Malda News: টাকা না দিলেই বন্দুক দেখিয়ে প্রাণে মারার ‘হুমকি’, আকাশের ‘দাদাগিরি’-তে অতিষ্ট মালদহের বাসিন্দারা | Malda Extortion Threat: Akash Mondal Accused of Demanding Rs 20 Lakh at Gunpoint
অভিযুক্ত আকাশImage Credit: Tv9 Bangla
মালদহ: পিস্তল দেখিয়ে ২০ লক্ষ টাকা দাবি! টাকা না দিলেই প্রাণে মেরে ফেলার ‘হুমকি’। কখনও ভিডিয়ো কল, কখনও এসএমএস—অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে এভাবেই এলাকায় আতঙ্ক ছড়াচ্ছেন আকাশ মণ্ডল। অভিযোগ, তোলাবাজি থেকে জমি কেনাবেচা, সবেতেই নাকি তাঁর অনুমতি প্রয়োজন! আর তাঁর ভয়ে সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হতেও সাহস পাচ্ছেন না সাহাপুর ও লক্ষ্মী কলোনির বহু মহিলা। এমনই অভিযোগ উঠে আসছে। শুধু তাই নয় পুরাতন মালদহের এই বাসিন্দার বিরুদ্ধে তোলাবাজি, খুন-সহ প্রায় ৫০টি মামলা রয়েছে বলে অভিযোগকারীদের দাবি। এত অভিযোগের পরেও কীভাবে পুলিশের নাগালের বাইরে রয়েছেন, তা নিয়েই উঠছে প্রশ্ন।
একসময় তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ ছিলেন এই আকাশ মণ্ডল। অভিযোগ, পুরাতন মালদহের থানার সাহাপুর এলাকায় দীর্ঘদিন ধরেই নিজের ‘দাদাগিরি’ চালাচ্ছেন। এলাকায় কেউ বাড়ি তৈরি করতে গেলে কিংবা জমি কিনতে বা বিক্রি করতে গেলেও তাঁকে মোটা অঙ্কের টাকা দিতে হয় বলে অভিযোগ। দাবি মতো টাকা না দিলেই শুরু হয় হুমকি ও ভয় দেখানো। কখনও সরাসরি, আবার কখনও ভিডিয়ো কল কিংবা এসএমএসের মাধ্যমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এমনকী নিজের কাছে থাকা একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজের ছবি পাঠিয়েও ভয় দেখানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
পুলিশের দ্বারস্থ হয়েছেন স্থানীয় ব্যবসায়ী কমল ঘোষ। আকাশ মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে পুলিশ সুপারের কাছে নিরাপত্তা ও দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। কমল ঘোষের অভিযোগ, তাঁর কাছেও মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। সেই টাকা দিতে অস্বীকার করায় ভিডিয়ো কল ও এসএমএসের মাধ্যমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তিনি নন, গোটা এলাকার মানুষই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে দাবি তাঁর।
অন্যদিকে, এলাকার মহিলারাও প্রকাশ্যে মুখ খুলেছেন। তাঁদের অভিযোগ, আকাশ মণ্ডলের ভয়ে সন্ধ্যার পর কার্যত ঘরবন্দি থাকতে হচ্ছে। কখন কী বিপদ ঘটে, সেই আশঙ্কাতেই দিন কাটছে। প্রশাসনের কাছে দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।
এই ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী জুয়েল মুমু। তিনি বলেন, “আমাদের সরকার যখন শেখ শাহজাহানকে জব্দ করতে পেরেছে, সেখানে আকাশ মণ্ডল কোন ছাড়! বন্দুক দেখিয়ে মানুষকে হুমকি দেওয়ার সাহস কোথা থেকে পাচ্ছে? পুলিশ প্রশাসনকে জানিয়ে দিতে চাই, বিজেপি চুড়ি পরে বসে নেই। পুলিশ সুপার থেকে আইজি, সকলকেই বিষয়টি জানানো হয়েছে।
মালদu থানার আইসিকে উদ্দেশ্য করেও কড়া বার্তা দিয়েছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, কার কাছ থেকে টাকা তোলা হচ্ছে এবং কারা এই তোলাবাজির পিছনে মদত দিচ্ছেন, তা খুঁজে বের করতে হবে। এলাকায় নজরদারি বাড়িয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে।
অন্যদিকে, মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, আইন অনুযায়ী আকাশ মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার, অভিযোগের ভিত্তিতে পুলিশ কত দ্রুত পদক্ষেপ করে এবং এলাকার বাসিন্দাদের আতঙ্ক কাটাতে কী ব্যবস্থা নেওয়া হয়।