রাস্তায় পড়ে লাল ব্যাগ, বোমাতঙ্ক ঝাড়গ্রাম শহরে
সাত সকালে রাস্তার মধ্যে পড়ে থাকা লাল রঙের একটি ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়াল ঝাড়গ্রামে। সোমবার সকালে ঝাড়গ্রাম শহরের শিব মন্দির সংলগ্ন কোর্ট রোড ঢোকার মুখেই ব্যাগটি পড়েছিল। শহরের ওই রাস্তা অত্যন্ত ব্যস্ত। সেখানে ওই ভাবে ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের অনেকেই ব্যাগে বোমা রাখা রয়েছে ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশকে খবর দেওয়া হয়, ঝাড়গ্রাম থানার পুলিশ গিয়ে ব্যারিকেড দিয়ে লাল রঙের ব্যাগটি ঘিরে ফেলে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। পরে বম্ব স্কোয়াডের আধিকারিকরা এসে ব্যাগটি উদ্ধার করে নিয়ে যায়।
কতটা গুরুত্বপূর্ণ ওই রাস্তা?
শিব মন্দির মোড় সংলগ্ন ঝাড়গ্রাম শহরে ২টি বাজার রয়েছে। একটি জুবিলি মার্কেট ও অন্যটি কোর্ট রোড। পাশেই রয়েছে ঝাড়গ্রাম জেলা আদালত। ঝাড়গ্রাম-বাঁকুড়া রাজ্য সড়ক থেকে শিব মন্দির মোড় হয়ে কোর্ট রোড দিয়ে প্রতিদিন বহু নিত্যযাত্রী যাতায়াত করেন। এই পথ দিয়ে ঝাড়গ্রাম রেল স্টেশনেও যাতায়াত করা হয়। সব সময়ে ভিড় থাকা এই রাস্তায় এ ভাবে ব্যাগ পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দা পার্থ যাদব বলেন, ‘ব্যাগটিকে ঘিরে অনেকেই আতঙ্কিত হচ্ছেন। পুলিশ-প্রশাসনের লোকজন এখানে এসেছেন, তাঁরা খতিয়ে দেখছেন’।
ঝাড়গ্রাম শহরে বোমা আতঙ্ক:
রাজ্যে যখন মাওবাদী কার্যকলাপের বাড়বাড়ন্ত ছিল। সেই সময়ে বার বার ঝাড়গ্রামের নানা জায়গায় বোমাতঙ্ক ছড়াত। অনেক সময়েই বোমা উদ্ধার হতো, আবার অনেক সময়ে ভুয়ো খবরও ছড়াত। মাওবাদী কার্যকলাপ শেষ হওয়ার পর থেকে জঙ্গলমহলে দীর্ঘদিন ধরে বোম উদ্ধারের ঘটনা সামনে আসেনি। কয়েক বছর আগে ঝাড়গ্রাম শহরে একটি অ্যাটাচিকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়িয়েছিল। পরে সেখান থেকে বোমা মেলেনি।