পুলিশ হেফাজতে আত্মহত্যার চেষ্টা খুনে অভিযুক্তের, চাঞ্চল্য - 24 Ghanta Bangla News
Home

পুলিশ হেফাজতে আত্মহত্যার চেষ্টা খুনে অভিযুক্তের, চাঞ্চল্য

Spread the love

এই সময়, আরামবাগ: পুলিশ হেফাজতে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে খানাকুল থানায়। জানা গিয়েছে, কয়েকদিন আগে খানাকুলের কিশোরপুর এক নম্বর অঞ্চলে খুনকাণ্ডে মনসা রানাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তোলার পর আরামবাগ মহকুমা আদালতের বিচারক পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। রবিবার বেলার দিকে এই আত্মহত্যার চেষ্টা হয় বলে অভিযোগ ।

বিষয়টি নজরে আসতেই দ্রুত তাঁকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে হাসপাতালে কড়া পুলিশি নিরাপত্তায় রয়েছেন অভিযুক্ত।

স্থানীয় সূত্রে খবর, মনসা রানা মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন। অভিযুক্ত মনসা রানা ও কিশোরপুরের মৃতের পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিল। রবিবার পুলিশ হেফাজতে থাকাকালীন জানলার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। কিন্তু থানায় থাকা ডিউটি অফিসার ও অন্যান্য পুলিশ আধিকারিক দ্রুত তাঁকে উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজে নিয়ে যান। চিকিৎসা শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত চিকিৎসাধীন রয়েছেন।

এই বিষয়ে হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কুনওয়ার ভূষণ সিং বলেন, ‘অভিযুক্ত ট্রমায় ছিলেন। আত্মহত্যার চেষ্টা করেন। তবে বর্তমানে বিপদের বাইরে। আমরা বিষয়টার উপর নজর রাখছি।’ এই ঘটনায় পুলিশি হেফাজতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় মানুষ পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন। প্রশ্ন উঠেছে থানার ওসি–কে নিয়েও। তিনি কোনও খবরই রাখেন না বলে অভিযোগ একাধিক মানুষের।

এই নিয়ে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, ‘শুনেছি। বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন উনি। পুলিশকে আরও সতর্ক থাকতে হবে। কর্তব্যে গাফিলতি থাকাটা মোটেই কাম্য নয়। আমরা দেখছি, কোথায় ত্রুটি ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *