে না।

অন্যদিকে, যে সব গাড়ির ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ পেরিয়ে গিয়েছে, সেগুলির নবীকরণের ক্ষেত্রেও ফি কমানো হয়েছে। ৩০ দিনের কম বিলম্ব হলে প্রতিদিন ৫০ টাকা হারে ফি দিতে হবে। আর ৩০ দিন বা তার বেশি সময় পেরিয়ে গেলে এককালীন ১,৫০০ টাকা দিলেই ফিটনেস সার্টিফিকেট নবীকরণ করা যাবে। তবে এই সুবিধা পেতে ৩১ ডিসেম্বরের মধ্যেই নবীকরণের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

ব্যক্তিগত গাড়ি সহ সব ধরনের গাড়িই এই প্রকল্পের আওতায় আসবে বলে জানা গিয়েছে। তবে ছাড়ের সুবিধা পেতে নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত প্রযোজ্য কর ও ফি জমা দেওয়া বাধ্যতামূলক।

প্রকল্পটি কার্যকর করতে VAHAN সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তনের জন্য NIC-কে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, রাজ্যের সমস্ত RTO এবং ARTO অফিসকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পরিবহন দফতর।

বকেয়া করের বোঝা কমানো এবং গাড়ির বৈধ নথিপত্র ঠিক করার লক্ষ্যেই রাজ্য সরকারের এই উদ্যোগ। তাই যাঁদের গাড়ির কর বকেয়া রয়েছে কিংবা ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাঁদের ৩১ ডিসেম্বরের মধ্যে এই এককালীন ছাড়ের সুযোগ নেওয়ার আবেদন জানিয়েছে পরিবহন দফতর। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট RTO বা ARTO অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *