‘আমার চার বছরের হিসেব দেব, আগের জমানারও চাই…’, প্রফুল-ভাইচুংকে পাল্টা চ্যালেঞ্জ কল্যাণের
ভাইচুংয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন কল্যাণ গোষ্ঠীর
দু’দিন আগে প্রাক্তন ভারতীয় তারকা ভাইচুং ভুটিয়া সহ ১৫ জন প্রাক্তন ফুটবলার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যকে চিঠি দিয়ে কল্যাণকে অপসারণের দাবি জানিয়েছিলেন। এ ব্যাপারে কল্যাণ গোষ্ঠীর পাল্টা তোপ দেগেছে। সমাজমাধ্যমে তারা লিখেছে, ভাইচুং তো কল্যাণের নেতৃত্বাধীন কমিটিতে গত চার বছর ধরে আছেন। তা হলে কল্যাণ যে কাজগুলো করার জন্য সমালোচিত হচ্ছেন, সেই কাজগুলোকে কেন আটকাননি ভাইচুং।
সবচেয়ে বড় কথা, ভাইচুং জানিয়েছেন, কল্যাণ জমানায় ভারতীয় ফুটবল তলিয়ে যাচ্ছে। কিন্তু প্রফুল জমানায় ভাইচুংই ছিলেন ভারতীয় ফুটবলের টেকনিক্যাল কমিটির প্রধান। ২০১৫ সালে FIFA র্যাঙ্কিংয়ে ভারত সবচেয়ে খারাপ জায়গা ১৭৩ নম্বরে নেমে গিয়েছিল।
আগামী দিনে নিজের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি কল্যাণ প্রকাশ করতে চাইছেন প্রফুল ও ভাইচুংদের ভুলত্রুটিগুলো। তবে এখনও পরিষ্কার নয়, কল্যাণ এ বার নির্বাচনে লড়তে পারবেন কিনা। ৩০ নভেম্বর নির্বাচন কমিটির ভোটার তালিকা প্রকাশ হলেই তা পরিষ্কার হওয়ার সম্ভাবনা।