CM Suvendu Adhikari: ‘অনেকগুলো অর্থনৈতিক দায়িত্ব আমাদের ওপর পড়েছে’, বেকারদের ভাতা দেওয়ার ক্ষেত্রে বড় ঘোষণা শুভেন্দুর | West Bengal Youth Allowance Scheme Revamped: 2,000 for Graduates and ITI Students, 1,500 for Non Graduates
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: Tv9 Bangla
কলকাতা: রাজ্যের যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রকল্পের নাম ও কাঠামোয় পরিবর্তনের কথা জানাল রাজ্য প্রশাসন। নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “আমরা সংকল্পপত্রে বলেছিলাম, স্নাতকদের জন্য ৩০০০ টাকা ও যাঁরা স্নাতক নন, তাঁদের ২০০০ টাকা দেব। আমাদের এই মুহূর্তে অনেকগুলো স্কিম নিয়েছে। ডিএ দিয়েছি, বকেয়া মিটিয়েছি। অনেকগুলো অর্থনৈতিক দায়িত্ব আমাদের ওপর পড়েছে। যাঁরা স্নাতক আর সরকারি ভোকেশনাল যাঁরা ITI তে যাঁরা ডিপ্লোমা করছেন, তাঁদের ২০০০ টাকা, ও নন গ্র্যাজুয়েটদের ১৫০০ টাকা দিচ্ছি। ২৮-২৯ আর্থিক বছরে ৩০০০-২০০০ দেব! ”
মুখ্যমন্ত্রী এদিন উল্লেখ করেন , পূর্ববর্তী সময়ে ভোটের আগে ২১ থেকে ৪৫ বছর বয়সি ৫৪ লক্ষ যুবক-যুবতীকে ১৫০০ টাকা করে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা মূলত ‘ভোটমুখী’ ছিল। বর্তমান সরকারের তরফে সেই প্রকল্পের নাম পরিবর্তনের পাশাপাশি গোটা ব্যবস্থাটিকে ডিজিটালাইজড এবং আধার-সংযুক্ত (আধার লিঙ্কড) করা হয়েছে।
মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই স্পষ্ট করেছেন, উপভোক্তাদের এই সংখ্যাটি নতুন করে পর্যালোচনা বা অ্যাসেসমেন্ট করা হয়েছে এবং ডিজিটাইজড ৫৪ লক্ষ নামের পুনরায় ভেরিফিকেশন করা হবে।
সংকল্পপত্রের প্রতিশ্রুতি প্রসঙ্গে সরকারের তরফে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, সংকল্পপত্রে স্নাতকদের জন্য মাসে ৩০০০ টাকা এবং যাঁরা স্নাতক নন (নন-গ্র্যাজুয়েট), তাঁদের জন্য ২০০০ টাকা দেওয়ার কথা উল্লেখ ছিল। তবে বর্তমান সময়ে একাধিক প্রকল্প রূপায়ণ, মহার্ঘ ভাতা (ডিএ) প্রদান এবং বকেয়া মেটানোর ফলে সরকারের ওপর বাড়তি অর্থনৈতিক দায়িত্ব এসে পড়েছে।
এই পরিস্থিতিতে আপাতত স্নাতক এবং সরকারি ভোকেশনাল বা আইটিআই (ITI) ডিপ্লোমাকারীদের মাসে ২০০০ টাকা এবং নন-গ্র্যাজুয়েটদের মাসে ১৫০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের বক্তব্য অনুযায়ী, আগামী ১৫ মাস—অর্থাৎ ২০২৭ সালের ১২ মাস এবং ২০২৮ সালের প্রথম তিন মাস এই হারেই আর্থিক সহায়তা দেওয়া হবে। এরপর ২০২৮-২৯ আর্থিক বছর থেকে প্রতিশ্রুতি মতো ৩০০০ ও ২০০০ টাকা করে দেওয়া হবে। উল্লেখ্য, নতুন ব্যবস্থায় কেবল সাধারণ স্নাতকরাই নন, সরকারি ভোকেশনাল প্রশিক্ষণরত যুবক-যুবতীদেরও এই প্রকল্পের আওতায় যুক্ত করা হয়েছে।