‘বিবিধের মাঝে দেখ মিলন মহান…’ ভারতের ভাষাগত বৈচিত্র্যে আপ্লুত পুতিন - 24 Ghanta Bangla News
Home

‘বিবিধের মাঝে দেখ মিলন মহান…’ ভারতের ভাষাগত বৈচিত্র্যে আপ্লুত পুতিন

Spread the love

নানা ভাষায় কথা বলেন ভারতীয়রা। তার মধ্যেই অটুট ভারতের ঐক্য। আর এই ভাষাগত বৈচিত্র্যে কথা শুনেই আল্পুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় তাঁর। সেই সময়েই এই ভাষাগত বৈচিত্র্যের কথা শুনে অবাক হয়েছিলেন তিনি। নিজেই জানিয়েছেন সেই কথা।

ভারতের লোকসংখ্যা দেড়শ’ কোটি ছুঁয়েছে। ভারতের কোনও নির্দিষ্ট জাতীয় ভাষা না থাকলেও সরকারি ভাষা হিসেবে হিন্দি ও ইংরেজি ব্যবহৃত হয়। আর, দেশের প্রায় ৬০ কোটি মানুষ কথা বলেন হিন্দিতে। বাকিরা কথা বলেন নিজের নিজের মাতৃভাষায়।

সেই কবে অতুলপ্রসাদ সেন লিখেছিলেন, ‘নানা ভাষা নানা মত, বিবিধের মাঝে দেখ মিলন মহান’। আর দেড়শ’ কোটির দেশে অবাক করা ভাষার বৈচিত্র্য কথা শুনে তাজ্জব হয়েছেন পুতিন।

ভারতের সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্যের প্রতি বরাবরই মুগ্ধ রাশিয়ার প্রেসিডেন্ট। সম্প্রতি রুশ সংবাদমাধ্যম ‘স্পুটনিক’-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। সেখানেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে নিজের সাম্প্রতিক একটি কথোপকথনের প্রসঙ্গ তুলে ভারতের ভাষাবৈচিত্র্যের ভূয়সী প্রশংসা করেন তিনি।

ওই সাক্ষাৎকারে পুতিন জানান, ভারতীয় সভ্যতা অনেক প্রাচীন এবং অত্যন্ত আকর্ষণীয়। এই বিষয়ে যত জানছেন ততই মুগ্ধ হচ্ছেন তিনি। ভারতীয় সংস্কৃতির মধ্যে এমন কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা থেকে শেখার অনেক কিছু আছে বলেও জানিয়েছেন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট জানান, মোদীর কাছে তিনি জানতে চেয়েছিলেন ভারতের সরকারি ভাষায় ঠিক কত মানুষ কথা বলেন? মোদী তাঁকে জানান প্রায় ৬০ কোটি মানুষ । আর দেশের জনসংখ্যা ১৫০ কোটি বলেও পুতিনকে জানান ভারতের প্রধানমন্ত্রী। তা শুনেই অবাক হন রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘দেশের জনসংখ্যার মাত্র এক-তৃতীয়াংশ সরকারি বা প্রধান ভাষায় কথা বলেন। বাকি দুই-তৃতীয়াংশ মানুষ নিজেদের ভাষায় কথা বলেন বলে আমাকে জানান মোদী। এটা কি অভাবনীয় নয়? এই কথা সত্যিই চমকে দেওয়ার মতো।’

উল্লেখ্য, ভারতে কোনও রাষ্ট্রভাষা নেই। হিন্দি ও ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে অসমীয়া, বাংলা, গুজরাটি, কন্নড়,, তামিল, তেলুগু, উর্দু এবং হিন্দি-সহ মোট ২২টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এর আগে, গত মাসেও ভালদাই ডিসকাশন ক্লাবে বক্তব্য রাখার সময় পুতিন ভারতকে ‘অনন্য, বৈচিত্র্যময় এবং ঐক্যবদ্ধ’ দেশ হিসেবে উল্লেখ করেছিলেন। ভারতের বিশালতা ও বৈচিত্র্য যে কাউকে মুগ্ধ করতে বাধ্য বলেও জানান তিনি। এরই সঙ্গে ভারতের ভাষাবৈচিত্র্যের কথা উল্লেখ করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *