NASA Moon Mission | চাঁদের মাটিতে আলু চাষে সাফল্য বিজ্ঞানীদের, কী ভাবে সম্ভব হল?
চাঁদের মাটিতে কি এ বার ফলানো যাবে আলু? পৃথিবীতেই চাঁদের মাটির অনুকরণে বিশেষ পরিবেশ তৈরি করে আলু চাষে সাফল্য পেলেন বিজ্ঞানীরা। NASA-র সহায়তায় ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের এই গবেষণায় ব্যবহার করা হয়েছে লালচে খোসার ‘মোডক’ প্রজাতির আলু। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘npj Microgravity’ জার্নালে। চাঁদের মাটি বা রেগোলিথে থাকে না প্রয়োজনীয় জৈব পদার্থ ও নাইট্রোজেন। উল্টে তামা-সহ বিভিন্ন ভারী ধাতুর উপস্থিতি ফসলের বৃদ্ধিতে বাধা তৈরি করে। এই সমস্যা কাটাতে গবেষকরা চাঁদের মাটির অনুকরণে তৈরি মিশ্রণের সঙ্গে মিশিয়েছেন ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার। গবেষণায় দেখা গিয়েছে, মাত্র ৫ শতাংশ কেঁচো সার মেশালে আলুর শিকড় গজাতে শুরু করে। আর ৩০ শতাংশ সার মেশালে পাওয়া যায় পৃথিবীর মাটির মতো ফলন।