মোথাবাড়ি কাণ্ডে NIA-র জেরার মুখে সাবিনা, স্বামীকে নিয়ে হাজির প্রাক্তন মন্ত্রী

মালদহ: মালদহের মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখা ও হামলার ঘটনায় তদন্তের পরিধি বাড়াচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা। এবার তদন্তকারীদের প্রশ্নের জবাব দিতে কলকাতায় এনআইএ-র কার্যালয়ে গেলেন সুজাপুরের…
মালদহ: মালদহের মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখা ও হামলার ঘটনায় তদন্তের পরিধি বাড়াচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা। এবার তদন্তকারীদের প্রশ্নের জবাব দিতে কলকাতায় এনআইএ-র কার্যালয়ে গেলেন সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন। সোমবার তাঁর সঙ্গে হাজির হন স্বামী মেহবুব আলমও। দু’জনকে একই দিনে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা।
তবে তদন্তের মুখোমুখি হওয়ার আগেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সরব হন প্রাক্তন মন্ত্রী। সাবিনার বক্তব্য, মোথাবাড়িতে গোলমালের সময় তাঁর স্বামী ঘটনাস্থলে ছিলেন না। তাঁর নিজের ভূমিকাও ছিল পরিস্থিতি সামাল দেওয়ার। সাবিনার দাবি, নির্বাচনী কর্মসূচি শেষে ফেরার সময় জাতীয় সড়কে উত্তেজনা নজরে পড়ে। তখন গাড়ি থামিয়ে বিক্ষোভকারীদের সরানোর উদ্যোগ নিয়েছিলেন তিনি। ওই ঘটনার ভিডিও ফুটেজও রয়েছে বলে দাবি তাঁর। গোটা ঘটনার তদন্তে কেন্দ্রীয় সংস্থার পদক্ষেপের পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেও অভিযোগ করেন বিধায়ক।
প্রসঙ্গত, গত ১ এপ্রিল মালদহের মোথাবাড়িতে এসআইআরকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভোটার তালিকায় নাম বাদ পড়ার প্রতিবাদে একদল মানুষ কালিয়াচকের বিডিও অফিসে ঢুকে সেখানে কর্মরত বিচারকদের ঘেরাও করেন। দীর্ঘ সময় তাঁদের আটকে থাকার পর উদ্ধার করতে গেলে বিচারকদের গাড়ি লক্ষ্য করেও হামলা চালানোর অভিযোগ ওঠে। একই সময়ে ১২ নম্বর জাতীয় সড়কেও অবরোধ চলে। বিচারকদের উপর হামলা ও তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগের তদন্তভার পরে এনআইএ-র হাতে যায়।
তদন্তে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সংস্থাটি। দায়ের হওয়া ১২টি মামলার মধ্যে দু’টির তদন্তে চার্জশিট জমা পড়েছে। একটি মামলায় ২২ জন এবং অন্যটিতে একজনের নাম রয়েছে। সব মিলিয়ে ২৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগপত্রে খুনের চেষ্টা, সরকারি কর্মীদের কাজে বাধা, তাঁদের উপর আক্রমণ, হেনস্তা এবং বেআইনিভাবে আটকে রাখার মতো অপরাধের উল্লেখ রয়েছে।
এই অশান্তির ঘটনায় সাবিনা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগও সামনে এসেছিল। এর আগে ২৪ সেপ্টেম্বরও এনআইএ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। সেবার মালদহের কালিয়াচক থানায় যাওয়ার নির্দেশ থাকলেও স্বামীর চিকিৎসার কারণে কলকাতায় ছিলেন সাবিনা। ফলে কলকাতার এনআইএ দপ্তরেই হাজিরা দেন তিনি।
এবার স্বামীকে সঙ্গে নিয়ে ফের তদন্তকারীদের সামনে হাজির হলেন বিধায়ক। সূত্রের খবর, মোথাবাড়ির ঘটনার বিষয়ে দু’জনের বক্তব্যের মধ্যে কোনও অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তাঁদের একসঙ্গে বসিয়ে প্রশ্ন করতে পারেন এনআইএ আধিকারিকরা।
পশ্চিম মেদিনীপুরের বড় সিজুয়াতে হিলিং র নামে ধর্মান্তকরণ! মিশনারিদের আটক করল পুলিশ
১০ হাজার পুশব্যাক-৬ মাসেই শেষ হবে সীমান্তে কাঁটাতারের কাজ! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর