রেলপথে জুড়বে রামজন্মভূমি ও সীতার জন্মস্থান, আজ মোদীর সঙ্গে বৈঠক নেপালের প্রধানমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

রেলপথে জুড়বে রামজন্মভূমি ও সীতার জন্মস্থান, আজ মোদীর সঙ্গে বৈঠক নেপালের প্রধানমন্ত্রীর

Spread the love

এই সময়: ক্ষমতায় বসার পরে এই প্রথম ভারত সফরে এলে‍ন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এই ঝটিতি সফরে দু’দেশের আঞ্চলিক ও অন্যান্য ইস্যু নিয়ে দুই রাষ্ট্রনায়কের মধ্যে বৈঠক হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তার মধ্যেই রবিবার ভারত–নেপাল রেলপথে রামজন্মভূমি ও সীতার জন্মস্থান জুড়ে যাওয়ার সিদ্ধান্তে মিলল অনুমোদন।

দু’দেশের রেল যোগাযোগ আরও মজবুত করতে নেপালের জনকপুরধাম থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা ক্যান্টনমেন্ট পর্যন্ত সাপ্তাহিক ট্রেন চালানোর অনুমোদন দিল ভারতীয় রেল। সীতার জন্মস্থান হিসেবে পূজিত জনকপুরধাম এবং রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা—দু’টি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রকে যুক্ত করবে এই পরিষেবা।

প্রায় ৬০৪ কিলোমিটার দীর্ঘ রুটে পাড়ি দেওয়ার সময়ে ট্রেনটি বিহার ও উত্তরপ্রদেশের একাধিক শহর ছুঁয়ে যাবে। ট্রেনটি দাঁড়াবে জয়নগর, মধুবনী, শিসো, সীতামারি, রক্সৌল, নরকটিয়াগঞ্জ, গোরক্ষপুর, বস্তি, মনকাপুর এবং অযোধ্যাধামে। রেল জানিয়েছে, জনকপুরধাম থেকে প্রতি শনিবার এবং অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে প্রতি সোমবার ট্রেনটি ছাড়বে। তবে যাত্রার সময়সূচি ও ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। নতুন পরিষেবায় দুই দেশের তীর্থযাত্রী ও পর্যটকদের যাতায়াত সুবিধাজনক হবে বলে মনে করছে রেল। রামায়ণ-ভিত্তিক পর্যটন সার্কিট গড়ে তোলার ক্ষেত্রেও এটি সহায়ক হতে পারে।

ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক, ঐতিহাসিক ও সামাজিক সম্পর্ক রয়েছে। আর এই রেল–প্রকল্পের মাধ্যমে যাত্রী পরিবহণের পাশাপাশি আঞ্চলিক পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনাও লক্ষ্য। অন্য দিকে, রবিবার সন্ধেয় ভারতে পৌঁছনোর পরেই উত্তরপ্রদেশের নিজস্ব সংস্কৃতির নাচে–গানে বালেনকে বরণ করে নেওয়া হয়। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

আজ, সোমবার মোদীর সঙ্গে আলোচনায় বসার কথা নেপালি প্রধানমন্ত্রীর। গত শুক্রবার প্রেস ব্রিফিংয়ের সময়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধী‍র জয়সওয়াল জা‍‍ন‍ান — দুই রাষ্ট্রনায়কের মধ্যে প্রযুক্তি, স্টার্ট–আপ বা গবেষণা ও খেলাধুলার বিষয়ে আলোচনা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *