CM Suvendu Adhikari: সিঙ্গুরে ফের শিল্প! জমির ব্যবস্থা কীভাবে? পরিকল্পনা জানালেন শুভেন্দু | Industry Returns to Singur: CM Announces Direct Land Purchase from Farmers, Talks with Ashok Leyland - 24 Ghanta Bangla News
Home

CM Suvendu Adhikari: সিঙ্গুরে ফের শিল্প! জমির ব্যবস্থা কীভাবে? পরিকল্পনা জানালেন শুভেন্দু | Industry Returns to Singur: CM Announces Direct Land Purchase from Farmers, Talks with Ashok Leyland

Spread the love

CM Suvendu Adhikari: সিঙ্গুরে ফের শিল্প! জমির ব্যবস্থা কীভাবে? পরিকল্পনা জানালেন শুভেন্দু

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla

কলকাতা:  হুগলির সিঙ্গুরে ফিরছে শিল্প। এ ব্যাপারে ভারী বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা অশোক লেল্যান্ডের সঙ্গে কথা হয়েছে। কিন্তু শিল্পের জন্য জমি? স্বাভাবিকভাবেই সে প্রশ্ন উঠছে। নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সে প্রশ্নেরও উত্তর দিলেন। জমি আসবে কোথা থেকে? মুখ্যমন্ত্রী জানালেন, শিল্পের জন্য জমি কেনা হবে চাষিদের কাছ থেকেই। কী বললেন মুখ্যমন্ত্রী?

সিঙ্গুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “সিঙ্গুরে কথা বলছি। জমি কিনছি আমরা। কাকে দেবো দেখতে পাবেন। সিঙ্গুরে বড়ো কিছু হবে, শিল্পের নাম আসবে। ওই জমিতে কিছুই করতে পারছেন না জমির মালিকরা। তাই তাদের কাছে ঠিক দাম দিয়ে জমি কিনতে চাইছি।” তিনি আরও জানান, কৃষকরা আগে ক্ষতিপূরণ পেয়েছেন এবং ২০১৬ সালে ফের বিষয়টি এসেছে, আর এবার সরকার সঠিক দাম দিয়ে জমি কিনতে চাইছে। WBIDC এর মাধ্যমে ৯৯৭ একর জমি রাজ্য সরকার সিঙ্গুরে কিনছে বলে জানান তিনি।

শুধু সিঙ্গুর নয়, রাজ্যের অন্যান্য এলাকাতেও জমি কেনার পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, সোলার পাওয়ারের জন্য পুরুলিয়াতে জমি কেনা হচ্ছে এবং ভাঙড় এলাকাতেও কেউ স্বেচ্ছায় জমি দিলে তা কেনা হবে। পাশাপাশি নিউটাউন এলাকা সম্প্রসারণের কথা জানিয়ে তিনি বলেন, সেখানে আদানি কাজ করছে। এ ছাড়া বিধানসভা ও হাইকোর্ট মিলিয়ে একটি বড় ক্যাম্পাস তৈরির জন্য জমি নেওয়া হচ্ছে, যেখানে নতুন বিধানসভা ভবন এবং হাইকোর্ট লাগোয়া আইনজীবীদের থাকার ব্যবস্থা থাকবে। এর জন্য ৯৭ একর জমি নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে এবং ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে।

উল্লেখ্য, ২০০৬ সালের বিধানসভা নির্বাচনের পর তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে টাটা গোষ্ঠীর ‘ন্যানো’ প্রকল্পকে কেন্দ্র করে সিঙ্গুরে শিল্পায়নের উদ্যোগ শুরু হয়েছিল। কিন্তু তিন ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরে শেষ পর্যন্ত সিঙ্গুর ছাড়ে টাটা গোষ্ঠী। ২০১১ সালে ক্ষমতায় এসে অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিলেও, সেই জমিতে চাষবাস করা সম্ভব হয়নি বলেই অভিযোগ ওঠে, কারণ জমি আর চাষের উপযুক্ত ছিল না। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বামেদের সিঙ্গুর আর নন্দীগ্রামে গুলি চালিয়ে জমি নেওয়ার যে চেষ্টা করেছিল আমরা তার পরিপন্থী। আবার আগের সরকার যেভাবে শিল্পপতিদের বলেছিল জমি লাগলে আপনি খুঁজে নিন, আমরা তারও বিরোধী। সরকার জমি কিনে শিল্পপতিদের দেবে।”

গত বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা এবং তার পাল্টা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পর সিঙ্গুর আসনে শাসকদলের প্রার্থী পরাজিত হন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সিঙ্গুরের ভবিষ্যৎ নিয়ে শিল্পমহলে কৌতূহল তৈরি হয়।  রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শিল্পমহলের নজর ছিল তাই সিঙ্গুরের দিকেই। আগে শিল্পমন্ত্রী তাপস রায় সিঙ্গুর নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানালেও, এবার খোদ মুখ্যমন্ত্রীর বক্তব্যে সিঙ্গুরে নতুন শিল্পায়নের সম্ভাবনা আরও জোরালো হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *