Bangladesh Visa: বাংলাদেশে অশান্তির মধ্যেই ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত! | Bangladesh Visa Application Centres in Kolkata, Siliguri to Shut from December 1 - 24 Ghanta Bangla News
Home

Bangladesh Visa: বাংলাদেশে অশান্তির মধ্যেই ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত! | Bangladesh Visa Application Centres in Kolkata, Siliguri to Shut from December 1

Spread the love

Bangladesh Visa: বাংলাদেশে অশান্তির মধ্যেই ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত!

বাংলাদেশের ভিসাImage Credit: Tv9 Bangla

শিলিগুড়ি: ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে পারেন শেখ হাসিনা। তবে, তার মধ্যেই উত্তপ্ত বাংলাদেশ। জ্বলছে ওপার বাংলা। এরই মধ্যে এল বড় আপডেট। শিলিগুড়ি ও কলকাতায় বাংলাদেশের ভিসা সার্ভিস আপাতত বন্ধ হয়ে যাচ্ছে। ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রে আর কোনও কাজ হবে না। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে এই দুই কেন্দ্রের পরিষেবা। বাংলাদেশ সরকারের তরফে ভিসা সংক্রান্ত পরিষেবা পরিচালনার দায়িত্বে থাকা সংস্থার সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৭ নভেম্বর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার জন্য বাংলাদেশের সরকার এবং কলকাতার সংস্থার মধ্যে যে চুক্তি রয়েছে, তার মেয়াদ ৩০ নভেম্বর শেষ হচ্ছে। নতুন করে সেই চুক্তি নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

১ ডিসেম্বর থেকে কোথায় জমা পড়বে ভিসার আবেদন?

বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ৩০ নভেম্বরের পর কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্রে আর আবেদন জমা না দিতে। নতুন ভিসা আবেদন কেন্দ্র কোথায় চালু হবে এবং কোন সংস্থা সেগুলি পরিচালনা করবে, তা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ, আপাতত নতুন কেন্দ্রের ঠিকানা বা আবেদন জমা দেওয়ার বিকল্প ব্যবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি। নতুন সংস্থার সঙ্গে চুক্তি এবং পরবর্তী নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আবেদনকারীদের অপেক্ষা করতে হবে।

এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়তে পারেন ভারত-সহ বিভিন্ন দেশের সেই সমস্ত মানুষ, যাঁরা কলকাতা ও শিলিগুড়ির কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ যাওয়ার ভিসার আবেদন করেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের বহু মানুষের বাংলাদেশে আত্মীয়স্বজন রয়েছেন। পূর্বপুরুষের ভিটে দেখতে কিংবা আত্মীয়দের সঙ্গে দেখা করতে অনেকেই নিয়মিত বাংলাদেশে যান। পাশাপাশি পর্যটনের উদ্দেশ্যেও প্রতিবেশী দেশে যাতায়াত করেন অনেকে।

কলকাতার সল্টলেকে ২০২১ সালে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের কাজ শুরু হয়েছিল। অন্যদিকে, শিলিগুড়ির সেবক রোডে কেন্দ্রটি চালু হয় ২০২২ সালে। এতদিন এই দুই কেন্দ্র থেকেই বাংলাদেশে যাওয়ার ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের কাজ চলত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *