Anant Singh’s Daughter Marriage:গরম গরম তৈরি হচ্ছে ৫০ লাখ গোলাপজাম! ‘ছোটে সরকারে’র মেয়ের বিয়েতে আসবেন ৪ লক্ষ অতিথি, কী কী আছে মেনুতে, জানেন? | 50 Lakh Gulab Jamun, What 4 Lakh Guest will Eat at Bihar MLA Anant Singh’s Daughter Marriage
বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়ে।Image Credit: TV9 বাংলা
পটনা: লাগানো হয়ে গিয়েছে বিশালাকার তাঁবু, সারাক্ষণ রান্না হচ্ছে বিশাল উনুনে। এমনকী হাইওয়ের পাশে হেলিপ্যাডও তৈরি করা হয়েছে। ভিভিআইপি আসবে বলে কথা। কারণ বিয়ে হচ্ছে বিধায়কের মেয়ের। এই বিয়ে বলিউডের কোনও বিয়েকেও হার মানাবে, এমনই তাঁর প্রস্তুতি।
বিয়েতে কখনও ঘোড়া দৌড়ের কথা শুনেছেন? বিহারের বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে তা-ই হতে চলেছে। আরও সব এমন জিনিস হবে, যা দেখে হয়তো টিভি সিরিয়ালের নির্মাতাও লজ্জায় পড়ে যাবেন। এলাকায় “ছোটে সরকার” নামে পরিচিত অনন্ত সিং। এমনিই যে তাঁর এই নামকরণ হয়নি, তা প্রমাণ করে দিচ্ছেন মেয়ের বিয়েতে।
বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গীর সঙ্গে বিয়ে হচ্ছে ঋষিকেশ কুমারের। পটনার লাডমা গ্রামে আগামী ২৫ নভেম্বর এই বিয়ের অনুষ্ঠান হবে। আজ ছিল তাঁদের গায়ে হলুদ। তাঁর জন্যই যা তোড়জোড়, তাতে অনেক বড় বড় বিয়েবাড়িও হার মানবে।
কী কী প্রস্তুতি-
১০০ ফিটের তাঁবু খাটানো হয়েছে বিয়ের অনুষ্ঠানের জন্য। সবার সামনেই তৈরি হচ্ছে গরম গরম গোলাপজাম বা গুলাপ জামুন। তাও আবার ১০০ জন বা ৫০০ জনের জন্য নয়, তৈরি হচ্ছে ৫০ লাখেরও বেশি গোলাপজাম। এতে তো একটা বা দুটো গ্রামকে খাওয়ানো হয়ে যাবে! আসলে বিয়েতে আমন্ত্রিত হয়েছেন চার লক্ষ অতিথি। তাদের জন্য ১৫০টিরও বেশি পদ রান্না করা হবে। সেখানে লিট্টি-চোখা, পুরি-সবজি, পোলাও, ডাল, সবজি, তন্দুরি রুটি, নান থেকে শুরু করে শাহি কোফতা, পনিরের বিভিন্ন পদ, ডাল মাখানি ও কাশ্মীরি পোলাও-র আয়োজন করা হবে।
এছাড়াও নানা মিষ্টি, দই, রসগোল্লা, দেশি ঘিয়ের মালপোয়া, বালুশাহি, সিলাও খাজা, কাজু বরফি থাকছে মেনুতে।
অনন্ত সিংয়ের সহযোগী কানহাইয়া সিং জানিয়েছেন, শুধু অতিথিদের খাবার তৈরির জন্যই ১২টি আলাদা তাঁবু তৈরি করা হয়েছে। ১০ হাজার কেজির ট্যাঙ্কারে করে দুধ আসছে নানান মিষ্টি তৈরির জন্য।
বিয়ের অনুষ্ঠানে ঘোড়া দৌড়-
এই বিয়ের সবথেকে বড় আকর্ষণ হল ঘোড়া দৌড়। এর জন্য ১২ বিঘা জমি প্রস্তুত করা হচ্ছে। ঘোড়া দৌড়ে যে প্রথম হবে, তাকে এসইউভি গাড়ি পুরস্কার দেওয়া হবে। দ্বিতীয় পুরস্কার বাইক ও তৃতীয় পুরস্কার স্কুটার দেওয়া হবে। এছাড়াও মালাবদলের জন্য জয়পুরের একটি মহলের আদলে স্টেজ তৈরি করা হয়েছে। চিন থেকে আসছে ফুল।